দস্যুদের থাবায় উজাড় বনাঞ্চল
কক্সবাজারের মহেশখালী উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিনিয়ত গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। জনবলসংকটের কারণে পাহারা দিতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড়মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বনাঞ্চলে দস্যুদের তৎপরতা বেশি। এসব এলাকার বনাঞ্চল থেকে সেগুন, গর্জন, কড়ই, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে রাতের অন্ধকারে মহেশখালী চ্যানেল দিয়ে পাচার করা হয়।ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়ার বাসিন্দা আবদুর রহিম বলেন, মুদিরছড়া বিট এলাকা থেকে গত দুই মাসে দুই শতাধিক গাছ কেটে নিয়ে গেছে বনদস্যুরা। কিন্তু বন বিভাগের লোকজন এদের ধরতে পারছেন না। নির্বিচারে গাছ কাটায় অনেক পাহাড় ন্যাড়া হয়ে গেছে। দীনেশপুর বিট কার্যালয়ের বনপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘দুজন লোক দিয়ে প্রায় চার হাজার একর বনাঞ্চল দেখভাল করা সম্ভব হচ্ছে না। একদিকে পাহারা দিতে গেলে অন্যদিকে বনদস্যুরা গাছ কাটার চেষ্টা করে। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে বনাঞ্চল রক্ষা করতে গিয়ে ১১ অক্টোবর বনদস্যুদের হামলার শিকার হয়েছি।’ বন বিভাগের মুদিরছড়া বিট কর্মকর্তা ম্যাকেল চাকমা জানান, সরকারি বনাঞ্চল পাহারা দিতে গিয়ে গত ছয় মাসে বনদস্যু ও বনকর্মীদের সঙ্গে অন্তত পাঁচবার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০০ ফুট গাছ। বন বিভাগের কেরুনতলী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, একজন বিটে অন্তত ১০ জন লোক থাকার কথা। সেখানে আছেন মাত্র তিনজন। আর তিনজন লোক দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কীভাবে সম্ভব?মহেশখালী রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, এক সময় ২০ হাজার একর বনাঞ্চল থাকলেও এখন আছে মাত্র আট হাজার একর। বাকি ১২ হাজার একর অবৈধভাবে দখল করে বসতি ও পানের বরজ স্থাপন করেছে স্থানীয় লোকজন। এ প্রসঙ্গে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান বলেন, মহেশখালী রেঞ্জের অধীনে পাঁচটি বিট কার্যালয়ে ৫০ জন লোক থাকার কথা থাকলেও আছে মাত্র ২৩ জন। তার মধ্যে বনপ্রহরী রয়েছে মাত্র ছয়জন। এ কারণে প্রায় আট হাজার একর বনাঞ্চল পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বনদস্যুদের কবল থেকে বনাঞ্চল রক্ষা করতে হলে জনবল বাড়াতে হবে।