দলীয় কার্যালয় নেই রাজনৈতিক দলগুলোর!
আনোয়ারায় উপজেলার কোথাও নিজস্ব কিংবা ভাড়া করা কোনো কার্যালয় নেই আওয়ামী লীগ, বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলোর। এসব দলের রাজনৈতিক কর্মসূচি বা সিদ্ধান্ত নেওয়া হয় জেলা কার্যালয়, দলের জ্যেষ্ঠ নেতার বাড়িতে বা রেস্তোরাঁয় বসে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এলাকায় দলীয় কার্যালয় থাকলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের যে ধরনের আন্তরিকতার সম্পর্ক তৈরি হতো, বর্তমানে তা হচ্ছে না। ফলে দলীয় কর্মসূচিগুলোতে আশানুরূপ স্বতঃস্ফূর্ততা দেখা যায় না। খোঁজ নিয়ে জানা যায়, একমাত্র ইসলামী ঐক্যফ্রন্ট ছাড়া আনোয়ারায় সরকারি দল আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্য কোনো দলের কোনো কার্যালয় নেই। সব কটি দলের স্থানীয় নেতা-কর্মীরা জানান, দলের কোনো কর্মসূচি বা অন্য কোনো প্রয়োজনে আলোচনা ও সিদ্ধান্ত নিতে হলে জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ অনুযায়ী তাঁদের নগরের বাসাবাড়ি বা জেলা কার্যালয়ে যেতে হয়। কখনো কখনো বৈঠক হয় নগরের কোনো রোস্তোরাঁয়। এতে মুষ্টিমেয় নেতা-কর্মীর অংশগ্রহণ সম্ভব হলেও সাধারণ নেতা-কর্মীদের অংশগ্রহণ প্রায় সম্ভব হয় না। ফলে এসব কর্মীর সঙ্গে জ্যেষ্ঠ নেতাদের যোগাযোগ কম হয়। হলেও তা কালেভদ্রে। এ অবস্থায় এলাকাভিত্তিক দলীয় কর্মসূচিগুলোতেও অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে আগ্রহী হন না। খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এতদিন প্রয়াত সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর নগরের সার্সন রোডের বাসায় নেওয়া হতো। একইভাবে বিএনপির একটি অংশের দলীয় সিদ্ধান্ত নেওয়া হয় সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বাসায় বা জেলা কার্যালয়ে। আরেক অংশের সিদ্ধান্ত নেওয়া হয় নগরের দক্ষিণ জেলা কমিটির কার্যালয়ে।বিষয়টি স্বীকার করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী বলেন, ‘আমরা আনোয়ারা সদরে একটি ভবনে কার্যালয় নিচ্ছি, শিগগিরই সেখানে দলীয় কার্যালয় করা হবে।’উপজেলা বিএনপির দুই অংশের সভাপতি যথাক্রমে শাহজাহান চৌধুরী ও মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, এলাকায় দলের কার্যালয় থাকলে ভালো হতো। এ ব্যাপারে যথাসম্ভব তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হবে। উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) একাংশের সভাপতি মোহাম্মদ ছৈয়দ বলেন, ‘খুব শিগগির অফিস নেওয়ার ব্যবস্থা করব আমরা।’