দাঁতের চিকিৎসার পর স্মৃতিভ্রষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রতিদিন মাত্র ৯০ মিনিটের মতো স্মৃতি থাকে তাঁর। এর বেশি কিছুতেই মনে রাখতে পারেন না। আর প্রতিদিনই ঘুম থেকে উঠে মনে হয়, আজকেই দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। স্মৃতিভ্রষ্টতার অদ্ভুত এ সমস্যা নিয়েই তিনি চলছেন প্রায় এক যুগ ধরে। ভুক্তভোগী এ যুবকের দাবি দাঁতের চিকিৎসা করানোর পর থেকেই এ বিপত্তির শুরু। কিন্তু চিকিৎসক–গবেষকেরাও তাঁর এ সমস্যার কোনো সুরাহা করতে পারছেন না।


যুক্তরাজ্যের বাসিন্দা এই যুবকের বয়স এখন ৩৮ বছর। স্মৃতিভ্রষ্টতার এই সমস্যা নিয়ে শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষকদের শরণাপন্ন হয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুসারে প্রায় ১২ বছর আগে দাঁতের সমস্যা নিয়ে এক দন্ত্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। একটা ডেন্টাল ক্লিনিকে তাঁর একটা দাঁতের ‘রুট ক্যানাল’ করা হয়। এ সময় তাঁর মাড়িতে ‘লোকাল অ্যানেসথেসিয়া’ (শরীরের নির্দিষ্ট স্থানে কার্যকর চেতনানাশক) ব্যবহার করা হয়েছিল।

কিন্তু এই ঘটনার পর থেকেই কোনো কিছু মনে রাখতে পারছেন না তিনি। এখন তাঁর অবস্থা হয়েছে ‘মেমেন্তো’ কিংবা ‘গ্রাউন্ডহগ ডে’ সিনেমার চরিত্রের মতো। দিনের মাত্র ৯০ মিনিটের মতো সময়ের নানা ঘটনাই কেবল মনে রাখতে পারেন তিনি। আর প্রতিদিনই ঘুম থেকে উঠে মনে হয়, দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, আজকেই তাঁর অ্যাপয়েন্টমেন্ট।

যুক্তরাজ্যের লাইচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানীরা বলছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে দাঁতের চিকিৎসার কোনো ত্রুটি থেকে এই ঘটনা ঘটেছে। এ ছাড়া এই যুবকের সমস্যাটির কোনো পূর্ব দৃষ্টান্তের কথাও তাঁদের জানা নেই। এই ঘটনা নিয়ে নিওরোলজি, সাইকিয়াট্রি ও নিওরোসাইকোলজি বিশেষজ্ঞরা একত্রে কাজ করছেন।

এই যুবকের স্মৃতিভ্রস্টতার সমস্যা নিয়ে সম্প্রতি নিউরোকেইস সাময়িকীতে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক জেরাল্ড বার্জেস জানিয়েছেন, লাইচেস্টার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অ্যাসেসমেন্ট ক্লিনিকে আগে এ ধরনের কোনো ‘কেস স্টাডি’ পাওয়া যায়নি বলেই তারা এ বিষয় নিয়ে লিখেছেন।

তবে, এই ঘটনার পরও এই যুবকের ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হয়নি। তিনি তাঁর পরিচয় এবং সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে এই স্মৃতিভ্রষ্টতার সমস্যা মোকাবিলায় তিনি এখন ইলেকট্রনিক ডায়েরি ব্যবহার করছেন। (আইএএনএস)