নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনীতে শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। তারিখ ঘোষণা না হলেও এখনই মাঠে নেমে পড়েছেন তাঁরা। দলীয় মনোনয়ন পেতে চলছে জোর তদবির।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলায় ইউপি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়ন পরিষদের সবগুলো মেয়াদোত্তীর্ণ। কাজেই জেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন ইউপির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় প্রতিটি ইউনিয়নে ৮-১০ জন করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নাম শোনা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ছাড়াও বিপুলসংখ্যক তরুণের নাম আলোচনায় আসছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশি। প্রতিটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিন থেকে চারজন বলে দলীয় সূত্রে জানা যায়।জানা যায়, ২০০৩ সালে চারদলীয় জোট সরকারের অধীনে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৮ জন বিএনপি, তিনজন জামায়াতে ইসলামী ও মাত্র দুজন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। তার আগে ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ৩৯ জন চেয়ারম্যান জয়লাভ করে। অন্যান্য দলের মাত্র চারজন জিতেছিল। ক্ষমতাসীন দলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপি-সমর্থিত সম্ভাব্য প্রার্থীরাও বসে নেই। তাঁদের একাংশ দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই ফেনী জেলা বিএনপির সভাপতি সাইদ এস্কান্দরের মনোনয়ন পেতে আগ্রহী। আবার অনেকে ফেনী-২ আসনের সাংসদ ভিপি জয়নাল ও ফেনী-৩ আসনের সাংসদ মোশাররফ হোসেনের প্রার্থী দাবি করে মাঠে নেমেছেন। জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিরও বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠে তৎপর রয়েছেন বলে জানা যায়। এদিকে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন তৎপরতার পাশাপাশি কৌশলে প্রচারণা চালাচ্ছেন। অনেকে বিজয় দিবস, ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, ঈদে উপলক্ষে ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে স্থানীয় পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাঁদের আগমন বার্তা জানান দিয়েছেন। এ সব পত্রপত্রিকা আবার সংগ্রহ করে এলাকায় বিলিবণ্টনও করা হয়েছে। কেউ কেউ এলাকায় রঙিন পোস্টারও লাগিয়েছেন। দলীয় মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দলের অনেক স্থানীয় নেতা ইউপি নির্বাচন করতে আগ্রহী। কোনো কোনো ইউনিয়নে দুই থেকে তিনজন প্রার্থীও রয়েছেন। সে ক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।’ ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ওরফে মিস্টার বলেন, ‘একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে উপজেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হবে। তাঁরা তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবেন।’