দাঁড়াতেই পারছে না বিএনপি, দল গোছাচ্ছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলায় রাজনীতির মাঠে নেই বিএনপি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথম দুই বছর সরব থাকলেও গত এক বছর তেমন কোনো কর্মসূচি পালন করতে পারেনি তারা। হামলা-মামলার ভয়ে এলাকাছাড়া নেতা-কর্মীরা। অন্যদিকে আগামী সংসদ নির্বাচন মাথায় রেখে দল গোছাচ্ছে আওয়ামী লীগ। তবে দলের কিছু নেতা-কর্মীর দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির প্রভাব নির্বাচনে পড়তে পারে বলে মনে করছেন তৃণমূলের নেতারা। আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা জানান, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দলের পেছনের সারির কিছু নেতা-কর্মী মাঠে হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। তাঁরা নিজেদের এলাকার সাংসদ বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেন। এসব নেতা-কর্মী কর্ণফুলী, ইছামতি, শিলক নদীসহ বিভিন্ন খাল ও বিল থেকে বালু তোলা, পাহাড় কেটে চুক্তিতে অন্যের নিচু জমি ভরাট করা, সরকারি খাস জমি দখল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রকল্প হাতিয়ে নেওয়া, টেন্ডারবাজি, থানা বাণিজ্য, সড়ক ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। যা এখনো অব্যাহত রয়েছে। এসব কাজে ভাগবাটোয়ারা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্বও সৃষ্টি হয়েছে। ঘটেছে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত ব্যক্তিরা দলের নাম ভাঙাচ্ছে, আসলে এরা দলের কেউ নয়। আর তাদের ব্যাপারে কঠোর আমাদের সাংসদ বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। তিনি নির্দেশ দিয়েছেন এ ধরনের কোনো অভিযোগ পেলে তাদের পুলিশে দিতে।’ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাঙ্গুনিয়ায় ব্যাপক উন্নয়নের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও নানা কাজ করে খাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু কিছু নেতা-কর্মী তার অপব্যবহার করছেন। যার খেসারত দিতে হবে নির্বাচনে। তবে আগামী নির্বাচন সামনে রেখে এখনই দল গোছানোর দিকে নজর দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতারা। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম জানান, উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে শুধু পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন বাকি। অন্যগুলোর সম্মেলন শেষ করা হয়েছে। এদিকে, এক বছর ধরে রাজনীতির মাঠে বিএনপি দাঁড়াতেই পারেনি। বিএনপি নেতাদের দাবি, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আওয়ামী লীগের নেতারা রাঙ্গুনিয়ায় প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন। তাঁরা কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা-কর্মীদের ওপর ও ঘরবাড়িতে হামলা চালায়। এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি মো. ইউনুচ তালুকদার বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতা-কর্মীদের হামলা, মামলা দিয়ে এলাকাছাড়া করলেও সাংগঠনিক তৎপরতা থেমে নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ বেশ কয়েকটি গুমের ঘটনায় নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফলে উপজেলা পর্যায়ের বিএনপি নেতা-কর্মীদের অনেকে এখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।