দলাদলিতে স্থবির খাগড়াছড়ি বিএনপির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দলের কারণে মাঠে সক্রিয় নয় খাগড়াছড়ি জেলা বিএনপি। অপর দিকে বড় পিলাক এলাকায় সংঘটিত সহিংসতার পর পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে আওয়ামী লীগ ও জনসংহতি সমিতি (সংস্কারপন্থী)। ঘটনার নিন্দা করে সাম্প্রদায়িক রাজনীতির অবসান চেয়েছে বিএনপির একাংশ। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, পার্বত্য চুক্তিবিরোধীরা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এ সংকট মোকাবিলার জন্য রোডম্যাপ নির্ধারণ করে পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান তিনি।সাংসদ জ্যোতিন্দ্রলাল ত্রিপুরার নেতৃত্বাধীন জেলা আওয়ামী লীগে দৃশ্যত দলীয় কোন্দল নেই। অপর দিকে জেলায় বিএনপির রয়েছে দুটি কমিটি। নেতা-কর্মীরা জানান, ওয়াদুদ ভূঁইয়া ও সমীরণ দেওয়ান দুটি উপদলের (গ্রুপ) নেতৃত্ব দিচ্ছেন। ওয়াদুদ ভূঁইয়া-সমর্থিত কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মাটিরাঙা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী। সমীরণ দেওয়ান-সমর্থিত কমিটির সভাপতি সমীরণ দেওয়ান এবং সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জয়নাল আবেদীন। জেলায় বিএনপি বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারছে না দলীয় কোন্দলের জন্য। গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের সময় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। তবে বিএনপির এক পক্ষের নেতা ওয়াদুদ ভূঁইয়া জেলায় অবস্থান করেন না। কার্যত এখানকার বিএনপির রাজনীতি অনেকটাই নিয়ন্ত্রণ করেন সমীরণ দেওয়ান।তবে সমীরণ দেওয়ান-সমর্থিত কমিটির অস্তিত্ব স্বীকার করতে নারাজ ওয়াদুদপন্থীরা। ওয়াদুদ-সমর্থিত কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী বলেন, তাঁরা জেলায় বিএনপির প্রতিনিধিত্ব করছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচিও পালন করছেন।সাম্প্রদায়িক উত্তেজনা নিরসনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপির সমীরণ দেওয়ানপন্থী উপদল। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমা বলেন, ঘটনাটা খুবই দুঃখজনক ও বর্বর। তিনি আগামী দিনে যাতে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও ত্বরিত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।এদিকে, জেলায় জনসংহতি সমিতির সংস্কারপন্থী ধারা বেশ সক্রিয়। জেলায় তাদের অবস্থানও জোরালো। জেলা পর্যায়ে এখনো কমিটি গঠিত না হলেও আঞ্চলিক পরিষদ নেতা সুধাসিন্ধু খীসা ও রূপায়ণ দেওয়ান সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা দুজনই কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। সুধাসিন্ধু খীসা জানান, তাঁরা প্রয়াত আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার নির্দেশিত পথে চলছেন। আদিবাসীদের অধিকার আদায়ই তাঁদের লক্ষ্য।