গ্রুপ ফ্রেন্ডশিপ—বাংলায় রূপান্তর করলে কী দাঁড়ায়? দলীয় বন্ধুতা? বুঝতেই পারছেন, এটা আক্ষরিক মানে। আসল মানে সবারই জানা। একটা ক্লাসের কথাই ধরা যাক। সেখানে তো আর সবাই বন্ধু হয় না। হয়তো ৬০ জনের মধ্যে বন্ধু হয়ে হাতে হাত রাখেন ১৫ কিংবা ২০ জন। এই ১৫-২০ জনের মধ্যেই আবার চার-পাঁচজন হয়ে ওঠেন হরিহর আত্মা—‘বোজম ফ্রেন্ড’। যাঁদের চলাফেরা, ওঠাবসা, খাওয়া দাওয়া, পড়াশোনা আর আড্ডা একই সঙ্গে। দলের একজন কোনো কারণে ক্লাসে না এলে মন খারাপ থাকে বাকিদের। সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি পেলে একজনের অভাবে হয়তো বাকিদের কাছে তা ‘বর্জনীয়’ ঠেকে। এমন বন্ধুতার উদাহরণ দেওয়া যায় ভূরিভূরি। তবে এত যে আনন্দ, এত যে সৌহার্দ্য, এর মাঝেও কখনো-সখনো হাজির হয় মনোমালিন্য! অধিকাংশ মনোমালিন্যের কারণ হিসেবে উঠে আসে ‘ওই দুজনের’ নাম। ওই দুজন কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মোরসালিনের অভিজ্ঞতা থেকে জেনে নেওয়া যাক তাঁদের পরিচয়, ‘ছয়জনের একটা দল আছে আমাদের। ক্যাম্পাসে আমরা গড্ডালিকা প্রবাহের মতো। ভেড়ার দল যেমন যেদিকে যায় একসঙ্গেই যায়, আমরাও তেমনি। এই ছয়জনের মধ্যে চারজন ছেলে, দুজন মেয়ে। মেয়েদের মধ্যে একজন হলো নিপু (ছদ্মনাম), আর ছেলেদের মধ্যে একজন হলো পলাশ (ছদ্মনাম)। দ্বিতীয় বর্ষে পা রাখার পরই দেখা গেল ছয়জনের দলটা থেকে এই দুজন মাঝেমাঝেই আলাদা হয়ে পড়ছে! বাকিরা বুঝে ফেললাম—ডালমে কুছ কালা হ্যায়!’তারপর? নিপু আর পলাশ কি ছয়জনের দল থেকে আলাদা হয়ে গেলেন? সেই উত্তরের আগে আমরা কথা বললাম নিপু ও পলাশের সঙ্গেই। ওঁদের মতে, ‘দুজনের মাঝে প্রেম হয়ে গেলে খানিকটা সময় তো আমরা নিজেদের করে নিতেই পারি।’ কিন্তু এই নিজেদের মতো করে নেওয়া ব্যাপারটি কি অন্যেরা মানতে পারেন? বেশির ভাগ ক্ষেত্রেই উত্তরটা ‘না’। কিন্তু সেটা তো না মেনে উপায়ও নেই। আবার বন্ধুতা টিকিয়ে রাখতে হলে ছয়জনের দলটাকে থাকতে হবে এককাট্টা হয়ে। এই বিষয়গুলোরও আছে যথাযথ সমাধান। যেমন মোরসালিনরা বের করেছিলেন সবকিছু ঠিকঠাক রাখার কৌশল। শুনুন মোরসালিনের কাছ থেকেই, ‘নিপু আর পলাশ যখন প্রেমে পড়ল, তখন দেখা গেল জরুরি প্রয়োজনে ডাকলেও ওদের পাওয়া যায় না। কোথায় কোথায় ঘুরতে যায়, সেই ছবি আবার দিয়ে দেয় ফেসবুকে। ফলে আমাদের খুব মন খারাপ হতো। কিন্তু এটাও বুঝতাম, ওদেরও আলাদা কিছু সময় দরকার। তবে অভাববোধটা থেকেই যেত। অবস্থাটা এমন—ওদের বিষয়টা না পারি গিলতে, না পারি উগরে দিতে। তাই একদিন নিপু-পলাশের সঙ্গে সরাসরি কথা বললাম আমরা। বিষয়টা পরিষ্কার হয়ে গেল খুব সহজেই।’নিপু-পলাশের সঙ্গে কী বললেন মোরসালিনেরা? কথা বলে আমরা জানলাম, গ্রুপ ফ্রেন্ডশিপে দুজন যখন প্রেমে পড়েন, তখন বাকিদের উচিত তাঁদের পুরোপুরি সমর্থন দেওয়া। তবে কেবল প্রেমই নয়, অনেক সময় দলের দুজন ছেলেবন্ধু বা দুজন মেয়েবন্ধুর মাঝেও সম্পর্কটা হতে পারে খানিকটা গভীর। এমন ক্ষেত্রেও ওই দুজনকে পোহাতে হয় বাকিদের উপেক্ষা কিংবা খানিকটা হিংসুটেপনা। তবে এমন সম্পর্কের রসায়ন তো খুবই স্বাভাবিক। হয়তো ওই দুই বন্ধুর কাছ থেকে আগের মতো সময় মিলবে না, কিন্তু ওঁরা তো সেই আগের বন্ধুই থেকে যান। অন্যদিকে দলের দুজন, বিশেষ করে যুগলদের উচিত বিষয়টি বাকি বন্ধুদের বুঝিয়ে বলা। দুজনের সম্পর্কের ব্যাপারটি লুকিয়ে রাখা বা ব্যাখ্যা না করাই বরং ভীষণ বোকামি। খোলাসা করে বললে এবং বাকিদের সঙ্গে ঘুরতে গেলে, একসঙ্গে খেতে গেলে কিংবা পড়াশোনা করলেও দুই কূলই টিকিয়ে রাখা সম্ভব বেশ ভালোভাবেই। অন্তত নিপু-পলাশ তা-ই বললেন, ‘আমরা এখন আগের মতোই আছি। ছয়জন মিলে ঘুরছি ফিরছি, স্টেডিয়ামে যাচ্ছি খেলা দেখতে। কিংবা এই যে শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলন চলছে, সেখানেও আমরা সবাই একসঙ্গেই আছি। মোটকথা, গ্রুপ ফ্রেন্ডশিপে যদি দুজনের প্রেম হয়ে যায়, তাহলে তা লুকিয়ে না রেখে একসঙ্গে চলাই বুদ্ধিমানের কাজ।’