দোতলায় করিডরে পাতাবাহার ফুটে আছে। লাল, নীল, হলুদ, সবুজ বর্ণময় রঙের পাতাগুলো জড়ো হয়ে ফুলদানিকে সাজিয়ে তুলেছে। কেউ গানে সুর মেলাচ্ছে, কেউ বা সেট ডিজাইন নিয়ে আঁকিবুঁকি করছে, আবার শেক্সপিয়ারের হ্যামলেটকে জীবন্ত করার প্রয়াস কারও মধ্যে। এ আবার কেমন কথা, বাহারি পাতারা কথা বলে নাকি! ঠিক তাই। এভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা হ্যামলেট নাটকটির মহড়া প্রস্তুতি নিয়ে ব্যস্ত। প্রস্তুতিতে উদ্দীপনা সঞ্চার করছে ওপাশ থেকে ভেসে আসা মিউজিক শিক্ষার্থীদের সুরেলা ফোয়ারা।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও সংগীত (থিয়েটার অ্যান্ড মিউজিক) বিভাগের শুভযাত্রা সূচনা হয় ২০০০ সালে। আশির দশক থেকে প্রগতিমনা সাংস্কৃতিক সংগঠকেরা নাট্যকলা ও সংগীতের প্রাতিষ্ঠানিক একটি রূপ দেখতে চেয়েছিলেন। এই প্রত্যাশার পথ ধরেই নাট্যকলা ও সংগীত বিভাগটি প্রতিষ্ঠা পেয়েছে। বলছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান।নাট্যকলা ও সংগীত একসঙ্গে থাকলেও এটি আসলে একসঙ্গে দুটি বিভাগ। আজ আমরা বলব শুধু নাট্যকলার কথা। বিভাগের নাট্যশিক্ষা ও নাট্যচর্চায় প্রাচ্য কিংবা পাশ্চাত্য—সব ধরনের নাটকই গুরুত্ব পেয়েছে। প্রথম প্রযোজনা মুনীর চৌধুরীর কবর। এরপর তরতর করে এগিয়ে চলা। বিগত ১০ বছরে বিভাগের উল্লেখযোগ্য প্রযোজনাগুলো হচ্ছে রবীন্দ্রনাথের ডাকঘর, রথের রশি, চণ্ডালিকা, রক্তকরবী; সেলিম আল দীনের যৈবতী কন্যার মন, কিত্তনখোলা। প্রযোজনা তালিকা থেকে বাদ পড়েনি আন্তন চেকভের সি গাল, হেনরিক ইবসেনের এ ডলস হাউস, সফোক্লেসের ইদিপাস-এর মতো বিশ্বখ্যাত নাটকও।বিভাগের শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে নাটক করতে কিংবা নাটক বিষয়ে প্রশিক্ষণ নিতে দেশের বাইরেও অনেকবার ভ্রমণ করেছেন। এই তো এই বছরের জানুয়ারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা মঞ্চস্থ করে এলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকা। ত্রিপুরার বিশালগড়, কমলাপুর, খোয়াই, খয়েরপুর, কৈলাশ হল মঞ্চে টানা পাঁচ দিন এই নাটক মঞ্চস্থ করেন তাঁরা। আবার গত বছরের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত নাট্যোৎসবে মনোজ প্রামাণিকের নির্দেশনায় জিয়া হায়দারের এলেবেলে প্রশংসার লক্ষ্য হয়েছিল সবার।নাটক নিয়ে পড়তে আসা কেন? জানতে চাইলে তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রাবণী দাস, নিপা রায়, শামীম আরা জানান, সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা তাঁদের এই বিভাগে ভর্তি হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। শুধু একটি চরিত্রে নয়, পৃথিবীর হরেক রকম চরিত্রে তাঁরা বসবাস করেন। এই যে নানা বর্ণের মেজাজ-মর্জির চরিত্র বোঝার সুযোগ পাওয়া যায়, এটিও তাঁদের ভালো লাগার আরেক কারণ।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ সবে ১০ বছর অতিক্রম করেছে। চারা গাছ বেশ চৌকস হয়েছে। পোক্ত হয়েছে তার কারুকাজে। স্বপ্ন সম্ভাবনাময় একটি বিভাগ। স্বপ্ন বুনে বুনে এভাবেই ডানা মেলে দেবে উত্তরবঙ্গের সংস্কৃতিচর্চার প্রাতিষ্ঠানিক এই বৃক্ষটি।