দলীয় পরিচয় নয় মানুষের সেবক হিসেবে কাজ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান পৌরসভার নব নির্বাচিত মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান বলেছেন, দায়িত্ব পালনকালে তিনি দলীয় পরিচয় নিয়ে কোনো কাজ করবেন না। তাঁর কথায়, ‘দলমত বিবেচনায় নয়, পৌর নাগরিকদের সেবায় একজন সেবক হিসেবে আমি নিজকে প্রতিষ্ঠা করতে চাই। আমি এখন সাড়ে ৪০ হাজার মানুষের সেবক।’অগ্রাধিকার ভিত্তিতে অনুন্নত এলাকায় সেতু, কালভার্ট নির্মাণ ও সড়কবাতি, গ্যাসসংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলর ও পৌর নাগরিকদের পরামর্শ নিয়ে কাজ করার কথাও বললেন নতুন মেয়র।বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিরোধী দল সমর্থক মেয়র হিসেবে এলাকার উন্নয়নে কতটুকু অবদান রাখতে পারবেন—এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক প্লাটফরম নয়। মেয়র পদে বসে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করব। পৌর নাগরিকদের প্রাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সরকারি উন্নয়ন বরাদ্দ রয়েছে। আশা করি, এই বরাদ্দ অব্যাহতভাবে পাব।’ তিনি আরও বলেন, ‘নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিশেষ বরাদ্দ পাওয়ার আশা করছি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর মাধ্যমে। তিনি উপজেলায় যেভাবে উন্নয়নকাজ করছেন সেভাবে পৌরসভার জন্য অবদান রাখবেন।’মেয়র হাসান বলেন, ‘ভাষাসৈনিকদের সম্মানে পৌরসভার উদ্যোগে একটি স্মৃতিস্তম্ভ করার ইচ্ছে আমার আছে, পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের জন্য সংশ্লিষ্ট লোকজনের প্রতি অনুরোধ জানাব।’ আগের চেয়ে ট্যাক্স বৃদ্ধির কোনো পরিকল্পনা তাঁর নেই বলে জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তিনি বলেন, অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ড রাউজানকে কলঙ্কিত করেছে। এখন এ অবস্থান থেকে আমাদের সরে আসতে হবে। সেবা ও উন্নয়নের মনোভাব নিয়ে জনগণের অন্তর জয় করতে হবে।উল্লেখ্য, এই পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী। পরে পৌর চেয়ারম্যান পদে নির্বাচনে তিনি হেরে যান বর্তমান জেলা আওয়ামী লীগের বন পরিবেশবিষয়ক সম্পাদক দেবাশীষ পালিতের কাছে। পরের বার একই পদের নির্বাচন করে মেয়র পদে পুনরায় আসেন শফিকুল ইসলাম চৌধুরী। সর্বশেষ তৃতীয় দফায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের পেছনে ফেলে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী আবদুল্লাহ আল হাসান।