নগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া থেমে গেছে। ঈদের পর কমিটি গঠনের আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। তবে এখন এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট নেতারা। কমিটি পুনর্গঠনের বিষয়টি দলীয় প্রধান শেখ হাসিনার ওপর নির্ভর করছে বলে জানা গেছে। উল্লেখ্য, ১৬ মাস আগে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনই মহিউদ্দিন চৌধুরীকে সরিয়ে অন্য কাউকে নেতৃত্বে আনতে ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। তাই পুনর্গঠনের প্রক্রিয়া থেমে গেছে বলে মনে করেন তাঁরা।দলীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৬ জুন নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন হয়। ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাবেক মন্ত্রী এম এ মান্নান ও সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা ঐকমত্যের ভিত্তিতে কমিটির সদস্যসংখ্যা ২০ জনে উন্নীত করেন। তবে তাঁরা এর বেশি অগ্রসর হতে পারেননি। কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি বলে জানান সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। এর মধ্যে গত বছর সাবেক মন্ত্রী এম এ মান্নান মারা গেছেন। কয়েকজন নেতা জানান, নগর আওয়ামী লীগ পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ফলে কেন্দ্রঘোষিত সাংগঠনিক কার্যক্রম পালন হচ্ছে আলাদাভাবে। বিভক্তির কারণে কর্মী-সমর্থকেরাও হতাশ। জানা গেছে, মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক নগর আওয়ামী লীগের মূল ধারার নেতৃত্বে আছেন। গত সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে হেরে যাওয়ায় তাঁর নেতৃত্ব মেনে নিতে পারছেন না বেশির ভাগ নেতা। তাঁরা শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের আওয়াজ তুলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দলের ভেতর চারটি অংশ সক্রিয় আছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়কমন্ত্রী আফসারুল আমীন। তাঁর সঙ্গে আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অন্য একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য নুরুল ইসলাম। তাঁর সঙ্গে আছেন মাহতাবউদ্দিন, রেজাউল করিমসহ আরও কয়েকজন নেতা। আ জ ম নাছির আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। পতেঙ্গা ও বন্দর এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ আলাদাভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁর নিজ এলাকায়। জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘গণমানুষের রাজনীতি করি আমি। দলীয় কর্মসূচি নিয়ে মাঠে-ময়দানে ছিলাম, আছি এবং থাকব। আওয়ামী লীগের অনেক নেতা আছেন, যাঁরা নিজেদের ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণের জন্য রাজনীতি করছেন। তাঁদের কর্মকাণ্ড নিয়ে আমি ভীত নই।’ মহিউদ্দিন চৌধুরীকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে দলের ভেতর থেকে। সিটি নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতারা দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচনে ফলাফল যাই হোক, এক-দেড় মাসের মধ্যে কমিটি পুনর্গঠন হবে বলে জানিয়েছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ ব্যাপারে ঈদের আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘ঈদ হোক। তারপর যা কিছু হয় আপনারা দেখবেন।’জানা যায়, ঈদের আগে শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন। চট্টগ্রাম বন্দরের শ্রমিক রাজনীতি নিয়ে তাঁরা একান্তে আলাপ করেন বলে জানা গেছে। বিশেষ করে বিএনপি সমর্থিত শ্রমিকদের কর্মতৎপরতা থামাতে মহিউদ্দিন চৌধুরীকে ভূমিকা রাখতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ঈদের তিন দিন আগে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে চট্টগ্রামে এসেছিলেন প্রধানমন্ত্রী। নতুন আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরীর প্রশংসা করেন। এতে করে মহিউদ্দিনবিরোধীরা একটু দমে যান বলে মনে করেন অনেকে। এ ব্যাপারে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত সংসদ সদস্য নুরুল ইসলাম এবং এম এ লতিফের বক্তব্য পাওয়া যায়নি। একজন বিদেশে এবং অন্যজন অসুস্থ বলে জানা গেছে। তবে নুরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী অগণতান্ত্রিকভাবে সংগঠন চালাচ্ছেন, যার ফলাফল পেয়েছেন গত সিটি করপোরেশন নির্বাচনে। দলীয় নেতা-কর্মীরা নেতৃত্বে পরিবর্তন চাইছেন, আমরাও এ পরিবর্তনের দাবিকে সমর্থন দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন বা নতুন কমিটি গঠনের বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। মেয়র নির্বাচনের পরে কমিটি ভেঙে দেওয়া হবে বলে শুনেছি। এখন বিষয়টি কোন পর্যায়ে আছে তা জানি না।’মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজী ইনামুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর-আমলে দলের ভেতর বিশ্বাসঘাতকেরা ছিলেন। খোন্দকার মোশতাক ওই বিশ্বাসঘাতকদের অন্যতম। আমাদের মধ্যেও বিশ্বাসঘাতক থাকতে পারে। তবে এ ব্যাপারে আমরা সতর্ক আছি। আর দলের ভেতর যে কোন্দলের কথা বলা হচ্ছে তা ঠিক নয়। নেতৃত্বে প্রতিযোগিতা আছে আমাদের মধ্যে। যাঁরা মাঠে আছেন তাঁদের দিয়েই সংগঠন চালানো হচ্ছে।’ নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন সংগঠনের গঠনতন্ত্র মেনে চলতে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের পরামর্শ দেন। তিনি বলেন, ‘সম্মেলনের মাধ্যমে মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক নেতৃত্বে এসেছেন। তাঁদের নেতৃত্বে পালিত দলীয় কর্মসূচিগুলোতে সবার উপস্থিতি প্রয়োজন। নইলে নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ হয়। এখন যাঁরা চ্যালেঞ্জ করেন, পরে নেতৃত্বে এলে তাঁরাও একই চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, যা সংগঠনের জন্য মঙ্গলজনক নয়।’