দলীয় ঐক্যের জয় মহাজোটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ পৌরসভা নির্বাচনে দলীয় ঐক্য ও বড় ভাই মরহুম এজাহার মিয়া কোম্পানির ভাবমূর্তির কারণে জয় পেয়েছেন মহাজোট-সমর্থিত প্রার্থী মোহাম্মদ ইসলাম। তিনি পেয়েছেন ছয় হাজার ২১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চারদলীয় জোট-সমর্থিত মোহাম্মদ ইসমাঈল পেয়েছেন দুই হাজার ৮৭৩ ভোট। স্থানীয় লোকজন জানান, ব্যবসায়িক কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন মোহাম্মদ ইসলাম। কিন্তু তার পরও এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের পরিবারের অবদান অনেক। এ ছাড়া টেকনাফ সদর ইউনিয়নের দীর্ঘ ২০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তাঁর বড় ভাই এজাহার মিয়া কোম্পানি। ওই সময় তাঁর বিনয়ী ব্যবহার ও উন্নয়ন কর্মকাণ্ড এখনো এলাকার মানুষ মনে রেখেছে। যে কারণে তাঁর ছোট ভাই মোহাম্মদ ইসলামের জয় সহজ হয়েছে। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, ‘এজাহার মিয়া কোম্পানির সঙ্গে কারও তুলনা হয় না। তিনি চেয়ারম্যান থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। যে কারণে গত সংসদ নির্বাচনে তাঁর বড় ছেলে আবদুর রহমান ওরফে বদি জয়লাভ করেছেন। এলাকার মানুষ সুখে-দুঃখে তাঁদের আরও কাছে পাওয়ার জন্য মোহাম্মদ ইসলামকে ভোট দিয়েছেন।’আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, ‘দলের সিদ্ধান্ত মেনে এখানে সবাই একযোগে কাজ করেছে। যে কারণে দলীয় প্রার্থীর জয় অনেকটা সহজ হয়েছে। তবে যদি এ পৌর নির্বাচনে এজাহার মিয়া কোম্পানির পরিবার থেকে কেউ প্রার্থী না হতো তাহলে এখানে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। এ ছাড়া খেটে খাওয়া অসংখ্য মানুষ এবার মহাজোটের প্রার্থীর পক্ষে ছিলেন।’জামায়াতের নেতা-কর্মীরা জানান, জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলকে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করলেও এখানে বিএনপি নেতা-কর্মীরা তাঁর পক্ষে ঠিকভাবে কাজ করেন নাই।ফলে বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এদিকে, ২৭ জানুয়ারি পৌরসভার নয়টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের স্বতঃফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখানে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বিজয়ী মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বলেন, ‘পৌরবাসী যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচনে জয়ী করেছেন সে আশা পূরণ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাব।’