দলীয় ডামাডোলে কোণঠাসা চকরিয়ার সাধারণ প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির লড়াইয়ে পরিণত হচ্ছে। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের অধিকাংশই সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-সমর্থক। রয়েছেন জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীও। দলীয় ডামাডোলে নির্দলীয় সাধারণ প্রার্থীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। রাজনৈতিক প্রভাব, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও কালো টাকার ছড়াছড়ির কারণে কয়েকটি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। আগামী ৮, ১১ ও ১৮ জুন তিন পর্বে উপজেলায় নির্বাচন হবে।জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ও সন্ত্রাসী তৎপরতা দমনে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। ভোটের দিন প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন স্তরের বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হবে।উপকূলীয় এলাকা দুর্গম কোনাখালী এখন সরগরম নির্বাচনী আমেজে। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। এখানে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জাতীয় পার্টির সমর্থক রুহুল কাদের ওরফে মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক দিদারুল ইসলাম, বিএনপির সমর্থক মনজুর আলম, জেলা কৃষক লীগের সদস্য মোক্তার আহমদ ও আওয়ামী লীগ নেতা সোলতান আহমদ। ভোটাররা জানান, আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক তিনজন চেয়ারম্যান কোমর বেঁধে মাঠে নামায় বেকায়দায় পড়েছেন বর্তমান চেয়ারম্যান রুহুল কাদের। তিনি এখনো মাঠেই নামেননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে বর্তমান চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আট বছর এলাকায় অনুপস্থিত থাকা এবং উন্নয়ন না করাসহ নানা অভিযোগ করেন। তবে বর্তমান চেয়ারম্যান মানিকেরও জনসমর্থন রয়েছে বলে জানান অনেকে।আওয়ামী লীগের নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী দিদারুল আলম জানান, ‘গত নির্বাচনে আমি সামান্য ভোটে পরাজিত হয়েছিলাম। কিন্তু এবার জয়ের সম্ভাবনা শত ভাগ। এলাকার ভোটাররা আমার সঙ্গে রয়েছেন।’একজন চেয়ারম্যান নাম প্রকাশ না করে বলেন, ‘একাধিক প্রার্থী কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। অস্ত্রধারী ও সন্ত্রাসীদের ভোটারদের বাড়িতে পাঠিয়ে ভয় দেখাচ্ছেন। এতে সাধারণ ও যোগ্য প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়ছেন।অনুসন্ধানে জানা গেছে, তিনটি ইউনিয়নের জনপ্রিয় তিনজন বর্তমান চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁরা হলেন—বিএমচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু ইউছুফ, হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার ও পূর্ব বড় ভেওলার ইউপি চেয়ারম্যান এম ডি নুরুল কাদের। চিরিঙ্গা ইউনিয়নের ভোটার গিয়াস উদ্দিন (৪৫) জানান, সব ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের শক্তি পরীক্ষা চলছে। তবে কোন্দলের কারণে এক ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে নামাতে ভোটাররাও বিভ্রান্ত হচ্ছেন। দলের জ্যেষ্ঠ নেতারা ভেতরে পছন্দের প্রার্থীদের সমর্থন দিলেও প্রকাশ্যে কিছু বলছেন না। অনেক প্রার্থী কালো টাকা ছড়াচ্ছেন আর সন্ত্রাসীদের পেছনে সময় নষ্ট করছেন। অনেকে আচরণবিধি লঙ্ঘন করে পথসভা, মিছিল ও জনসভা করছেন। ভোটাররা জানান, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ সংসদীয় আসনটিকে বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়। এ আসনের বর্তমান সাংসদ বিএনপির হাছিনা আহমদ ইউপি নির্বাচন নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না। তবে তাঁর স্বামী, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ মাঠে নেমেছেন বিভিন্ন প্রার্থীর সমর্থনে। ১৯ মে বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামশুদ্দিন মো. খোরশেদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে।’ তিনি বিএনপিতে যোগদানকারী খোরশেদকে দলের প্রার্থী ঘোষণা দিয়ে তাঁকে জিতিয়ে আনতে কাজ করার নির্দেশ দেন নেতা-কর্মীদের।অন্যদিকে, বিগত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ দুই উপজেলার ১৮ ইউনিয়নে দলীয় নেতাদের চেয়ারম্যান পদে জিতিয়ে আনতে নানা কৌশল নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। দলের নেতারা জানান, কয়েক দিনের মধ্যে তিনি (সিআইপি) বিদেশ সফর শেষে এলাকায় এসে কোন্দল নিরসন ও একক প্রার্থী মনোনয়নে সিদ্ধান্ত দেবেন। সূত্র জানায়, চিরিঙ্গা, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, খুঁটাখালী ও ডুলাহাজারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ জুন। ১১ জুন হবে সাহারবিল, কাকারা, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী ও হারবাং ইউনিয়নে। তৃতীয় দফায় ১৪ জুন হবে উপজেলার পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, ঢেমুশিয়া, কোনাখালী ও বিএমচর ইউনিয়নের নির্বাচন।