দলবেঁধে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণেরা মিলে দল গঠন করে খেলছে ক্ল্যাশ অব ক্ল্যানস গেম। মডেল: রাহুল, রাইদা ও ​িদ​না। ছবি: অধুনা
তরুণেরা মিলে দল গঠন করে খেলছে ক্ল্যাশ অব ক্ল্যানস গেম। মডেল: রাহুল, রাইদা ও ​িদ​না। ছবি: অধুনা

‘গবলিন আগে পাঠিয়ে দে।’
‘ড্রাগন দিয়ে অ্যাটাক কর।’
‘এ পাশ দিয়ে বেলুন ছাড়!’
চায়ের দোকানের একপাশে জোটবেঁধে উচ্চ স্বরে কথাগুলো বলছিল চার-পাঁচজন তরুণ। আশপাশের মানুষ যে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে, সেদিকে তাঁদের ভ্রুক্ষেপ নেই। ‘বারবারিয়ান’, ‘আর্চার’, ‘টাউন হল’ শব্দগুলোর মানে এই তরুণেরা ছাড়া বাকিরা ঠিক বুঝে উঠতে পারেন না। ভাবেন, নিশ্চয়ই হুলুস্থুল কোনো ঘটনা ঘটে গেছে। কে বলবে, এত উত্তেজনা-রোমাঞ্চ মোবাইল ফোনের সামান্য একটা গেমকে ঘিরে!
সামান্য?! ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’কে সামান্য বললে এই খেলার ভক্তরা খেপে গিয়ে ‘ড্রাগন অ্যাটাক’ দিয়ে বসতে পারে! গুগল অ্যাপ স্টোরে ‘টপ গ্রসিং’ (সবচেয়ে বেশি বিক্রিত) গেমের তালিকায় যে খেলা এক নম্বর স্থানে আছে, তাকে ছোট করে দেখার সুযোগই নেই। ভক্তরা আদর করে ডাকেন ‘সিওসি’। সারা বিশ্বেই ক্ল্যাশ অব ক্ল্যানস এখন বিপুল জনপ্রিয়।
চীনে এক জরিপে দেখা গেছে, দেশটির গেম খেলুড়েদের মধ্যে ৪৭ শতাংশ এই খেলার ভক্ত। বাংলাদেশে এমন কোনো জরিপ হয়নি। তবে কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা ফেসবুকের হোমপেজে ঢুঁ মারলেই বোঝা যায়, এ দেশের তরুণেরাও ভুগছে সিওসিজ্বরে।
খেলাটা কীভাবে খেলে? মজাটাই বা কোথায়? জানতে চাই একজন সিওসি-ভক্ত বায়েজিদ সিদ্দিকীর কাছে। ‘এটা মূলত একটা অনলাইন স্ট্র্যাটেজিক খেলা। কয়েকজন গেমার মিলে একটা ‘ক্ল্যান’ (গোত্র) তৈরি করে। এদের মধ্যে একজন দলনেতা থাকে, সহ-দলনেতা থাকে আর থাকে সদস্য। অন্য ক্ল্যানকে আক্রমণ করে নিজের দলটাকে শক্তিশালী করতে হয়।’ বায়েজিদ জানালেন, কয়েকজন বন্ধু মিলে তাঁরাও একটা দল তৈরি করেছেন। বন্ধুরা সবাই-ই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন, তবু সিওসির নেশা তাঁদের ভালোমতোই পেয়ে বসেছে। সবাই একসঙ্গে হলে কিংবা ফেসবুক চ্যাটিংয়ে দিনরাত চলে তাঁদের পরিকল্পনা। কীভাবে দলটাকে আরও শক্তিশালী করা যায়, কীভাবে শত্রুপক্ষের রণভাগ গুঁড়িয়ে দেওয়া যায়, এই নিয়ে রীতিমতো জরুরি সভা বসে! কয়েকজন মিলে খেলা হয়, তাই মজাটাই অন্য রকম।
আরেক সিওসি-ভক্ত বিশ্ববিদ্যালয়পড়ুয়া রুবাইয়াত শারমিন বললেন, ‘খেলাটার মধ্যে মজাটা কোথায় সেটা যে না খেলে তাকে বোঝানো যাবে না। আমাদের কথাবার্তা, আড্ডায় এখন ক্ল্যাশ অব ক্ল্যানস ঢুকে গেছে। এমন অনেক কথা আমরা বলি, যেটা আমরা ছাড়া অন্যরা বোঝে না। সেটাও একটা মজা।’
এই এক খেলা দিয়েই বিপুল অর্থ উপার্জন করছে এটির নির্মাতা সুপারসেল। ২০১২ সালে ক্ল্যাশ অব ক্ল্যানস আত্মপ্রকাশের পর ২০১৩ সালে জানা গিয়েছিল, গেমটি থেকে সুপারসেলের দৈনিক আয় ৫০ লাখ ডলারের বেশি! ২০১৪ সালে এই আয় দ্বিগুণ হয়েছে। এ বছর সুপারসেলের আয় কেমন হচ্ছে তা জানা না গেলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পেশাদার ফুটবল প্রতিযোগিতা সুপারবোলের সময় এবার অনলাইনে সিওসির বিজ্ঞাপনটি ছিল সবচেয়ে জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের অভিনেতা লিয়াম নেসনকে নিয়ে বানানো বিজ্ঞাপনটি ইউটিউবে দেখা হয়েছে প্রায় সাত কোটিবার!
গেম খেলার মজা পেতে দোষ নেই। কিন্তু সেটা ‘নেশা লাগিল রে’ পর্যায়ে চলে গেলে দুশ্চিন্তার ব্যাপার, বলছেন বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা গেছে, সিওসির আসক্তির মাত্রা সিগারেট কিংবা অ্যালকোহল আসক্তির মতোই। সারা বিশ্বে ৮৫ লাখ মানুষ এই খেলায় আসক্ত। নিজের ভার্চুয়াল গ্রামকে রক্ষা করতে গিয়ে বাস্তবের স্বজনদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন না তো? চিকিৎসকেরা বলেন, এই আসক্তি ঘুম কম হওয়া কিংবা হৃদ্রোগের কারণও হতে পারে।