দস্যি ছেলের গল্প
আমার পাঁচ ছেলে, পাঁচ মেয়ে। ছেলেদের মধ্যে মোশাররফ করিম চার নম্বর। মোশাররফের বাবা পেশায় ছিলেন ডাক্তার। বরিশালের গৌরনদীতে বাড়ি আমাদের। স্বামী পেশার কারণেই ঢাকায় থাকতেন। মোশাররফ যখন পেটে, তখন থেকেই বুঝতাম, ও আমাকে অনেক জ্বালাবে। সারাক্ষণ নড়াচড়া করত। মনে হতো ও চঞ্চল, দুষ্টু আর রাগী স্বভাবের হবে। তখন ভাদ্র মাস। ১৯৭০ সালের ২২ আগস্ট। তুমুল বৃষ্টি হচ্ছিল। ঝুম বৃষ্টির মধ্যেই গভীর রাতে আমার প্রসববেদনা উঠল। ধাত্রী ছিলেন আমার এক খালা। রাত আনুমানিক ১২টার দিকে মোশাররফ জন্ম নিল। ওর নামটা দিল আমার এক আত্মীয়। আর ডাকনাম দেওয়া হলো ‘শামীম’। ডাকনামটা রেখেছিল ওর বাবা। টানা বৃষ্টি যেহেতু আর কমছিল না, তাই ১৩ দিনের মাথায় তীব্র ঠান্ডা লেগে গেল আমার ছোট সোনামানিকের। একটা সময় নিউমোনিয়া হয়ে গেল। সবার কান্নাকাটি। ওর বাবা ঢাকা থেকে চলে এলেন। তখন তো আর মুঠোফোন নেই। টেলিগ্রাম আর চিঠি—এ দুটোর ওপরই ভরসা করতে হতো। গৌরনদীর এক শিশু বিশেষজ্ঞকে ওর বাবা নিয়ে এলেন। চিকিৎসা দেওয়া হলো। মোশাররফ সুস্থ হয়ে উঠল। আমার বুক থেকে পাষাণ ভার নেমে গেল। আস্তে আস্তে ছেলে আমার বড় হয়ে ওঠে। এল ১৯৭১। দেশে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার বড় দুই ছেলে আর মোশাররফকে নিয়ে আমি চলে এলাম ঢাকায়। গোপীবাগের একটি বাড়িতে ওর বাবার সঙ্গে থাকি। অন্য ছেলেমেয়েদের ওপরওয়ালার ভরসায় বাড়িতে রেখে এলাম। আমরা গোপীবাগের যে বাড়িতে ভাড়া থাকতাম, সেই বাড়ির পাশেই মুসলিম লীগ করতেন এমন একজন থাকতেন। তাঁর বাড়িতে পাকিস্তানি সেনারা আসত। ভীষণ ভয়ের মধ্যেই আমরা দিনগুলো পার করতাম। দেশ স্বাধীন হলো। বাড়িতে ফিরে গেলাম। সবাই ভালো ছিল। মোশাররফ আস্তে আস্তে বড় হয়ে উঠল। ওকে ঢাকায় এনে স্কুলে ভর্তি করে দিলাম। কিন্তু একি সমস্যা! ছেলের পড়াশোনায় মনোযোগ একেবারেই কম! একজন লোক রাখা হলো যে কিনা মোশাররফকে স্কুলে দিয়ে আসবে আবার নিয়ে আসবে। কিন্তু মোশাররফ মাঝেমধ্যেই স্কুল শেষে কোথায় যেন হারিয়ে যেত। চারদিকে খোঁজাখুঁজি শুরু করতে হতো। দেখা যেত কখনো খেলার মাঠে, কখনো রাস্তায় রাস্তায় ঘুরছে। ফুটবল খেলার পাগল ছিল ও। গোলরক্ষক হিসেবে খেলত। এ জন্য ওর দুই হাঁটুতে প্রায়ই আঘাতের চিহ্ন থাকত। হাতের দুই কনুইয়ের চামড়া ছিলে ঘা হয়ে যেত। তবু ও থামত না। খুব মারও খেত আমার হাতে। বিশেষ করে খাওয়াদাওয়া নিয়ে। চার বছর বয়স পর্যন্ত ছেলে আমার দুধ ছাড়া কিছুই খেত না। মোশাররফ ছোটবেলা থেকেই ভীষণ রাগী। তবে রাগ উঠলে কাউকে কিছু না বলে নিজেই যেন নিজেকে কষ্ট দিত। ভেতরে ভেতরে ফুঁসত। অন্য ভাইবোনদের সঙ্গে অবশ্য ওর খুবই ভালো সম্পর্ক ছিল। কিন্তু রেগে গেলে কারও সঙ্গে কথা বলত না।ওর বাবা ডাক্তারি করলেও ছিলেন সংস্কৃতমনা। দেশের বাড়িতে মঞ্চনাটক করতেন। বড় বড় নাটক পালা করে করতেন। আমার অন্য কোনো ছেলেমেয়ে এদিকে না গেলেও মোশাররফ ওর বাবার এই গুণটা পেয়েছে ঠিকই। শহরে ওর পড়াশোনা হচ্ছে না, সে জন্য ওকে নিয়ে যাওয়া হলো গ্রামের বাড়িতে। সেখানে যাওয়ার পর দেখা গেল, পড়াশোনা করছে ঠিকই, কিন্তু নাটক, খেলাধুলা, কবিতা আবৃত্তি—এসব নিয়েই সারাক্ষণ মেতে থাকছে। একদিন দুপুরবেলা খবর পেলাম, বন্ধুর হাতের ইটের ঢিল এসে লেগেছে মোশাররফের মাথায়। গ্রামের বউ-ঝিরা আমরা সাধারণত তখনকার সময়ে হুটহাট করে বাড়ির বাইরে বেরোতে পারতাম না। কিন্তু ছেলের কারণে উদ্ভ্রান্ত হয়ে ছুটলাম। গিয়ে দেখি, মোশাররফ জ্ঞান হারিয়ে ফেলেছে। আমার কান্না দেখে সবাই ওকে নিয়ে হাসপাতালে গেল। চিকিৎসা দেওয়ার পর ও সুস্থ হয়ে উঠল। আজও মোশাররফের কপালের ওপর সেই আঘাতের চিহ্ন রয়ে গেছে।এভাবেই মোশাররফ ওর স্কুলজীবন শেষ করল। তত দিনে ও মঞ্চে নাটক করে। গ্রামের সবাই বলত, বাবার মতোই নাটকপাগল হবে ও। কিন্তু আমি এসব পছন্দ করতাম না। ওকে বলতাম, ‘বাবা রে, এসব করে কী লাভ? ভালো করে পড়াশোনা কর। চাকরি করবি, বিয়েশাদি করবি।’ মোশাররফ কিছু না বলে উঠে যেত আমার সামনে থেকে। এইচএসসি পরীক্ষা শেষে হঠাৎ শুনি ও নাকি মঞ্চনাটকে যোগ দিচ্ছে। আমি বললাম, ‘বাবা, তুই কী করছিস?’ ও বলল, ‘মা, এটা তো ভালো কাজ হবে। অনেক কিছু শেখা যাবে। এর মধ্যে কোনো সমস্যা নেই। আর ওসব চাকরিবাকরি আমাকে দিয়ে হবে না।’ আমি প্রশ্ন করি, ‘তুই চলবি কী করে?’ মোশাররফ হেসে বলল, ‘একভাবে না একভাবে চলে যাব গো, মা। খামোখা এ নিয়ে টেনশন করো কেন?’ছেলের কথা শুনে চিন্তা বাড়ল। কিন্তু ছেলে সিদ্ধান্ত নিতে ভুল করেনি। মঞ্চনাটক থকে টিভি-নাটক, তারপর সিনেমা। আজ ওর চারদিকে অনেক নামডাক হয়েছে। মোশাররফকে নিয়ে আমার দুশ্চিন্তারও শেষ নেই। ঢাকায় ওর কাছে কয়েক দিন ধরে আছি। দেখলাম, ওর দিন নেই, রাত নেই—সারা দিন শুধু কাজ আর কাজ। ঘরে ছোট একটা বাচ্চা আছে। তাকেও সময় দেয় না। নিজের প্রতি কোনো যত্ন নেয় না। এমন কাজপাগল হলো কেন ছেলেটা, ঠিক বুঝি না। গ্রামের মানুষ আমাকে দেখলেই বলে, ‘ও ভাবি, পোলারে কয়ডা বিয়া করাইছো?’ আমি বলি, ‘কেন, একটাই।’ ‘কিন্তু নাটকে একেকবার একেকজনের সঙ্গে বিয়ে বসতে দেখি। তোমার পোলা তো দেহি ৮-১০ জনের লগে পেরেম করে। বিয়াও করছে নি হেই মায়া মানুষগুলারে?’আমি ওদের কথা শুনে হাসি। আসলে ওরা সহজ-সাধারণ মানুষ। তাই বুঝতে না পেরেই এভাবে কথা বলে। আমি যখন আত্মীয়স্বজনের বাড়িতে যাই, তখন সবাই আমাকে ডাকে ‘নাটকের মা আইছে গো’ বলে। কেউ আর বলে না ‘মোশাররফের মা’।(অনুলিখিত)