দলীয় প্রতীকে উৎসবমুখর প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেবাশীষ পালিত। ছবিটি গত বৃহস্পতিবার আলীখিল এলাকা থেকে তোলা l প্রথম আলো
রাউজানে দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেবাশীষ পালিত। ছবিটি গত বৃহস্পতিবার আলীখিল এলাকা থেকে তোলা l প্রথম আলো
সাতকানিয়া পৌর এলাকার ইছামতিরকূলে গত বৃহস্পতিবার ধানের শীষ হাতে  প্রচারণায় বিএনপির প্রার্থী রফিকুল আলম l প্রথম আলো
সাতকানিয়া পৌর এলাকার ইছামতিরকূলে গত বৃহস্পতিবার ধানের শীষ হাতে প্রচারণায় বিএনপির প্রার্থী রফিকুল আলম l প্রথম আলো

দলীয় প্রতীকে এবার প্রথম পৌর নির্বাচন। নির্বাচনী মাঠে নৌকা, ধানের শীষ, লাঙল, ছাতা ও মোমবাতি। প্রার্থী ছাপিয়ে ভোটারদের দৃষ্টিও যেন প্রতীকের দিকেই। প্রচারণা শুরুর পর থেকে জমজমাট নির্বাচনী আমেজ চারদিকে। তবে দলীয় প্রতীকনির্ভর নির্বাচনে বড় দলের প্রার্থীরা খুশি হলেও স্বতন্ত্র প্রার্থীরা বেকায়দায় পড়েছেন। চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া পৌরসভার নির্বাচনী এলাকা ঘুরে এবং বিভিন্ন প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া যায়।
দুটি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের গণসংযোগ, প্রচারণায় নেতা-কর্মীর ভিড় যেমন রয়েছে; তেমনি পাড়া-মহল্লা কিংবা চায়ের কাপে ঝড় তুলছে নির্বাচনী আলোচনা।
পটিয়া পৌরসভার ব্যবসায়ী জসিম উদ্দিনের মতে, দলীয় প্রতীক দেখেই মানুষ এবার ভোট দেবে। প্রার্থীর যোগ্যতা মুখ্য নয়। তিনি বলেন, দলীয় প্রতীকের কারণে আগেভাগে জমে গেছে নির্বাচনী উৎসব। নৌকা আর ধানের শীষ নিয়ে চলছে জোর আলোচনা। যদি সুষ্ঠু পরিবেশ থাকে তাহলে ভোটকেন্দ্রে মানুষের উপস্থিতিও বেশি হবে।
ভোটাররা জানান, আগে সাধারণ প্রতীকে নির্বাচন হলে কে আওয়ামী লীগের কে বিএনপির প্রার্থী তা বের করতে অনেক কষ্ট হতো। বিশেষ করে বৃদ্ধদের সমস্যা হতো বেশি। কিন্তু এবার চিত্র ভিন্ন। এই সমস্যা হবে না বলে তাঁদের ধারণা।
দলীয় প্রতীকের নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রার্থীরাও। চন্দনাইশে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহবুবুল আলম বলেন, প্রতীক নিয়ে প্রথমবার নির্বাচন হচ্ছে। এটি বেশ ভালো একটি উদ্যোগ। কারণ মানুষ এখন তাঁর পছন্দের দল এবং প্রতীক দেখে ভোট দিতে পারবে। এখানে ব্যক্তির চেয়েও দলের ইমেজ মুখ্য। আওয়ামী লীগ যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে সেটি চিন্তা করেই মানুষ ভোট দেবে।
এ ছাড়া নির্বাচনে লড়ছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ আইয়ুব, ইসলামী ফ্রন্টের আবদুল হাকিম ও স্বতন্ত্র জসিম উদ্দিন আহমেদ।
একই এলাকার ভোটার শাহ আলম বলেন, ‘দলীয় মার্কার কারণে এবার নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। জাতীয় নির্বাচনের আমেজ পাওয়া যাচ্ছে পৌর নির্বাচনে।’
সরেজমিনে দেখা গেছে, দলীয় প্রতীক দিয়ে পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকা। পাশাপাশি প্রতীক নিয়ে গণসংযোগ করতেও দেখা গেছে মেয়র পদপ্রার্থীদের।
পটিয়ার চিত্রও একই। পটিয়া পৌরসভার বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলম একেবারে নতুন। তাঁর গণসংযোগের সময় ধানের শীষ প্রতীক নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন। এলাকার মানুষের কাছে অপরিচিত হলেও এবারের নির্বাচনে মানুষ সরকারি দলের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ভোট দেবে বলে তৌহিদুল আলমের বিশ্বাস।
তৌহিদুল আলম বলেন, ‘আমি নতুন হলেও আমার প্রতীক ধানের শীষ সারা দেশের মানুষ চেনে।’
আওয়ামী লীগ প্রার্থী মো. হারুনুর রশিদও দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের পক্ষে মত দেন। তিনি বলেন, দলীয় প্রতীকের কারণে নির্বাচনের আলাদা একটা ইমেজ পাওয়া যাচ্ছে। তবে মানুষ প্রতীকের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা দেখেও ভোট দেবে। এ ছাড়া পটিয়া পৌরসভায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হয়েছেন শামসুল আলম। তিনি দলীয় প্রতীক লাঙল নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এদিকে দলীয় প্রতীকের কারণে বেকায়দায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পটিয়ায় মেয়র পদে বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হন মোহাম্মদ ইব্রাহিম। তিনি টানা তিনবারের কাউন্সিলর। তিনি এখন নারকেলগাছ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।
মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘দলীয় প্রতীক থাকলে ভালো হতো। তার পরও মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা রয়েছে।’
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও পটিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম বলেন, দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌর নির্বাচন হচ্ছে। পটিয়ায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চলছে। কোনো ধরনের সমস্যা নেই।