দাঁতে থাকুক দ্যুতি

হলদে দাঁত নিয়ে কি আর প্রাণ খুলে হাসা যায়! আড্ডা কিংবা কোনো অনুষ্ঠানে সবাই হাসছে মনের সুখে। আর হলদে দাঁত নিয়ে আপনি আছেন মহাবিপদে। হলদে দাঁত বেরিয়ে পড়ে মানসম্মান পাংচার হওয়ার ভয়ে এভাবে চাপা হাসি আর কতক্ষণ! দুশ্চিন্তার আর কারণ নেই। এবার হাসুন মুখ খুলে। মাত্র চারটি উপায় অনুসরণ করেই দাঁত রাখা যায় সদা-উজ্জ্বল।
বিশেষজ্ঞদের বরাতে টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে দাঁত উজ্জ্বল রাখার কয়েকটি সাধারণ উপায়ের কথা জানানো হয়েছে। এগুলো হলো—
বেকিং পাউডার ব্যবহার
প্রতিদিন আপনি পেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করছেন ঠিকই। কিন্তু তার পরও আপনার দাঁত উজ্জ্বল হচ্ছে না। হলদে রং দূর করে দাঁত উজ্জ্বল রাখতে পেস্টের সঙ্গে কিছুটা বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা বেশ সস্তা। দাঁত ফরসায়ও কার্যকর। সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশের সময় এটা করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, বেকিং সোডার স্বাদ কিন্তু সুখকর নয়।
স্ট্রবেরির বিচি
স্ট্রবেরি খেতে যেমন মজাদার, ফলটির বিচিও দাঁতের জন্য বেশ উপকারী। স্ট্রবেরি ফলের ছোট ছোট বিচি আপনার দাঁতের বাইরের অংশে ঘষুন। এতে দাঁতে জমে থাকা ময়লা সহজেই দূর হয়। একই সঙ্গে দাঁতের রংও হবে উজ্জ্বল।
পাইপ ব্যবহার
অনেকের চা ও কফির প্রতি দারুণ আসক্তি আছে। অবস্থা এমন যে সারা দিন কত কাপ চা বা কফি খাওয়া হয়েছে, তার হিসাব মেলানো দায়। একই কথা প্রযোজ্য সোডাজাতীয় পানীয়ের ক্ষেত্রে। সত্য কথা হলো—চা, কফি ও সোডাজাতীয় পানীয় দাঁতের শত্রু। এগুলো দাঁতের রং নষ্ট করে দেয়। দাঁত রক্ষায় এগুলো পান পুরোপুরি ত্যাগ বা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর তা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে পাইপ বা স্ট্র ব্যবহার করা যায়। এভাবে দাঁতের ওপর চা, কফি বা সোডাজাতীয় পানীয়ের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব।
ফ্লস ব্যবহার
দাঁতের পরিচ্ছন্নতা ও রং সুরক্ষায় ফ্লসও বেশ উপকার দেয়। দাঁতের ফাঁক থেকে খাদ্যের কণা দূর করতে নিয়মিত ফ্লস ব্যবহার করুন। বিশেষত সারা দিন খাবারদাবার খাওয়ার পর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্লস ব্যবহার করে দাঁত পরিষ্কার ও উজ্জ্বল রাখা যায়।