দশে মিলে ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরাই বাংলাদেশ১১ অক্টোবর, ২০১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে বসেছে তরুণ মেধাবীদের মিলনমেলা। মাঝদুপুরে মাথার ওপর ঠায় দাঁড়িয়ে থাকা সূর্যটাকে থোড়াই কেয়ার করে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন অনুষদের মিলনায়তনে। ভৌগোলিক নির্দেশনা আইন বা Geographical Indication (GI) Act of Bangladesh-এর ওপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্যই ভিড় করেছেন শিক্ষার্থীরা। বিল্ড বেটার বাংলাদেশ (বি-কিউব) ফাউন্ডেশন নামের একটি তারুণ্যনির্ভর স্বেচ্ছাসেবী সংস্থা এ আলোচনার আয়োজক। ভৌগোলিক নির্দেশনা আইনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যম এবং সরকারের দৃষ্টিগোচর করার জন্যই কাজ করে যাচ্ছে সংস্থাটি। দ্রুততম সময়ে ভৌগোলিক নির্দেশনা আইনের বাস্তবায়ন করে পুরো পৃথিবীকে আমাদের দেশীয় পণ্য ও ঐতিহ্যের বিষয়ে জানানোর জন্য এ আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। এ আইনই পারে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যগুলোর নিজ পরিচয় নিয়ে হাজির হওয়ার সুযোগ করে দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসেছিলেন দারুণ উৎসাহ নিয়ে। বিভিন্ন বিষয়ে উপস্থিত অতিথিদের সরাসরি প্রশ্ন করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে দেরি করেননি তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ফায়সাল আহমেদ বলেন, ‘এই অনুষ্ঠানে আসার আগে Geographical Indication (GI)-এর ব্যাপারে কিছুই জানতাম না। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করার পর এ বিষয়ে জেনে দেশের ঐতিহ্য রক্ষার ব্যাপারে কাজ করার সাহস পাচ্ছি। জামদানি, ফজলি আম আমাদের এমন দেশি পণ্যগুলো বিশ্ববাজারে পরিচিত করা খুবই জরুরি।’ বিল্ড বেটার বাংলাদেশ (বি-কিউব) ফাউন্ডেশনের সভাপতি হাসিব রশীদের কাছ থেকে জানা যায়, তাঁরা মূলত সুবিধাবঞ্চিত কিশোর ও যুবকদের ক্ষমতায়ন নিয়ে কাজ করেন। এই সংগঠনটির একটি বড় শক্তি ফেসবুক। এই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটির গ্রুপ এবং পেজের মাধ্যমে দেশ নিয়ে ভাবনাগুলো প্রতিদিন তারা ছড়িয়ে দিচ্ছেন হাজারো তরুণের মাঝে। তরুণদের মাধ্যমে দেশের সামাজিক উন্নতি ও গতিময় আর্থসামাজিক সমৃদ্ধি অর্জনের চেষ্টা করাই সংস্থাটির প্রধান লক্ষ্য। সংগঠনটির যুগ্ম সচিব আতিকুর রহমান বলেন, ‘আমাদের পণ্য অন্যরা নিয়ে যাবে, এটা আমরা হতে দেব না।’ গ্রুপটির লিংক: www.facebook.com/groups/buildbetterbangladesh—কিঙ্কর আহ্সানমানুষের পাশেনামটা বেশ অন্য রকম, ‘আমরা খাঁটি গরীব’। ২০০৯ সালের ১ ডিসেম্বর যাত্রা শুরু করেছিল ফেসবুকের এই গ্রুপটি। গ্রুপের সদস্যরা বিশ্বাস করেন, তরুণেরা চাইলেই বদলাতে পারেন নিজের আশপাশের চেহারা। এই বদলানোর জন্য প্রয়োজন একতা। সেই একতার মঞ্চ হিসেবে তাঁরা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। দাঁড়াচ্ছেন মানুষের পাশে। বিশেষ করে প্রতি শীতে তাঁরা উষ্ণতা পৌঁছে দিচ্ছেন শীতার্ত ব্যক্তিদের কাছে। আমরা খাঁটি গরীবের সদস্যসংখ্যা এখন প্রায় ১০ হাজার। ফেসবুকের ওই গ্রুপের মাধ্যমে নিজেদের ইচ্ছার কথা জানানোর পর সাড়া পড়ে অনেক তরুণের মাঝে। যে যেভাবে পারেন এগিয়ে আসেন শীতার্ত ব্যক্তিদের মুখে একটু হাসি ফোটানোর তাগিদে। ২০১০ সাল থেকে ২০১২—এই তিন বছরে আমরা খাঁটি গরীব শীতবস্ত্র সংগ্রহ করেছে বিভিন্নভাবে। ডিসেম্বর মাসে মানুষের মুখে জাতীয় পতাকা আঁকার কাজ করেও তহবিল সংগ্রহ করেছে। বিশেষ করে তরুণেরা তাঁদের জমানো টাকা অকাতরে দান করেছেন গ্রুপটির কাছে। সবশেষে সেই শীতবস্ত্র ও অর্থ নিয়ে তারা গিয়েছে উত্তরাঞ্চলের শীতপ্রবণ এলাকা লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় ও রংপুরে।‘ভালো কাজের সঙ্গে থাকার শপথ নিয়ে শুরু হয়েছে “আমরা খাঁটি গরীব” গ্রুপের পথচলা। ২০১০ সালে সবার টাকা দিয়ে কেনা হয় ২২০টি কম্বল, ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি গরম কাপড়ের বস্তা। প্রথমে গ্রুপের কেউ কাউকে চিনতাম না আমরা! কী আশ্চর্য, সেই অচেনা মানুষগুলোই আমাদের পাশে এসে দাঁড়ালেন নির্দ্বিধায়! পুরো ডিসেম্বর মাস চলল শীতবস্ত্র সংগ্রহ অভিযান। জানুয়ারির ৭ তারিখ রাতে আমরা চললাম কুড়িগ্রামের বকুলতলা গ্রামের উদ্দেশে, একটা ট্রাকে চেপে।’শুরুর কথা বলছিলেন গ্রুপটির প্রতিষ্ঠাতাদের একজন রাকিব কিশোর। এভাবেই শুরু। এরপর পঞ্চগড়, লালমনিরহাট ও রংপুরেও শীতবস্ত্র নিয়ে হাজির হলেন আমরা খাঁটি গরীবের সদস্যরা। পথশিশুদের ফল খাওয়ানোর উদ্যোগ নিলেন তাঁরা ২০১০ সালের জুন মাসে। এভাবেই চলতে লাগল পরের বছরগুলোতেও। ২০১১ সালের জানুয়ারিতে লালমনিরহাটের তিনটি গ্রামের মানুষ পেল শীতবস্ত্র, একই বছরের জুন মাসে পথশিশুরা পেল আম। আমরা খাঁটি গরীব এই আম বিতরণ আয়োজনের নাম দিল ‘আম উৎসব’। এ বছরও শীতবস্ত্র সংগ্রহে মাঠে নেমেছে গ্রুপটি। ফেসবুককে যে সমাজ বদলানোর একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, এটা আমরা খাঁটি গরীব বিশ্বাস করে মনেপ্রাণে। গ্রুপটির প্রতিষ্ঠাতাদের একজন রোহিত হাসান বলছেন, ‘ফেসবুক দিয়ে অনেক কিছুই করা সম্ভব, প্রয়োজন শুধু উদ্যোগ ও সৎ সাহসিকতার।’ আমরা খাঁটি গরীব গ্রুপের লিংক-www.facebook.com/ groups/amrakhatigorib—মাহফুজ রহমানলাল শপথ২৯ সেপ্টেম্বর ২০১২। গভীর রাতে কক্সবাজারের রামুর ঘুমন্ত বৌদ্ধপল্লিতে হামলা করেছিল দুর্বৃত্তরা। রামুর বহু ঘরবাড়ি আর বৌদ্ধবিহারগুলোতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল। কয়েক জন তরুণের মনে হলো, শুধু দীর্ঘশ্বাস, সমবেদনা প্রকাশ আর প্রতিবাদই যথেষ্ট নয়। ‘একটা কিছু করতে হবে’। আর ‘একটা কিছু করা’র মাধ্যম হিসেবে তাঁরা বেছে নিলেন ‘ফেসবুক’কেই।৪ অক্টোবর ফেসবুকে ‘রেড ব্লাড’ নামের একটি ‘কমিউনিটি’ খোলা হলো। রেড ব্লাড কোনো সংগঠন কিংবা সংস্থা নয়, শুধুই একদল মানুষ। যাঁরা রামুর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চান। বই, কাপড়, গৃহস্থালি সরঞ্জামাদি কিংবা নগদ অর্থের মাধ্যমে সাহায্যের আহ্বান জানালেন তাঁরা।রেড ব্লাডের অন্যতম উদ্যোক্তা মাসুদুল আমিন বলছিলেন, ‘কমিউনিটিটা খোলার এক ঘণ্টার মধ্যে দেখি প্রায় ১০০টা লাইক। দ্রুত খবর ছড়িয়ে পড়ল। আমরা ভেবেছিলাম, শুধু পরিচিত বন্ধুবান্ধবদের কাছেই সহায়তা পাব। কিন্তু না, সম্পূর্ণ অপরিচিত মানুষজনও আমাদের সাহায্য করতে শুরু করলেন। বিভিন্ন অফিসের কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দল বেঁধে আমাদের পাশে দাঁড়ালেন। সানবিমস স্কুল থেকে বেশ কিছু বই, খাতা আর পড়ালেখার সরঞ্জামাদি দেওয়া হলো রামুর শিশুদের জন্য। এমনকি দেশের বাইরে থেকেও প্রবাসী বাংলাদেশিরা আমাদের সাহায্য করলেন।’রেড ব্লাড গ্রুপের সদস্যরাই ঘুরে ঘুরে সাহায্য সংগ্রহ করলেন। সাত দিন পর তাঁরা যখন রামুর পথে রওনা হলেন, তাঁদের সঙ্গী হলো প্রায় আট লাখ ১২ হাজার টাকা, ১০০টি কম্বল, ৩০ বস্তা কাপড়, ৪০০ টুকিটাকি গৃহস্থালি সরঞ্জাম এবং ছয় বাক্স বই আর ওষুধ! মাসুদুল আমিন বলছিলেন, ‘এতটা সাড়া পাব, আমরা ভাবতেও পারিনি। ফেসবুকটা আমরা শুধু ব্যবহারই করি। এটা যে কী পরিমাণ শক্তিশালী একটা মাধ্যম, তা আমরা জানি না।’বর্তমানে রেড ব্লাড কমিউনিটির সঙ্গে যুক্ত আছেন এক হাজার ৪৩০ জন। পেজটিতে রামু: উই স্ট্যান্ড এস ওয়ান নামের একটি তথ্যচিত্রের মাধ্যমে তাদের পুরো কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে। পেজের লিংক: www.facebook.com/rdbld—মো. সাইফুল্লাহমুক্তিযুদ্ধের গল্প শোনো‘রাজনৈতিক তর্কাতর্কি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি শুধু বুঝি দেশটার ভালো করতে হবে। ভালো সব কাজে নিজেকে জড়িয়ে দেশের জন্য কাজ করতে চাই।’ ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ নামের পেজে এক তরুণ এভাবেই জানিয়েছেন দেশ নিয়ে তাঁর ইচ্ছার কথা। প্রায় অর্ধলাখ পাঠককে অনলাইনে মুক্তিযুদ্ধের ইতিহাসপাঠে একীভূত করেছেন ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ পেজটির সঙ্গে জড়িত তরুণেরা। মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস পাঠ্যবইয়ের পাতায় বন্দী করে একঘেয়ে করার বদলে সহজ ও আনন্দদায়ক উপায়ে তরুণ প্রজন্মের কাছে রণাঙ্গনের কাহিনি আর দেশপ্রেমের কথা ছড়িয়ে দেওয়ার জন্য ২০১০ সাল থেকে কাজ শুরু করে এ সংগঠনটি। দেশ ও দেশের বাইরের অনেক মানুষ কাজ করে যাচ্ছেন পেজটিকে সমৃদ্ধ করার জন্য। ঢাকা থেকে এটি সমন্বয়ের কাজ করছেন সাদমান সাদেক। তিনি বলেন, ‘শুরুর দিকে লেখক জাফর ইকবাল স্যার মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য তরুণদের কাছে পৌঁছানোর একটি উদ্যোগ নেন। পরবর্তী সময়ে সেখান থেকে উৎসাহ পেয়েই আমরা কাজ শুরু করি। ফেসবুকে থাকা একটি বড় অংশের তরুণেরা আমাদের পেজটিতে আছেন। এই পাঠক বা ফ্যানদের সহযোগিতায় ধীরে ধীরে ই-পেজটি পরিণত হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, তথ্যের একটি অনলাইনভিত্তিক আর্কাইভে।’তিনি আরও জানান, তরুণেরা সচেতন হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা এবং দেশ গড়ার কাজে এগিয়ে এলেই সংগঠনটির সঙ্গে জড়িত সবাই নিজেদের সফল মনে করবেন। পেজে নিয়মিত লেখা দিয়ে সাহায্য করা ফ্যানদের মাঝে মঞ্জুর হাসান, জিয়াউল হক, সাফওয়াত আবেদীন উল্লেখযোগ্য। এ ছাড়া রিজভান নাশীন, প্রীতম দাশ কাজ করে যাচ্ছেন পেজটিকে উন্নত করার জন্য। যে চেতনা এবং দেশপ্রেমের ওপর ভর করে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনাকে আঁকড়ে ধরে এগিয়ে যাক তরুণ প্রজন্ম। মুক্তিযুদ্ধের ইতিহাস গেঁথে দিতে হবে তরুণ প্রজন্মের হূদয়ে। এ লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান আয়োজন করেছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে তরুণদের শুনিয়েছেন যুদ্ধের গল্প। সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা কাঁকন বিবিকে আর্থিক সাহায্য দিয়েছে সংগঠনটি। তবে দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন সংগঠনটির সদস্যরা।হাঁটি হাঁটি পা পা করে এগোনো ‘মুক্তিযুদ্ধের গল্প শোনো’ পেজটি এবং এর সঙ্গে জড়িত মানুষগুলো এখন অনেক পরিণত। দেশ নিয়ে তাঁদের যে স্বপ্ন, তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সবাই। মুক্তিযুদ্ধের গল্প শোনো পেজের লিংক: www.facebook.com/Muktijuddhergolpo