দশ বছরে ডায়াবেটিক রোগী বেড়েছে পাঁচগুণ
দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা এখন পাঁচ লাখের ওপরে। ১০ বছরে ডায়াবেটিক রোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ জন রোগী ডায়াবেটিক রোগী হিসেবে নিবন্ধন নিচ্ছেন।
আজ মঙ্গলবার বেলা একটায় রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের অডিটোরিয়ামে এক স্মরণসভায় এই তথ্য জানান বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ২৭ তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।
নাজমুন নাহার বলেন, প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০ জন মানুষ ডায়াবেটিক রোগী হিসেবে বারডেম হাসপাতালে নিবন্ধিত হন। বারডেম হাসপাতালটি ডায়াবেটিক হাসপাতালে পরিণত হয়েছে। আর এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন ডা. ইব্রাহিম যিনি সব সময় মানবতার সেবায় কাজ করে গিয়েছেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ডাক্তার ইব্রাহিম কর্মের মধ্য দিয়ে আদর্শের উদাহরণ তৈরি করে গিয়েছেন। তাঁর সব কর্মকাণ্ড ও আদর্শে আমাদের তরুণ প্রজন্ম উজ্জীবিত হবে।
সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান বলেন, ‘মানুষকে সেবা দেওয়ার জন্য তাঁর অনুভূতিতে কোনো কৃত্রিমতা ছিল না।’
স্মরণসভায় জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর স্মৃতিচারণ করেন কেএম ফরিদউদ্দিন ও পান্না কায়সার। অনুষ্ঠান শেষে ‘ডা. মোহাম্মদ ইব্রাহিমের জীবন ও আদর্শ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় চারজন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ডায়াবেটিক সমিতির বিভিন্ন মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের মধ্যে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ডা. ইব্রাহিম মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ‘ফ্রি হার্ট ক্যাম্প’ ও রাজধানীর বিভিন্ন এলাকায় সারা দিন বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয়ের ব্যবস্থা করা হয়।