দাঁতের যত্নে সোনা মেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁতের যত্ন নিলে অ্যাথলেটিকসে সোনা জেতার সম্ভাবনা বাড়ে বলে দাবি করেছেন দন্ত্য বিশেষজ্ঞরা।

আজ শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত ‘ওরাল হেলথ অ্যান্ড পারফরমেন্স ইন স্পোর্টস’ শীর্ষক এক সম্মেলনে এমন বক্তব্য উঠে এসেছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসের অভিজ্ঞতার আলোকে দন্ত বিশেষজ্ঞরা এমন দাবি করেছেন।

ওই সম্মেলনে দন্ত বিশেষজ্ঞরা দাবি করেন, অ্যাথলেটদের জন্য দাঁতের সমস্যাটি ভয়ংকর। এটি তাঁদের প্রশিক্ষণ ও সাফল্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি জয়-পরাজয় নির্ধারণে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

‘ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন অ্যাথলেট বলেছেন, গেমসের সময় তাঁদের মুখের স্বাস্থ্য প্রশিক্ষণ ও সাফল্যকে ক্ষতিগ্রস্ত করেছে।
সম্মেলনে উপস্থিত দন্ত বিশেষজ্ঞরা বলেছেন, দাঁতের ব্যথায় ঘুম ও প্রশিক্ষণ ব্যাহত হতে পারে। এ ছাড়া মাঢ়ির প্রদাহ পুরো শরীরকে প্রভাবিত করতে পারে আর এর প্রভাব পারফরমেন্সের ওপর পড়তে পারে।
মুখের খারাপ স্বাস্থ্যের নেতিবাচক প্রভাবের বিষয়টি নতুন কিছু নয়। এর সঙ্গে টাইপ টু ডায়াবেটিস ও হূদেরাগেরও সংশ্লিষ্টতা রয়েছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্টারন্যাশনাল সেন্টার ফর এভিডেন্স-বেইসড ওরাল হেলথের পরিচালক ইয়ান নিডেলম্যান বলেছেন, অভিজাত খেলায় মুখের স্বাস্থ্যের প্রভাব রয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এটি খেলায় পার্থক্য নির্ধারণ করে দিতে পারে।

২০১২ সালে লন্ডন অলিম্পিকের সময় পরিচালিত গবেষণায় দেখা গেছে, তরুণ অ্যাথলেটদের বড় অংশই শারীরিকভাবে বেশ ভালো। কিন্তু তাঁদের মুখের স্বাস্থ্য নাজুক। তাঁদের মধ্যে একটা বড় অংশ দাবি করেছেন, এ বিষয়টি প্রশিক্ষণ ও সাফল্যে প্রভাব ফেলেছে। তাই স্পষ্টতই এটি তাঁদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যুক্তরাজ্যের একটি বক্সিং দল তাদের খেলোয়াড়দের মুখের স্বাস্থ্যের উন্নয়নে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে।