দাঁতের সৌন্দর্য ও সুস্থতার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আপনার মুক্তোর মতো সাদা দাঁত হলদে দাগ পড়ে শোভা হারিয়েছে? বয়স বাড়লে দাঁতের সৌন্দর্য কিছুটা কমতে পারে। কিন্তু সাধারণ কিছু খাবার, পানীয় এবং মাউথওয়াশ ব্যবহারের কারণেও দাঁতে দাগ পড়ে। সব দাঁত ঝকঝকে সাদা রাখতে ছয়টি পরামর্শ:
১. দাঁতের আবছা দাগগুলো নিজেই দূর করতে পারেন। এ জন্য সঠিক নিয়মে সময়মতো দাঁত ব্রাশ করা এবং মানসম্মত টুথপেস্ট ও ব্রাশ ব্যবহার করতে হবে। তবে গাঢ় দাগ দূর করতে হলে দন্তচিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
২. বিভিন্ন টুথপেস্ট, জেল বা তরল (লিকুইড) মাউথওয়াশার দাঁতের কিছু কিছু দাগ দূর করতে পারে। দাঁতের উপরিতল পালিশ বা মসৃণ করার জন্য এগুলোতে হালকা মাত্রার রাসায়নিক পদার্থ থাকে। এসব উপাদান ব্লিচের মতো দাঁতের প্রাকৃতিক রং বদল করে না।
৩. বাড়িতে বেকিং সোডা ও টুথব্রাশের সাহায্যে বয়স্কদের কেউ কেউ দাঁতের দাগ দূর করার চেষ্টা করেন। আপেল, নাশপাতি ও গাজরের মতো কিছু ফল ও সবজি খেলে দাঁতের ময়লা ও অন্যান্য খাবারের অবশেষ দূর হয়। চিনিবিহীন চুইংগাম চিবালেও দাঁত পরিষ্কার হয়।
৪. যাঁদের দাঁত ফিলিং করানো বা আগে বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, তাঁরা দাঁত পরিষ্কার করার সময় সাবধান থাকবেন। ব্লিচ ব্যবহার করে এ রকম দাঁত পরিষ্কার হয় না। তাই চিকিৎসকের কাছে যেতে হবে।
৫. বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাঁতের এনামেলের বাইরের আবরণটি হারিয়ে যেতে থাকে। এনামেলের নিচের স্তরটির নাম ডেনটিন এবং এটি তুলনামূলক হলদেটে। তাই বেশি বয়সীদের দাঁত সাদা করার চেষ্টায় সাফল্যের সম্ভাবনা কমে যায়। বেশি বেশি চেষ্টা করলে দাঁত নীলাভ হয়ে যেতে পারে।
৬. ধূমপান শরীরের অন্যান্য অংশের পাশাপাশি দাঁতেরও বড় ক্ষতি করে। তামাক মানুষের দাঁতে বাদামি দাগ ফেলে দেয় এবং এনামেলের ক্ষতি করে। ব্রাশ করে সেই দাগ তোলা কঠিন। ধূমপানের ফলে প্রশ্বাসে দুর্গন্ধ হয় এবং মাড়ির বেশ কিছু রোগ হয়। আর ক্যানসারের ঝুঁকি তো বাড়েই।
সূত্র: ওয়েবএমডি।