দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাঠে বিএনপির চার বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের পক্ষ থেকে চিঠি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। ঝুলছে বহিষ্কারের খড়্গ। তবুও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছেন মিরসরাই ও বারইয়ারহাটের পৌরসভা নির্বাচনে বিএনপির চার মেয়র পদপ্রার্থী। ৩ জানুয়ারি নির্বাচনী প্রতীকও বরাদ্দ পেয়েছেন তাঁরা।মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আমিন জানান, মিরসরাইয়ে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে ফকির আহাম্মদ এবং বারইয়ারহাটে মাঈনুদ্দীন লিটনকে। অন্য প্রার্থীদের চিঠি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। যাঁরা সরে দাঁড়াবেন না, তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে।’ উল্লেখ্য, বিগত পৌর নির্বাচনে মিরসরাই ও বারইয়ারহাট বিএনপি-সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছিলেন।মিরসরাই পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মো. নাসির উদ্দীন, আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন।মেয়র প্রার্থী মিরসরাই পৌর বিএনপির সভাপতি ফকির আহাম্মদ জানান, দলের নির্দেশে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জয়ের ব্যাপারেও আশাবাদী। তাঁর প্রতীক তালা। মো. নাসির উদ্দীন জানান, ভোটারদের আগ্রহের কারণে তিনি প্রার্থী হয়েছেন। দলীয় মনোনয়ন দেওয়া বিধিসম্মত হয়নি। চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া কেউ তাঁকে বহিষ্কারের ক্ষমতা রাখে না বলে তিনি মন্তব্য করেন। তিনি কোনো চিঠি পাননি বলে জানান। তাঁর প্রতীক টেলিভিশন।আতিকুল ইসলাম গোপন ব্যালটের মাধ্যমে মেয়র পদপ্রার্থী নির্বাচনের দাবি জানান। তাঁর প্রতীক জাহাজ। তিনিও চিঠি পাননি বলে জানান। আনোয়ার হোসেনের প্রতীক দেয়ালঘড়ি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন করবেন বলে জানান তিনি।বারইয়ারহাটে বিএনপির মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি মাঈনুদ্দীন লিটন বলেন, ‘আমি চট্টগ্রাম জেলা, মিরসরাই উপজেলা ও বারইয়ারহাট পৌর বিএনপির প্রার্থী।’বিভিন্ন পত্রিকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নামে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তাকে তিনি ভুল বোঝাবুঝি আখ্যা দেন। লিটনের প্রতীক আনারস। বারইয়ারহাটে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান মেয়র জালাল উদ্দীন। তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতারা আমার পক্ষে মতামত দিয়েছেন।’ দলের পক্ষ থেকে কোনো চিঠি তিনি পাননি বলে জানান তিনি।কেন্দ্র থেকে জালাল উদ্দীনের পক্ষে মতামত দিয়েছে কি না—এ প্রশ্নের জবাবে মো. নুরুল আমিন জানান, ‘ভুলের কারণে এটা হয়েছে। আবার সংশোধনী দিয়ে এটা ঠিক করা হবে।’মিরসরাই ও বারইয়ারহাট পৌর বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা নির্বাচনকে ঘিরে এই গৃহবিবাদে হতাশ। আশঙ্কা, এমনটা চলতে থাকলে এ দুটি পৌরসভায় বিএনপি কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারে।