দলীয় নেতাদের কোন্দলের কারণে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থীর পরাজয় ঘটে। এই উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হন জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ।
তিনি পেয়েছে ৪০ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম বিএনপির প্রার্থী ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ পেয়েছেন ৩৯ হাজার ৫১৬ ভোট। ভোটের ব্যবধান দুই হাজার ১২৯ ভোট।
আর তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা আ.লীগের দুই প্রার্থী নুরুল আবছার ও আবু তালেব পেয়েছেন প্রায় ৪০ হাজার ভোট।
দলের তৃণমূল নেতা-কর্মীরা মনে করেন, একক চেয়ারম্যান প্রার্থী দিলে এই উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেত আওয়ামী লীগ।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু তালেব বলেন, তৃণমূলের নেতারা তাঁকে দলের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে নুরুল আবছার মাঠে নেমে ভোটারদের বিভ্রান্ত করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগের অপর প্রার্থী নুরুল আবছার দাবি করেন— তিনিই দলের একক প্রার্থী ছিলেন।
দেখা গেছে, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের দলীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, শহর আ.লীগের সভাপতি মুজিবুর রহমানসহ অনেকে আবু তালেবের পক্ষ নিয়ে মাঠে নামেন।
অন্যদিকে কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, চকরিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আলম, জেলা জাসদের সভাপতি নাইমুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা ছিলেন নুরুল আবছারের পক্ষে।
এই বিভেদের কারণে দলটির সমর্থক ও ভোটারেরা বিভ্রান্ত হয়েছেন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুই প্রার্থীর কোন্দল দেখে অনেক সমর্থক ভোট দিতে কেন্দ্রে আসেননি। ফলে লাভবান হন জামায়াত-বিএনপির প্রার্থীরা।
শহরের বাজারঘাটা এলাকার ভোটার আবুল মনছুর বলেন, জামায়াত-বিএনপি-সমর্থিত ৯৫ ভাগ ভোটার কেন্দ্রে গিয়ে নিজ নিজ প্রার্থীকে ভোট দিয়ে আসেন। বিশেষ করে জামায়াত-সমর্থক নারী ভোটারেরা এবার অনেক সক্রিয় ছিলেন।
অন্যদিকে বিপুলসংখ্যক আওয়ামী লীগ-সমর্থক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার ভোট দিতে কেন্দ্রে যাননি। এ কারণে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোট পড়েছে কম।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, জামায়াত তাঁদের নির্বাচনী প্রচারণায় দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির বিষয়টি সামনে এনেছে। ধর্মীয় বিশ্বাস থেকে গ্রামের সাধারণ মানুষ জামায়াতকে ভোট দিয়েছে। যে কারণে দুই ভাইস চেয়ারম্যান পদেও জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, কক্সবাজার সদর ও রামুতে আওয়ামী লীগের ভরাডুবি ঘটার কারণ, নেতারা চাননি দলের প্রার্থীরা জিতে আসুক। অনেকে আবার ভেতরে ভেতরে জামায়াতের পক্ষে কাজ করেন।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগ নেতা চন্দন শর্মা বলেন, অধিকাংশ ধর্মীয় সংখ্যালঘু ভোটারেরা এবার নীরব ভূমিকা পালন করেন। দলে দুই প্রার্থী থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। ভোটের কয়েক দিন আগে সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনগুলো যৌথভাবে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছিল, তারা বিশেষ কোনো দলের সমর্থক নন।