দলবেঁধে কনসার্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সময় অনেক তরুণই দলবেঁধে কনসার্টে যাচ্ছেন।
এ সময় অনেক তরুণই দলবেঁধে কনসার্টে যাচ্ছেন।

সন্ধ্যার ছুঁই ছুঁই সময়, কিন্তু আলোর কোনো কমতি নেই। জ্বলে উঠেছে রংবেরঙের আলো। চারপাশে হইহুলোড়, সেই সঙ্গে উন্মাতাল সুরের ঝংকার। ঠিক সামনেই কয়েক হাত দূরেই মঞ্চের ওপরে প্রিয় ব্যান্ডশিল্পী। সঙ্গে যদি থাকে প্রিয় বন্ধুরাও তাহলে আনন্দের জোয়ার তো সব বাঁধ ভাঙতে বাধ্য। গানের তালে তালে নাচতে নাচতে কখন সময় চলে যায় বোঝাই যায় না।
দেশের কোনো ব্যান্ড, পছন্দের গায়ক কিংবা নায়ক যা-ই হোক না কেন তাতে যেন যাওয়া চাই।
জমকালো আলোকসজ্জা আর আকাশ কাঁপানো সুরের তালে আড্ডার সুযোগ কি এত সহজে ফেলা যায়। চারুকলার বকুলতলার কনসার্ট হোক কিংবা অনেক কষ্ট করে টিকিট জোগাড় করে বড় কোনো তারকার কনসার্টই হোক, তরুণদের আপত্তি নেই কিছুতেই। সবটাতেই তরুণদের উৎসাহের কমতি নেই।
কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণেরা তো বটেই, চাকরিজীবী তরুণেরাও অফিস শেষে কিংবা ছুটির দিনগুলোতে ছুটে যায় প্রিয় তারকাকে কয়েক গজ সামনে সরাসরি দেখার জন্য!
চারুকলার বকুলতলায় জলের গানের কনসার্ট দেখতে আসা তরুণ রাফির সঙ্গে কথা হলো।
তিনি বলেন, ‘যেকোনো স্টেজ শো বা কনসার্টে গান শোনার অনুভূতিটাই আলাদা। পুরো সন্ধ্যাটাই স্মৃতিতে অন্যভাবে গাঁথা হয়ে যায়। বন্ধুরা সঙ্গে থাকলে আড্ডাটাও হয় জমজমাট। কনসার্টটা জলের গানের হলে কোনোভাবেই মিস করি না।’
তরুণদের পছন্দের তালিকায় ব্যান্ডের কনসার্টগুলোই শীর্ষে থাকে সব সময়। আর্টসেল, ওয়ারফেজ, অর্থহীন, এলআরবি, মাইলস, সোলস এসব প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি নতুন ব্যান্ডগুলোও তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়।

কনসার্টে তারুণ্যের চেনা রূপ
কনসার্টে তারুণ্যের চেনা রূপ

আরেক তরুণ সৈকত যেমন বললেন নিজের অনুভূতির কথা, ‘হেডফোনে গিটারের মিউজিক শোনার সঙ্গে চোখের সামনে আইয়ুব বাচ্চুকে গিটার বাজাতে দেখার কোনো তুলনাই হয় না। লাইভ কনসার্টে যে প্রাণচাঞ্চল্যটা অনুভব করা যায় তা অন্য কিছুতে পাওয়া সম্ভব না।’
অনেক সময় আবার গান পছন্দের হলো নাকি অপছন্দের, শিল্পী কি প্রিয় না অপ্রিয়, এগুলোও গৌণ বিষয় হয়ে ওঠে। দর্শকসারির ঠিক পেছনে দেখা যায় জটলা হয়ে কিছু তরুণ নিজেদের মতোই নাচছে, যেন কনসার্টের ভেতর আরও এক কনসার্ট! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপা বললেন এমনটাই, ‘কনসার্টের রঙিন সন্ধ্যাগুলোর মতো আনন্দময় মুহূর্ত খুব
কমই আসে। তাই সবকিছু ছাপিয়ে হইহুল্লোড়, আনন্দের মধ্য দিয়ে কিছু সময় কাটানোটাই আসল।’