বাচ্চাদের দাঁতে ‘পোকা’ ধরল (ক্যারিজ) নাকি কোনো সংক্রমণ হলো, তা নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। ধরে নিই, ‘দুধ-দাঁত’ তো বেশি দিন থাকে না, এমনিতেই পড়ে যায়। এরপর যে স্থায়ী দাঁত ওঠে, সেটাই আসল। কিন্তু এটা ভুল ধারণা। বাচ্চাদের দুধ-দাঁতের যত্ন না নিলে পরবর্তী জীবনে দাঁতের জন্য তাদের চরম ভোগান্তি হতে পারে। গবেষণায় সেটা দেখা গেছে। তাই সাবধান হতে হবে শুরুতেই। এ সম্পর্কে কয়েকটি তথ্য জেনে নিই আসুন।
১. যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দেখেছে, দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুদের প্রায় এক-চতুর্থাংশেরই দাঁতে পোকা। মা-বাবাদের অবহেলার জন্য এ দুরবস্থা। হয়তো তাঁরা ভাবেন দু-চার দিন দাঁত ঘষা বাদ গেলে কী-ইবা ক্ষতি! শিশুরা সারাক্ষণ হয়তো স্ন্যাকস আর জুসের ওপর থাকে।
এগুলোই দাঁতে পোকা ধরায়। পোকায় খাওয়া দাঁত তুলে ফেললেও বিপদ। কারণ, বেশি দিন ফাঁকা পড়ে থাকলে পাশের দাঁত সে শূন্যস্থানে ঢুকে পড়ে, নতুন দাঁত ত্যাড়াবাঁকা হয়ে ওঠে। মুখের সৌন্দর্যই শুধু নষ্ট হয় না, মুখের নানা অসুখবিসুখও দেখা দেয়।
২. যেসব বাচ্চার দাঁতে পোকা হয়, বড় হয়ে তাদের দাঁতে পোকা হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় তিন গুণ। ২০০২ সালে জার্নাল অব ডেন্টাল রিসার্চে প্রকাশিত এক গবেষণার ফলাফলে এ তথ্য জানা গেছে।
৩. দিনে অন্তত দুবার ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দাঁত না ঘষা বা অতিরিক্ত চিনি মেশানো জুস বেশি খাওয়ার কারণেই যে এ রকম হয়, তা নয়। যেসব ব্যাকটেরিয়ার আক্রমণে দাঁতে ক্ষত হয়, যাকে আমরা সহজ কথায় ‘পোকা ধরা’ (ক্যারিজ) বলি, তা মুখে সংক্রমণ ঘটায় এবং নষ্ট দাঁত ফেলে দেওয়ার পরও সেই সংক্রমণ থেকে যায় ও মুখের সমস্যা সৃষ্টি করে।
৪. বাচ্চাদের দুধ-দাঁতে পোকা ধরলে দ্রুত চিকিত্সা করাতে হবে। না হলে ঘা হয়ে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে।
৫. অভিভাবক স্থানীয় কেউ বাচ্চাদের দিনে দুবার করে নিয়মিত ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে দাঁত ঘষে দেবেন। দিনে ১৫ মিনিটের বেশি মিষ্টি জুস যেন বাচ্চারা না খায়, তা দেখতে হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, সায়েন্স
১ এপ্রিল ২০১৬