খবর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ কর্মকর্তার’ পদ তৈরি করে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া এবং ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করে সম্পূর্ণ দলীয় বিবেচনায় ১২ জনকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। জানতে চাইলে উপাচার্য বলেন, ‘এটাই তাঁদের সবচেয়ে বড় যোগ্যতা’! (সূত্র: প্রথম আলো, ২৭ এপ্রিল ২০১৭)
l কথায় আছে ‘একতাই বল’। একটা কাজ করতে গেলে এ এক রকম তো ও আরেক রকম। দশজন যদি দশ কথা বলে তাহলে কাজের বারোটা বেজে যাবে না? তাই বারোটা যাতে না বাজে সে জন্য ভিন্নমতের না নিয়ে দলীয় বিবেচনায় একই মতের লোক নিয়োগ দেওয়া অত্যন্ত যৌক্তিক এবং শুভবুদ্ধির পরিচায়ক। এতে চোখ কপালে তোলা কিংবা আঙুল ওঠানোর কিছু নেই।
l দলীয় বিবেচনায় নিয়োগ হলে কর্মক্ষেত্রে পরস্পরের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে। অপর দিকে ভিন্ন ভিন্ন মতের বা দলের হলে সম্প্রীতির পরিবর্তে একটি হিংসাত্মক, কিলাকিলিপূর্ণ থমথমে পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা শতভাগ। সুতরাং এক দলের না নিয়ে ১১ মতের ১২ জনকে নিয়োগ দেওয়া অনেকটা ইনভাইটেশন কার্ড পাঠিয়ে কুমির আনার শামিল। কর্তৃপক্ষের কি খেয়েদেয়ে আর কাজ নেই!
l রাজনীতি করা ছাত্ররা তথাকথিত মেধাবী সাধারণ ছাত্রদের তুলনায় অনেক বেশি বাস্তব, অবাস্তব, পরাবাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এর চেয়ে বড় যোগ্যতা আর কী হতে পারে? তাঁদের রয়েছে দৌড়ঝাঁপের সমৃদ্ধ ঝুলি। সাধারণ ছাত্রদের বিদ্যার দৌড় যেখানে ‘পুঁথি’ পর্যন্ত, সেখানে রাজনীতিবিদ ছাত্ররা অনেক ‘হাতেকলমে’ বিদ্যায়ও পারদর্শী। কাজেই অভিজ্ঞতাসম্পন্ন ছাত্রদের বঞ্চিত করে অনভিজ্ঞ, আনাড়িদের নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।
l কবির ভাষা ধারদেনা করে বলতে হয়, ‘ঘুমিয়ে আছে ভবিষ্যৎ নেতা সব কর্মীর অন্তরে।’ আজকের সাধারণ রাজনৈতিক কর্মীই হয়তো আগামী দিনের মাঠ-ঘাট-মঞ্চকাঁপানো নেতা। ভাবি নেতাদের যদি এখন থেকেই ভবিষ্যতের জন্য গড়েপিটে তৈরি করে নেওয়া না হয় তাহলে এই জাতির কী হবে? কে দেবে আশা, কে দেবে ভরসা? ‘অভিভাবক’ হিসেবে ভবিষ্যতের ভাবনা ভেবেই তাই ব্যাপক জ্ঞানী কর্তৃপক্ষ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিয়েছে।