সেন্টমার্টিন দ্বীপে হঠাত্ বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের কামড়ে গত দুই মাসে আহত হয়েছেন শতাধিক দ্বীপবাসী। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক রয়েছে। দ্বীপে প্রায় হাজার খানেক বেওয়ারিশ কুকুর রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। নানা স্থানে কুকুরগুলো দলবেঁধে চলাফেরা করে এবং একা পথচারী দেখলে হামলা করে। টেকনাফে কর্মরত পরিবেশ অধিদপ্তরের কর্মী জয়নাল উদ্দিন জানান, সৈকতে ডিম পাড়তে আসা মা কচ্ছপ ও কচ্ছপের ডিম এবং মাছের বর্জ্য খেয়ে কুকুরগুলো মাংসাশী হয়ে উঠেছে। এখন সাগরে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। তাই কুকুরগুলো খাবারের অভাবে মানুষকে হামলা করছে।কুকুরের আক্রমণের শিকার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সম্প্রতি দ্বীপের জেটিঘাট থেকে একা বাড়ি ফেরার পথে পুলিশফাঁড়ির কাছে একটি হিংস্র কুকুর পথরোধ করে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে আরও কয়েকটি কুকুর এসে আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে। পরে আমি চিত্কার করলে পুলিশ এসে উদ্ধার করে।’ স্থানীয় বাসিন্দা আমির আহমদ জানান, গত দুই মাসে শতাধিক মানুষ কুকুরের আক্রমণের শিকার হয়েছে। সম্প্রতি গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ১০ থেকে ১২টি কুকুর মেরেছে। সেন্টমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনাম উল্লাহ জানান, কুকুরের ভয়ে শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে। জরুরি ভিত্তিতে এসব বেওয়ারিশ কুকুর নিধন করা প্রয়োজন। টেকনাফ পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা সাইদ আল শাহীন বলেন, ‘দ্বীপে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ডিম পাড়তে আসা কচ্ছপ ও মানুষ কুকুরের কামড়ের শিকার হওয়ায় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির বলেন, ‘সেন্টমার্টিনের কুকুরগুলোর আচরণ বদলে গেছে। সাধারণত কুকুর পাগল হলে এ রকম অস্বাভাবিক আচরণ করে। এ কারণে বেওয়ারিশ কুকুর নিধনের পাশাপাশি গৃহপালিত কুকুরগুলোকে জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।’সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, ‘বেওয়ারিশ কুকুর নিধনের জন্য ইতিমধ্যে এলাকাবাসী লিখিত আবেদন করেছে। দীর্ঘদিন কুকুর নিধন না হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও পর্যটকেরা কুকুরের আক্রমণের শিকার হচ্ছে। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’