মূল রচনা: তাঁঁরা বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন একবুক স্বপ্ন নিয়ে। অকস্মাৎ এক দুর্ঘটনা লন্ডভন্ড করে দিয়েছে সব। কেমন আছে বাহরাইনে নিহত সেই দশ শ্রমিকের পরিবার-পরিজন?
দশ পরিবারের দুঃখগাথা
টিয়া পাখিটা ডাকছিল কর্কশ স্বরে, অনেকক্ষণ ধরে। আর সবাই নিশ্চুপ। খাঁচার সামনে দাঁড়াতেই পাখিটাও চুপ। ঘাড় বাঁকিয়ে যেন বুঝতে চাইল, অচেনা লোকগুলো কারা। পঞ্চম শ্রেণীপড়ুয়া রিপন আহমেদ আমাদের জানিয়ে দিল, ‘ওর নাম মিঠু।’ নিজের নামটা শুনে আবার ট্যাঁ ট্যাঁ করে উঠল পাখিটা। রিপনের মা নূরজাহান বেগম দাঁড়িয়ে ছিলেন অদূরেই, মুখে আঁচল চাপা দিয়ে। কাছে এগিয়ে এলেন। চোখে টলমল করছে জল। ‘আমার নুরু মারা যাওয়ার আগের দিনও জানতে চেয়েছিল, “মা, আমার মিঠু ভালো আছে তো?” পাখিটা ও-ই এনেছিল। খুব ভালোবাসত, নামটাও দিয়েছিল ও...!’ বোবায় পেয়ে বসে নূরজাহানকে। শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন পাখিটার দিকে। মিঠু ভালো আছে, কিন্তু নেই নূরজাহানের বড় সন্তান নুরু!নূরজাহানের মতো বুক খালি হয়েছে আরও নয় মায়ের। মনির হোসেন, ছিদ্দিক, মো. হানিফ মিয়া, কাউছার, খোরশেদ, আবুল হাশেম, নুরু, আবু তাহের, সাত্তার ও সৈয়দ আহমদ—গত ২৭ মে তাঁরা এক অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বাহরাইনে। তাঁদের কারও বয়স ৬০, কারও ৩০, কারও বা ২৫ বছর। কেউ দেশ ছেড়েছিলেন ১০ বছর আগে, কেউ সাড়ে তিন বছর; কেউ প্রাণ হারিয়েছেন বাহরাইনে যাওয়ার চার মাসের মাথায়। তাঁদের নয়জনের বাড়ি কুমিল্লা জেলায় এবং একজনের চাঁদপুরে। বাহরাইনে সবাই মূলত নির্মাণশ্রমিক কিংবা গাড়ি পরিষ্কারের কাজ করতেন। সবাই ছিলেন অবৈধ অভিবাসী। ঠিকানা ছিল বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে, পূর্ব রিফা এলাকায়। একটা কক্ষে ১৩ জন থাকতেন গাদাগাদি করে! কক্ষটির বাসিন্দাদের মধ্যে একজন অবৈধভাবে থাকার দায়ে বন্দী বাহরাইন পুলিশের হাতে, একজন ছিলেন কর্মস্থলে এবং আরেকজন বাংলাদেশে এসেছিলেন মাস কয়েক আগে। যে কক্ষে তাঁরা থাকতেন, সেখানে ছিল না কোনো জানালা! স্থানীয় সময় তখন আনুমানিক ভোর চারটা। বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন ধরে এয়ারকন্ডিশনারে। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো ঘর। সারা দিনের হাড়ভাঙা পরিশ্রম শেষে গভীর ঘুমে ছিলেন ১০ জনই। টেরও পাননি কখন ঘুম থেকে শেষ ঘুমে চলে যাচ্ছেন তাঁরা! ২.মুঠোফোনে পর পর দুটি কল পেলে ঘুম থেকে উঠতেন আবুল হাশেম। তারপর নামাজ পড়তেন। মুঠোফোনে কথা বলতেন কুমিল্লার চৌদ্দগ্রামে থাকা স্ত্রী-ছেলেমেয়ের সঙ্গে। কিন্তু সেদিন তো আর বাবা ফোন ধরেন না! বুক কেঁপে ওঠে বড় মেয়ে ফারহানা আখতারের, ‘এমনিতে আব্বাকে দুবার ফোন করলেই লাইন কেটে দিতেন। ঘুম থেকে উঠতেন। কিন্তু সেদিন আর ফোন ধরেন না! ভোরবেলা আর তাঁর কণ্ঠ শুনতে পাই না, “মা, যাও, নামাজ পড়ো।” তখন কল্পনাও করিনি, আব্বা আর নেই!’মো. হানিফ মিয়ার সঙ্গে আয়াতুন্নেছার শেষ কথা হয়েছিল রাত দেড়টার দিকে। জানিয়েছিলেন, কদিন বাদেই মেয়ের বিয়ের জন্য টাকা পাঠাবেন। পাঁচ মেয়ে এক ছেলে তাঁদের। বিয়ে দিয়েছেন দুই মেয়ের। তৃতীয় মেয়েকে পাত্রপক্ষের দেখতে আসার কথা ছিল গত ২৭ মে! সেদিন সকালেই এল বাবার মৃত্যুসংবাদ! ছেলে রাসেলের বয়স ১৩ বছর। বাবাকে তাঁর মনে নেই। ৬০ বছর বয়সী হানিফ মিয়া বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন ১০ বছর আগে। এর মধ্যে আর একবারের জন্যও দেশে পা রাখতে পারেননি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে! রাসেল আমাদের নিয়ে যায় তাঁর বাবার কবরের সামনে। বাবাকে মনে পড়ে? কেমন দেখেছিলে তাঁকে? কবরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে ছেলেটা। ‘নাহ, আব্বার কথা মনে নেই! ফোনে কথা হতো প্রতিদিন। মৃত্যুর আগের রাতেও কথা হয়েছিল। নতুন সাইকেল কিনেছি, তাই বারবার সাবধান করে দিয়েছিলেন, সাইকেল নিয়ে যেন বেশি সময় না কাটাই।’ ফুঁপিয়ে ওঠে রাসেল। তার দাদি, হানিফের মা বিলাপ করে কাঁদেন একচিলতে উঠানে বসে। সন্ধ্যার মরা আলোয় শাড়ির আঁচল দিয়ে বারবার পরিষ্কার করেন ছেলের ছবি! অশীতিপর বাবা আবদুল জব্বার বিড়বিড় করে উচ্চারণ করেন, ‘পোলা আমার নাই!’‘পোলা’ নাই, আছে অনেক কষ্ট, আছে ঋণের বোঝা! আয়াতুন্নেছা পড়েছেন অকূল দরিয়ায়। ‘তিন লাখ টাকা ধার করে বাহরাইন গিয়েছিলেন। এর মধ্যে নানা কারণে আরও ধারদেনা হয়েছে। ঘরে এখনো বিয়ের উপযুক্ত তিন মেয়ে। আমি এখন কী করব? লাখ দেড়েক টাকা জমা ছিল তাঁর স্যুটকেসে, মেয়ের বিয়ের জন্য জমিয়েছিলেন। সেই টাকা এখন কীভাবে ফেরত পাব?’ কেবল স্বামীই নয়, আয়াতুন্নেছা হারিয়েছেন ভাই খোরশেদ ও বড় জামাতা মনিরকে!মায়ের মতো পায়ের নিচের মাটি হারিয়েছেন শাহীন আক্তারও। বাবা হানিফ মিয়া বছর তিনেক আগে বাহরাইন নিয়ে গিয়েছিলেন স্বামী মনির হোসেনকে। এরপর আর দেশে ফেরেনি মানুষটা, ফিরল লাশ হয়ে। আড়াই মাস বয়সী মেয়ে সাদিয়া আফরিন যে এখন টুকটুক করে কথা বলে, ঝুঁটি বাঁধে চুলে। তা আর দেখা হলো না মনিরের! দেখা হলো না তাঁর পাঠানো ঘড়িটা কী চমৎকার মানিয়েছে দ্বিতীয় শ্রেণীপড়ুয়া ছেলে শাহপরানের হাতে! এখানেও একই প্রশ্ন শাহীনের, ‘এত ঋণের বোঝা নিয়ে কোথায় যাব? বাবাও তো নাই...!’বাবা যে নেই, এটা এখনো ঠিক বুঝে উঠতে পারছে না খোরশেদের ছোট ছেলে সাকিব আহমেদ। বড় ছেলে রাকিব যেন কোথায় গিয়েছিল। লোকজন ডেকে নিয়ে এল আমাদের সামনে। ১১ বছর বয়সী ছেলেটার চোখে শূন্যতা। পড়াশোনা ছেড়ে দিয়েছে সে, কাজ নিয়েছে কুমিল্লার জাঙ্গালিয়ার এক মোটরগাড়ির পার্টসের দোকানে। মাস শেষে হাজার খানেক টাকা পায়। তা তুলে দেয় মা বিলকিসের হাতে। কিন্তু এই টাকা দিয়ে কি আর সংসার চলবে? ৩.মাস ছয়েক আগে একবার টিকিটও কেটেছিলেন কুমিল্লার মুরাদনগর থানার আবু তাহের, দেশে ফিরবেন ভেবে। শেষমেশ মাথার ওপর বোঝা হয়ে থাকা পাহাড়সমান ঋণ বাধ্য করে টিকিট ফিরিয়ে দিতে! ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। বল পেতেন না শরীরে! পাবেন কী করে! হাড়ভাঙা খাটুনি, তার ওপর বছর খানেক আগে কাজ করার সময় পড়ে গিয়েছিলেন ওপর থেকে! হাসপাতালে থাকতে হয়েছিল অনেক দিন। পরাধীন জীবনে শ্বাসটুকুও নিতে হতো মেপে মেপে! খাওয়া-দাওয়া কিংবা চিকিৎসার অবস্থা যাচ্ছেতাই। গনগনে সূর্যের নিচে কঠিন বাস্তবের কথা বিলাপ করতে করতে বলছিলেন আবু তাহেরের স্ত্রী আনোয়ারা বেগম, ‘সে তো ফিরতেই চেয়েছিল! কিন্তু এমন ফেরাই ফিরল আর কথাই বলতে পারলাম না! বাহরাইন যাওয়ার পর থেকেই খুব কষ্ট করেছে মানুষটা। একবার দুই পা থেঁতলে গেছিল পাথর পড়ে। ভালো চিকিৎসা পায় নাই। বুকটা ফেটে যেত তাঁকে এক নজর দেখার জন্য। সে যদি ছয় মাস আগে ফিরত, তাহলে আজকে আর কোনো কষ্ট থাকত না। ভিক্ষা করতাম, তা-ও ভালো ছিল!’পরাধীনতা মেনেই বাহরাইনে ছিলেন এই ১০ জন শ্রমজীবী। সবাই দালাল ধরে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। গুনতে হয়েছিল গড়ে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। সবারই ছিল ভ্রমণ ভিসা। টাকার অভাবে মাস দুয়েক বাদে তা নবায়ন না করায় সবাই হয়ে পড়েন অবৈধ অভিবাসী। ‘অবৈধ’ শব্দটা মাথায় নিয়ে কাজ করতে হতো তাঁদের। কষ্টেসৃষ্টে কাজ জোগাড় করলেও পেতেন না শ্রমের ন্যায্য মূল্য। কেউ কেউ বেগারও খেটেছেন দিনের পর দিন। এক ঘরে গাদাগাদি করে থাকা ও আধপেটা খাওয়া ছিল তাই অমোঘ নিয়তি। স্ত্রী বিলকিস বেগমকে এসব কথা বলতে চাইতেন না সৈয়দ আহমদ। ছোটো ভাই মকসুদ ও শ্যালক আমির হোসেনকে বাহরাইনে নিয়ে যাওয়ার প্রায় সবকিছুই চূড়ান্ত করে ফেলেছিলেন অনেক কষ্টে। আমির এর আগে ছিলেন সৌদি আরবে। তিনি জানেন অভিবাসী শ্রমিকদের কষ্টের কথা। ‘আমাদের মতো শ্রমিকদের কোনো মূল্য নেই! কেউ আমাদের কথা শুনতে চায় না, কষ্ট বুঝতে চায় না।’একই রকম অভিজ্ঞতা মনোহরগঞ্জের মৃত সাত্তারের ভাই সাদেক হোসেনের। ওমানে থাকেন, দেশে এসেছেন ভাই মারা যাওয়ার কদিন আগে। কথা বলতে গিয়ে কণ্ঠ রোধ হয়ে আসে তাঁর। ভালো নেই সাত্তারের বড় ছেলে মেহেদীও। ‘আব্বু মারা যাওয়ার আগের রাতে ফোন করেছিল। জিজ্ঞেস করে, “কী দিয়ে ভাত খাও?” বললাম, আম আর দুধ দিয়ে। শুনে আব্বু বলে, “তুমি কি এখনো ছোট আছো নাকি!” আমি বলি, কেন, তুমিও তো খেতে...! আব্বু আর আমার সাথে কথা বলবে না!’৪. ‘বাহরাইনে নিহত ১০ বাংলাদেশির জন্য দুই লাখ করে টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে ৩৫ হাজার টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে লাশ হস্তান্তরের দিন। বাকি টাকা শিগগিরই পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রক্রিয়াধীন আছে।’ জানিয়েছেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। এদিকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মোহসিন চৌধুরী জানিয়েছেন, বাহরাইনের বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা এই পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য একটি তহবিল গঠন করেছেন। ৫.জুলফে আলীর দাবি তাঁর বয়স ১২১ বছর! ঘরের দাওয়ায় বসে ছিলেন। নাতি সিদ্দিকের কথা শুনতে এসেছি জেনে সন্ধ্যার আঁধারে চোখ রেখে উচ্চারণ করলেন, ‘আহা রে! আমার নাতির মতো ছেলে হয় না! কী সুন্দর ছিল তার চেহারা-সুরত, কী সুন্দর তার ব্যবহার! ’সিদ্দিকের বয়স হয়েছিল ২৫। বাহরাইনে যাওয়ার চার মাস এক দিনের মাথায় খবর এল, তিনি আর নেই! মা মরিয়মের হাতে ছেলে সিদ্দিকের ডায়েরি। সেখানে এক জায়গায় লেখা, ‘একদিন চলে যেতে হয়...!’ সিদ্দিক তাঁর ছোট ভাই মজিদকেও নিয়ে যেতে চেয়েছিলেন বাহরাইনে। টাকা জমা দিলেও ভিসাসংক্রান্ত জটিলতায় শেষমেশ আর যাওয়া হয়নি তাঁর। দাদা জুলফে আলী নাতির পাঠানো পাঞ্জাবি, আতর আর টর্চলাইটটা বুকে চেপে ধরে বলেন, ‘ভাগ্যটা মজিদের অনেক ভালো, অনেক ভালো!’ কিন্তু তার পরও বাহরাইনে যেতে এখনো রাজি মজিদ! এত কিছুর পরও আবার বাহরাইন কেন? দ্বিধান্বিত মজিদ বলেন, ‘সংসারের হাল তো ধরতে হবে!’সংসারের হাল ধরতে চান আবুল হাশেমের ছোট মেয়ে খাদিজা আক্তারও। পড়াশোনা করছেন চৌদ্দগ্রাম সরকারি কলেজে। বাবার পাঠানো টাকায় আধাআধি হয়ে থাকা ঘরের সামনে দাঁড়িয়ে বললেন, ‘সরকার যদি একটা স্কুলে চাকরির ব্যবস্থা করে দিত, সংসারের হাল ধরতে পারতাম। বড় বোনটার বিয়ের বয়স হয়েছে, এই ঘরের কাজ শেষ না হলে তো কোনো পাত্রপক্ষ আসবে না আমাদের বাড়িতে!’ফিরে আসার সময় নুরুর ছোট ভাই রিপন আমাদের নিয়ে যায় ভাইয়ের কবরের কাছে। ভাইয়ের বাহরাইন যাওয়ার দিনটির কথা নাকি মনে পড়ে ওর। ‘ওই বাঁশঝাড়টা পর্যন্ত আমাকে কোলে করে নিয়ে গিয়েছিল ভাইয়া! আমার সব মনে আছে! ভাইয়ার সাথে প্রতিদিন অনেক কথা হতো। বলত, আমাকে দেখতে আসবে!’বিশেষ সহযোগিতা: লাকসাম প্রতিনিধি মজিবুর রহমান, চৌদ্দগ্রাম প্রতিনিধি এম এ কুদ্দুস, দেবীদ্বার প্রতিনিধি আতিকুর রহমান ও ফরিদগঞ্জ প্রতিনিধি মানিক পাঠান।ছবি: সৈকত ভদ্র ও এম সাদেক