দশ বছরের পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজের আশ্রয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সময় কাটে শিক্ষার্থীদের। ছবি: ফজলে শাহরিয়ার
সবুজের আশ্রয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সময় কাটে শিক্ষার্থীদের। ছবি: ফজলে শাহরিয়ার

পাখির ডাক, সবুজের ছায়ার মাঝে প্রকৃতির গুঞ্জন। এখানে আঠালো লালমাটির স্পর্শে সময় কাটে সবার। সবুজের আশ্রয়ে ছোট ছোট পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আধুনিক, বিশালাকারের কয়েকটি ভবন। সবকিছু মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গত ২৮ মে ছিল বিশ্ববিদ্যালয় দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে ১১ বছরে পা রাখল শিক্ষার্থীদের প্রিয় প্রাঙ্গণ।
যাত্রা শুরু হয়েছিল সাতটি বিভাগ নিয়ে—গণিত, ইংরেজি, অর্থনীতি, লোক প্রশাসন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং। পরবর্তী সময়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বাংলা, নৃবিজ্ঞান, পদার্থ, রসায়ন, পরিসংখ্যান, প্রত্নতত্ত্ব, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ফার্মাসি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগ চালু হয়। কলা ও মানবিক, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল এবং আইন অনুষদের অধীনে ১৫৮ জন শিক্ষক ও প্রায় ছয় হাজার শিক্ষার্থী এই ক্যাম্পাসের প্রাণ। কেউ পড়ছেন, অনেকে পাস করে বিদায় নিয়েছেন। ৫০ একর জমির আনাচ-কানাচে গত ১০ বছরে জমা হয়েছে কত স্মৃতি!
কথা হচ্ছিল নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, গণিতের মিথিলা সরকারসহ কয়েকজনের সঙ্গে। বলছিলেন, ক্যাম্পাসে প্রতিটা দিনই নতুন মনে হয়। এই বিদ্যাপীঠে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন, এমনটাই বিশ্বাস করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খোরশেদুল আলম। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। একই বিশ্বাস হৃদয়ে ধারণ করেন উপাচার্য মো. আলী আশরাফ। বলছিলেন, ‘বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে শিক্ষার্থীদের আমরা গবেষণাধর্মী শিক্ষায় আগ্রহী করতে চাই।’
গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শান্তা গোস্বামী বিশ্ববিদ্যালয়জীবনে নিজে যেমন একটু একটু করে সমৃদ্ধ হচ্ছেন, তেমনি প্রিয় ক্যাম্পাসের বেড়ে ওঠাও দেখছেন কাছ থেকে। তাঁর অভিমত, ‘আমরা যখন এ বিশ্ববিদ্যালয়ে আসি তখন অনেক কিছুই ছিল না। ধীরে ধীরে পরিধি ও পরিসর বেড়েছে। অবকাঠামোর উন্নয়ন হয়েছে, যদিও সব প্রত্যাশা পূরণ হয়নি। তবু বিশ্ববিদ্যালয় দিবস আমার কাছে অন্য রকম একটা দিন।’
বটে! অন্য রকমভাবেই দিনটি উদ্যাপনের আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সকালে বের হয়েছিল বর্ণাঢ্য র্যা লি। এরপর ‘জন্মদিনের’ কেক কাটা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন ও ব্যান্ড প্ল্যাটফর্মের পরিবেশনা—দিনভর শিক্ষার্থীদের মাতিয়ে রেখেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করেছিল বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। আনন্দ আরও বাড়িয়ে দিতে ঢাকা থেকে হাজির হয়েছিল জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন।