দাঁতব্যথায় স্বস্তি দিতে 'বোতলজাত প্রকৃতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁতের ডাক্তারের সামনের চেয়ারে বসে সৈকতে হেঁটে বেড়ানোর আনন্দ অনুভব করতে চান! যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী দন্তরোগীদের জন্য এ রকম ভার্চ্যুয়াল বাস্তবতার পরিবেশ তৈরি করেছেন। এটা দাঁতের চিকিৎসা নেওয়ার সময় রোগীদের অহেতুক উদ্বেগ কমাতে বেশ সহায়ক।
গবেষকেরা এই চিকিৎসা সহায়ক ব্যবস্থার নাম দিয়েছেন ‘বোতলজাত প্রকৃতি’। এটা কারও কারও ভয় দূর করতে পারে। এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ এনভায়রনমেন্ট অ্যান্ড বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
এটির সহলেখক প্লেমাউথ ইউনিভার্সিটির গবেষক সাবিন পাহ্ল বলেন, দাঁতে অস্ত্রোপচারের মতো উদ্বেগপূর্ণ একটা পরিস্থিতিতে প্রকৃতিকে সামনে নিয়ে এলে কেমন হয়? পরীক্ষায় এর ইতিবাচক প্রভাব দেখা গেছে। মনোজগৎ প্রকৃতির সংস্পর্শে এলে এমন অনেক সুফল পাওয়া যায়। দাঁতের চিকিৎসা নিতে অনেকেই ভয় পায় এবং এ কারণে ডাক্তারদের কাছে আসতে চায় না। এটা কাটানোই গবেষকদের লক্ষ্য।
‘বোতলজাত প্রকৃতি’ আসলে ডাক্তারের চেম্বারে রোগীকে প্রযুক্তির মাধ্যমে ভার্চ্যুয়াল বাস্তবতার অভিজ্ঞতা দেওয়ার একটা উপায়মাত্র। ৭০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, এই পদ্ধতিতে চিকিৎসায় রোগীদের যন্ত্রণার মাত্রা অনেকটা কমে বলে তাঁরা জানিয়েছেন।
২০১৫ সালে প্লেমাউথ এবং এক্সেটার ইউনিভার্সিটির পৃথক গবেষণায় দেখা যায়, অ্যাকুরিয়ামের পাশে সময় কাটিয়ে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উন্নতি হয়ে থাকে। আর তাঁদের হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমে।
দন্তচিকিৎসক মেলিসা অভরে বলেন, যন্ত্রণা ভুলিয়ে দিতে পারে—এমন যেকোনো কিছুই ভালো। কারণ, এগুলো চিকিৎসায় বাধাবিঘ্ন কমায়।