সোনাদিয়া দ্বীপের ধু-ধু বালুচরের নিচে সূর্যতাপে জন্ম ওদের। এরপর পার হলো তিন দিন। বুধবার বেলা দুইটায় একটার পেছনে আরেকটা লাইন ধরে ৭২১টি কচ্ছপছানা নেমে গেল বঙ্গোপসাগরে। এর আগে গত কয়েক দিনে সমবয়সী কচ্ছপের আরও ৫২২টি বাচ্চা সমুদ্রে অবমুক্ত করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মেরিন লাইফ এলায়েন্স’।মেরিন লাইফ এলায়েন্সের সোনাদিয়া গ্রামের কাছিম সংরক্ষক দলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, তাঁরা গত বছরের ১৫ ডিসেম্বর থেকে চলতি সালের ৩০ মার্চ পর্যন্ত মহেশখালীর সাগরদ্বীপ সোনাদিয়ার বালুচর থেকে প্রায় আট হাজার ডিম সংগ্রহ করে একটি হ্যাচারিতে সংরক্ষণ করেন। এসব ডিম পেড়েছিল গভীর সাগর পাড়ি দিয়ে আসা ৬৩টি মা কচ্ছপ। প্রতিটি কচ্ছপ ১০০ থেকে ১৬০টি পর্যন্ত ডিম দেয়।গিয়াস উদ্দিন জানান, প্রায় আট হাজার ডিম থেকে এ পর্যন্ত এক হাজার ২৪৩টি বাচ্চা ফুটেছে। এসব বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ডিম থেকেও শিগগিরই বাচ্চা ফুটবে।পরিবেশ অধিদপ্তরের সহযোগী সংস্থা নেকমের মাধ্যমেও সোনাদিয়ায় আরেকটি হ্যাচারি পরিচালিত হচ্ছে। এই হ্যাচারিতেও প্রায় সাত হাজার কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছে। ইতিমধ্যে কয়েক শ বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) মহেশখালী উপজেলা জীববিদ সংরক্ষক কর্মকর্তা আবদুল কাইয়ুম জানান, ২ এপ্রিল কক্সবাজার ও টেকনাফ সৈকত থেকেও তিন দিন বয়সী এক হাজার ৪৬টি কচ্ছপের বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছিল। সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু বিবর্তন অভিযোজন (সিবিএইসিএ) প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর ও নেকম কক্সবাজার সমুদ্রসৈকতের ছয়টি স্থানে কচ্ছপের ডিম সংগ্রহ করছে।বর্তমানে ওইসব হ্যাচারিতে প্রায় ১৮ হাজার ডিম সংরক্ষিত রয়েছে। কিছুদিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা বেরোবে। নেকমের জেলা মাঠ ব্যবস্থাপক মো. শফিকুর রহমান জানান, শত শত মাইল সমুদ্র পাড়ি দিয়ে মা কচ্ছপগুলো সোনাদিয়া, নাজিরারটেকসহ বিভিন্ন সৈকতে ডিম দিতে আসে। কিন্তু সৈকতের লোকজনের হইচই ও নানা প্রতিবন্ধকতার কারণে বহু কচ্ছপ ডিম না দিয়ে সাগরে ফিরে যায়। আবার বালুচরে ডিম দিলে শেয়াল, কুকুর, গুইসাপ খেয়ে ফেলে। এসব প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।