দলেবলে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্যাখ তো আমাকে কেমন লাগছে? বন্ধুর মতামত নিয়ে চলছে পোশাক কেনা। ছবি: অধুনা
দ্যাখ তো আমাকে কেমন লাগছে? বন্ধুর মতামত নিয়ে চলছে পোশাক কেনা। ছবি: অধুনা

গানের দল, ফুটবল দল কিংবা রাজনৈতিক দলের কথা শুনেছেন। কেনাকাটা করতেও যে দলবল দরকার হয়, সেটা কি লক্ষ করেছেন? ঘটা করে দল গঠন করা হয় না, তবে দল একটা হয়েই যায়। ‘আমি যাচ্ছি, তুই যাবি?...সায়েন্স ল্যাব মোড়ের সামনে দাঁড়া...বাসার সামনে থেকে তোকে তুলে নিচ্ছি...’—মুঠোফোনে এমন দু-একটা বাক্যবিনিময়, ব্যস! কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দলেবলে কেনাকাটা করতে হাজির। বন্ধুদের মধ্যে কেউ একটু মার্জিত পোশাকে চলেন, কারও পছন্দ চলতি ফ্যাশন, কেউ আবার বিদঘুটে সব রং-নকশার দিকে হাত বাড়ান! এমন ‘জগাখিচুড়ি’ পছন্দ নিয়ে শপিং মলগুলোয় ঘুরে বেড়ানোর মজাই অন্য রকম। ঈদের আগে শপিং মলে গেলে এই দৃশ্য অনেকেরই চোখে পড়বে। প্রত্যেকেই কিছু না কিছু কিনবে বলে সবার একসঙ্গে যাওয়া, তাও নয়। ধরা যাক রাব্বির একটি শার্ট কেনা দরকার, সঙ্গে হাজির সুমন, বান্টি, ইমন, শিহাব, মুহিত...সবাই! সারা দিন ঘোরাঘুরি শেষে দেখা গেল বান্টির টি-শার্ট কেনা হয়েছে, সুমন কিনেছে রোদচশমা, মুহিতের পাঞ্জাবি...কিন্তু রাব্বির শার্টটা আর কেনা হয়নি। তাতে কী? ফেরার সময় হাসি-ঠাট্টায় ভাটা পড়ে না।
কথা হচ্ছিল ধানমন্ডির নুসাইবা নওরীনের সঙ্গে। মনে হলো বন্ধুদের ওপর ভীষণ খেপে আছেন তিনি! বলছিলেন, ‘উফ্! একজন বলে এটা নে, আরেকজন বলে ওটা ভালো। একজন বলে এটা মানিয়েছে, আরেকজনের রং পছন্দ হয় না। মাথা খারাপ হয়ে যায়! প্রতিবার ঠিক করি, আম্মুর সঙ্গেই কেনাকাটা করব, পরে আর হয় না। দেখা যায়, ওই বন্ধুদের সঙ্গেই কেনাকাটা করতে যাই। অবশ্য সবাই একসঙ্গে গেলে খুব মজাও হয়।’ বোঝা গেল, কখনো কখনো জামা-জুতা কেবল ছুতো, ঘুরে ঘুরে গল্প করাটাই মুখ্য হয়ে যায়!

পোশাক কিনছেন একজন, দেখছেন বাকি তিনজন। মডেল: স্বাধীন, সুহাইমি, সুসান ও পাপড়ি
পোশাক কিনছেন একজন, দেখছেন বাকি তিনজন। মডেল: স্বাধীন, সুহাইমি, সুসান ও পাপড়ি

সবার অবস্থা অবশ্য নুসাইবার মতো নয়। কেউ কেউ একা একা কেনাকাটা করতে গেলেই ঠকে আসেন। সে ক্ষেত্রে বন্ধুদের পছন্দের ওপরই দেখা যায় তাঁর অগাধ আস্থা। যেমন রেজাউল করিম বলছিলেন, ‘আমি আসলে জামা-কাপড় অতটা ভালো চিনি না। দামদরের ব্যাপারেও ধারণা কম। আমার কিছু বন্ধুবান্ধব আছে, ওরা আবার এসব ব্যাপারে রীতিমতো বিশেষজ্ঞ। কোথায় কী ভালো পাওয়া যায়, সব জানে। সবাই মিলে যাই। বন্ধুরাই আমার জন্য পছন্দ করে দেয়।’
ফারিয়া-লিয়ার কথাই ধরা যাক। কাজের চাপে দুই বন্ধুর দেখাই হয় না তেমন। দেখা করার একমাত্র ভরসা কেনাকাটা। মাসে একবার হলেও দুজন একসঙ্গে বের হন। জিনিস কেনা হলো কি না, সেটা বিষয় নয়, দুজন মিলে বাইরে খাওয়া, ঘোরাঘুরি করা—এতেই তাঁরা খুশি।