


২০০৪ সালের গোড়ার দিক। একদিন কথা চলছে অফিসে। মতি ভাই, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বললেন, ‘সাহিত্যের জন্য আমরা একটা পুরস্কার দিতে পারি না?’ ব্যস, আটঘাট বেঁধে সবাই নেমে পড়লাম।
সরকারি ও বেসরকারি উদ্যোগে কয়েকটি সাহিত্য পুরস্কার এ দেশে ছিল। তার কিছু চালু ছিল, কিছু গিয়েছিল বন্ধ হয়ে। কিন্তু সেসব পুরস্কারের প্রায় সবই দেওয়া হতো কোনো লেখকের সার্বিক অবদানের কথা ভেবে। ঠিক হলো, আমরা পুরস্কার দেব একটি বইকে। তৈরি হয়ে গেল ‘প্রথম আলো বর্ষসেরা পুরস্কার’-এর নীতিমালা। পাঁচ সদস্যের একটি বিচারকমণ্ডলী বসলেন। কিন্তু সৃজনশীল আর মননশীলের মধ্য থেকে একটি বই বাছতে গিয়ে তাঁরা পড়ে গেলেন সংকটে। সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বললেন, ‘না, দুই ধরনের বইয়ের জন্য আলাদা দুটো পুরস্কার দাও।’ পুরস্কার হয়ে গেল একটির বদলে দুটি।
দশটি বছর কীভাবে পেরিয়েও গেল। এই দশ বছরে একুশ জন লেখক পুরস্কার পেয়েছেন। মননশীল শাখায় একবার দুজন পুরস্কৃত হয়েছিলেন। বইয়ের শেষ বিচার বলে কিছু নেই। সাহিত্য পুরস্কার নিয়েও তাই ক্ষান্তিহীন বিতর্ক চলে। সাহিত্যের বিচার ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন। সেটি নন্দনতাত্ত্বিক। কিন্তু কয়েকজন ব্যক্তি একত্রে বসলে বইয়ের বিচার হয়ে ওঠে গণতান্ত্রিক। ফলে বিচারকদের মধ্যে বিতর্ক চলে। সেই বিতর্ক সব সময়ই ছিল চিত্তাকর্ষক। দু-একবার তর্কের পারদ ওপরেও উঠেছে। কিন্তু প্রথম আলো তাতে কখনোই নাক গলায়নি।
শেষ কথা ছিল বিচারকদের।
সেটিই হয়তো তৈরি করে দিয়েছে এ পুরস্কারের গ্রাহ্যতা।
একনজরে
মোট আয়োজন: ১০ (১৪১০-১৪১৯ বাংলা, ২০০৫-২০১৪ খ্রিষ্টাব্দ)
পুরস্কারের শাখা: ২ (সৃজনশীল ও মননশীল)
মোট জমা পড়া বই: ২,০৪৬
মোট বিজয়ী: ২১
আয়োজক: প্রথম আলো
সাজ্জাদ শরিফ
ব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলো