দল নির্বাচনে আরও যাঁরা থাকবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রিকেট দল নির্বাচন করার কথা নির্বাচকদের। কিন্তু আমরা, অর্থাৎ ক্রিকেটপ্রেমীরা কম যাই না। দল নির্বাচনে আমাদের পাণ্ডিত্যের অভাব নেই। ফেসবুকে বসলেই দেখা যায় মন্তব্যের বাহার! তো এই ফেসবুকারদের মধ্য থেকে কি কেউ দল নির্বাচনের কাজে যুক্ত হতে পারেন না? কিংবা অন্য পেশাজীবীরা? ভেবেছেন আহাদ আদনান
.
.

কারওয়ান বাজারের টংয়ের চায়ের দোকানদার
তামিম দেখেশুনে খেললে তাঁর মতে ‘ঘুমপাড়ানি গান’, আর পিটিয়ে খেললে ‘ম্যাগি নুডলস রান্না’।
কখন কীভাবে ব্যাট করতে হবে,
এ বিষয়ে তাঁর অগাধ জ্ঞান। দল নির্বাচন তো দুধভাত।

মডেল কুহু কুহু
খেলা চলাকালীন বিভিন্ন টক শোতে তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায়। ‘মোস্তাফিজের মতো স্পিনার’ কিংবা ‘মিরাজের মতো পেসার’ কীভাবে বল করতে পারেন, এ বিষয়ে তাঁর বিশেষ পরামর্শ ‘ডিয়ার ভিউয়ার্স’দের হাসির খোরাক জোগায়।

শিল্পী বাকবাকুম

এই বিশিষ্ট শিল্পী বিভিন্ন এফএম রেডিও চ্যানেলে খেলার ধারাবিবরণীতে তাঁর ক্রিকেট-মেধা জাহির করতে ভালোবাসেন। কীভাবে চুল আঁচড়ালে মাশরাফি টসে জিতবেন, সাকিব দাড়ি কতটুকু ট্রিম করলে সেঞ্চুরি করবেন, এসব নিয়ে তাঁর ‘থিসিস’ করা আছে।

জনৈক ফেসবুকার
নিউটনের চতুর্থ সূত্রমতে, ফেসবুকে সুসময়ে যে যত বেশি ‘টাইগার’, ‘প্রাউড অব ইউ’ বলে চ্যাঁচায়, খারাপ সময়ে সে ততই কুৎসিত মন্তব্য আর গালাগাল দেয়। তখনই প্রকাশ পায় তার দল নির্বাচন করার সুপ্ত প্রতিভা।