দল বেঁধে যেতেন মিছিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ আলী জিন্নাহ কী বলতে পারেন তাঁর বক্তৃতায়? ভারতবর্ষ ভেঙে তত দিনে দুটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছে। পাকিস্তান আর ভারত। পাকিস্তান আবার পূর্ব ও পশ্চিম, দুভাগে বিভক্ত। ১৯৪৮ সালের ১৯ মার্চ জিন্নাহ এসেছিলেন ঢাকায়। ভাষা-প্রশ্নে জিন্নাহ কী বলেন, তা শোনার জন্য সবাই ছিল উদগ্রীব।জিন্নাহ কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর কথাই ঘোষণা করলেন তাঁর ২১ মার্চে দেওয়া বক্তৃতায়। বক্তৃতাস্থল রেসকোর্সেই শোনা গেল ‘নো, নো’ ধ্বনি। সেই ধ্বনিই সঞ্চারিত হলো সারা বাংলায়।সেই ভাষণের কথা শোনার পরই যাঁরা বেরিয়ে এসেছিলেন রাজপথে, তাঁদেরই একজন সাহেরা ভানু। ‘জিন্নার ভাষণ শুইনা ছাত্রছাত্রীরা রেসকোর্স ময়দান থেইকাই প্রতিবাদ মিছিল বের করে, আমরা হোস্টেলের মেয়েরা দল বাইন্দা মিছিলে গেছি।’ বললেন তিনি। এখন বয়সের ভারে নুয়ে পড়েছেন সাহেরা ভানু। সেই ১৯৪৮ সালে তিনি ঢাকার সেগুনবাগিচার জিটি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকতার প্রশিক্ষণ নিচ্ছিলেন। ভাষা আন্দোলনের উন্মাদনা তাঁকেও গ্রাস করেছিল।‘আপনার মনে আছে, সেদিন আপনার সঙ্গে আর কারা অংশ নিয়েছিলেন বিক্ষোভ মিছিলে?’সাহেরা ভানু একটু ভেবে বলেন, ‘সেদিন আমার সাথে ছিলেন আমেনা, ফজিলুতন্নেসা, হিরন, জমিলা। আরও কয়েকজন খ্রিষ্টান মেয়ে ছিল, নাম মনে নাই।’রাষ্ট্রভাষা আন্দোলন চলছিলই। ’৪৮, ’৪৯, ’৫০ ও ১৯৫১ সাল পর্যন্ত অনেকবার রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার মিছিল হয়েছে। সাহেরা ভানু সেসব মিছিলে সক্রিয় অংশগ্রহণ করেছেন। ঢাকাতেই একটি স্কুলে শিক্ষকতা করছিলেন। কিন্তু হঠাৎ ১৯৫১ সালে শ্বশুর অসুস্থ হয়ে পড়লে তিনি গাজীপুরের কালীগঞ্জের চুপাইর গ্রামে ফিরে যান। স্বামীর উৎসাহ ও সহযোগিতায় নিজ বাড়িতে মাত্র ছয়জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠা করেন মেয়েদের শিক্ষালয়। শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে কালীগঞ্জের চুপাইর গার্লস হাইস্কুল নামে পরিচিত। পাশাপাশি চুপাইর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন তিনি।সাহেরা ভানুর জন্ম ১৯৩২ সালের ২০ অক্টোবর। কালীগঞ্জের মেন্দিপুর গ্রামে। এখন থাকেন টঙ্গীর আউচপাড়ায় সাকিল সরণির বাড়িতে। মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে চুপাইর মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করেন। পরে স্বামী মমতাজ উদ্দিন আহমেদের উৎসাহে সেগুনবাগিচার জিটি ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত হন, সে কথা তো আগেই বলা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় সেবিকার কাজ করেছেন তিনি।রত্নগর্ভা সাহেরা ভানুর তিন ছেলে ও পাঁচ মেয়ে। তাঁর আটজন সন্তানই উচ্চশিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত। বড় ছেলে সুলতান মহিউদ্দিন আবদুল কাদের বিএসসি প্রকৌশলী, দ্বিতীয় আবদুল মোনায়েম স্নাতকোত্তর, ব্যবসা করেন। ছোট লুৎফর রহমান ঊর্ধ্বতন সহকারী সচিব, বড় মেয়ে নুরজাহান বেগম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, দ্বিতীয় মাসুমা আখতার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, তৃতীয় হাসিনা আফরিন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর (পরিদর্শক), চতুর্থ মাহমুদা সুলতানা পুবাইল বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক, পঞ্চম শামিমা সুলতানা টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা। ভাওয়ালের ইতিহাস গ্রন্থের প্রণেতা ও গাজীপুর সরকারি কলেজের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাহেরা ভানু সম্পর্কে বলেন, তিনিই গাজীপুরের সর্বপ্রথম নারী শিক্ষিকা। ভাষা আন্দোলন ও শিক্ষায় অবদানের জন্য গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হয়েছে।