দশে মিলে দেশের সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশের জন্য তেমন কিছুই করতে পারছি না’—এই উপলব্ধি অনেক প্রবাসীর মনেই কাঁটার মতো বিঁধে আছে। ইদানীং ব্লগের সুবাদে বাংলাদেশের বেশ কিছু উত্সাহী-নিবেদিত তরুণ-তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। দেশের বিভিন্ন সমস্যায় তাঁরা বেশ ভালোমতোই নিজেদের আত্মিকভাবে যুক্ত করে ফেলেন এবং কিছু একটা করার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন।দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে বাংলাদেশের উন্নয়নে সবসময়ই কাজ করে চলেছে। আবার অনেকে ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে দেশের উন্নয়নে নানারকম প্রকল্প গ্রহণ করেন। তার মধ্যে ‘হাউস অব ভলান্টিয়ারস’ সংগঠনটির সহজবোধ্য দর্শন আমাকে বেশ আকৃষ্ট করেছে। এই সংগঠনটির মূলমন্ত্র হলো—উন্নয়নশীল দেশগুলোর মূলত শিক্ষাক্ষেত্রে সহজ কিছু প্রকল্পের মাধ্যমে অল্প খরচে, অধিক ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী সমাধানের চেষ্টা করা। সংগঠনের অবকাঠামো দেশীয় জনবল ও সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে ফলপ্রসূ উন্নয়নের আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে। সংগঠনটির অন্যতম সংগঠক আশীরুল আমিন জানালেন, ‘আমাদের মূল লক্ষ্য দেশের তরুণ ও ছাত্রদের সেবাধর্মী কাজ করার ইচ্ছা ও উত্সাহকে গঠনমূলক এবং শিক্ষাকেন্দ্রিক কিছু প্রকল্পের কাজে লাগানো। এই সংগঠনের সঙ্গে খুব সহজেই দেশি ও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সম্পৃক্ত করতে পারবেন বলেই আমার বিশ্বাস।’‘হাউস অব ভলান্টিয়ারস’-এর ভিতটা গড়ে উঠেছিল বহু আগে। ২০০১-এর দিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একটি অফিস থেকে অনেক ভালো বই দান করা হচ্ছিল। তখন এমআইটির ‘বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ বাংলাদেশে বই পাঠানোর উদ্যোগ নিয়েছিল। ওই সময় প্রায় ৩৫০টি বই আমেরিকার এম-ব্যাগ নামের এক পোস্টাল সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। দেশে বই পাঠানোর ওই উদ্যোগটি তখন বেশ সাড়া ফেলে দিয়েছিল। কয়েক বছর বিরতির পর ২০০৬ সালে এমআইটির তত্কালীন ছাত্র সুদীপ্ত সরকার ও সাবেক ছাত্রী নাবিলা আলমের নেতৃত্বে আবার বই ও গবেষণাপত্র সংগ্রহের উদ্যোগ ‘বুকড্রাইভ ফর বাংলাদেশ’ প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করে। এমআইটির বিভিন্ন অফিস, ডরমেটরি থেকে বই সংগ্রহ ছাড়াও বোস্টন ও আশপাশের এলাকার ছাত্রছাত্রী, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও বই সংগ্রহ করা শুরু হয়। প্রকল্পটি নানা অনিশ্চয়তার মধ্যেও বস্টন প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভালো বই পেলেই দেশের জন্য সংগ্রহ করে রাখতেন। ২০০৭-এর গ্রীষ্মে আমিনুল হকের প্রচেষ্টায় ও উদ্যোগে ব্র্যান্ড্যাইস ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে বিশ্বমানের নানা গবেষণাপত্রের একটি বড় ধরনের চালান ‘বুকড্রাইভ ফর বাংলাদেশ’ প্রকল্পের জন্য সংগ্রহ করা হয়েছিল। অনেক ভলান্টিয়ার মিলে বই সংগ্রহ করে বিভিন্ন বাসার বেইসমেন্ট, গ্যারেজে বইগুলো জমিয়ে রাখছিলেন। প্রবাসী বাংলাদেশিরা যে-যেভাবে পেরেছেন, সহযোগিতা করার চেষ্টা করেছেন। ২০০৮-এর প্রথম দিকে এই দুইটি প্রকল্পকে একত্র করে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তখন এমআইটির ছাত্র সুদীপ্ত সরকার ও ইয়াসীন জামান এমআইটির একটি ছাত্রসংগঠন হিসেবে ‘হাউস অব ভলান্টিয়ারস-এর গোড়াপত্তন করেন। এমআইটির তৃতীয় বর্ষের বাংলাদেশি ছাত্র রাকিবুল ইসলাম কেতন এমআইটি হাউস অব ভলান্টিয়ারস-এর বর্তমান প্রেসিডেন্ট। তিনি একই সঙ্গে এই সংগঠনের তৃতীয় প্রকল্প ‘আই-স্কুল’-এর প্রধান পরিকল্পক। বর্তমানে ‘হাউস অব ভলান্টিয়ারস’ বাংলাদেশ সরকারের রেজিস্ট্রিভুক্ত এবং বাংলাদেশের বুয়েট, ব্র্যাক ও আইবিএতে এর ছাত্র অঙ্গসংগঠন (স্টুডেন্ট চ্যাপ্টার) আছে। এই সংগঠনের বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক শামীম বাংলাদেশে এর সাফল্য ও সম্ভাবনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। বর্তমানে হাউস অব ভলান্টিয়ারসের বাংলাদেশে তিনটি প্রকল্প রয়েছে। বই সংগ্রহ প্রকল্প: এই প্রকল্পের মূল ভাবনা হলো উন্নত দেশের বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক বই ও জার্নাল সংগ্রহ করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে বিতরণ করা। ওপেন সোর্স কম্পিউটার এডুকেশন প্রোগ্রাম: দেশের অবহেলিত ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য করাই সংগঠনের দ্বিতীয় প্রকল্পের মূল্য লক্ষ্য। আইস্কুল: আইস্কুলের মূল ভাবনা হলো—আমাদের দেশের পাঠ্যপুস্তকগুলোর (মূলত পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নবিজ্ঞান) সহায়ক ভিডিও সিডি বানিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া। হাউস অব ভলান্টিয়ারসের ওয়েব সাইট: http://web.mit.edu/hov/www/index.htmlবই দেশে পাঠানো, কম্পিউটার সেন্টার খোলা ও নানারকম সাংগঠনিক কাজের জন্য যে কেউ চাইলে এই সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন। বর্ষা নূরউইন্ডসর, কানাডা থেকে