দাওয়াতে ডায়েট!
সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্যের জন্য পরিমিত খাদ্যাভ্যাস। আজকাল স্বাস্থ্যসচেতন সবাই জানেন এ কথা। শুধু যে জানেন, তা নয়, মানতেও চেষ্টা করেন অনেকেই। তবে এর মধ্যেই ঘটে যায় বিপত্তি। সপ্তাহের কোনো না কোনো দিনেই পড়ে যেতে পারে কোনো উপলক্ষ বা দাওয়াত। সামাজিকতা রক্ষায় সেখানে না যাওয়ার তো উপায় নেই-ই, তার ওপর ভদ্রতা রক্ষায় কিংবা প্রিয়জনকে খুশি করতে না খাওয়ারও সুযোগ নেই। তবে এ ক্ষেত্রে খাবার নির্বাচনে একটু কৌশল অবলম্বন করাটাই হবে বুদ্ধিমানের কাজ। বারডেমের পুষ্টি বিভাগীয় প্রধান আখতারুন নাহার আলো বলেন, ‘দাওয়াতের বিভিন্ন ধরন রয়েছে। উপলক্ষ অনুযায়ী বদলে যায় খাবারের তালিকা। তবে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্যকর খাবার নির্বাচন করাটা খুব কঠিন কিছু নয়। শুধু খাবারের নির্বাচনই মুখ্য নয়, এ ক্ষেত্রে খাবার গ্রহণটাও যেন পরিমিত হয়। উপলক্ষটা যদি হয় বিয়ের, তবে সেখানে বিরিয়ানি, পোলাও, রোস্ট, রেজালা ইত্যাদি থাকবে, এটাই স্বাভাবিক। আপনার চেষ্টা থাকবে সাদা পোলাও বেছে নেওয়া। আপনার সে বেলায় বাসায় যতটুকু ভাত খাওয়ার কথা ছিল, তার তিন ভাগের এক ভাগ পোলাও পাতে তুলে নিন। রোস্ট ও রেজালার মধ্যে যেকোনো একটি বেছে নিন। মুরগির আস্ত রোস্টখানি খেতে পারেন, তবে তেলের অংশ বাদ দিয়ে। যদি রেজালা হয় আপনার পছন্দ, অবশ্যই ঝোল অংশ বাদ দিয়ে শুধু নিরেট মাংসের টুকরা পাতে তুলে নিন। পরিমাণটা হবে অবশ্যই দুই থেকে তিন টুকরা। অনেকেই বোরহানি খুব পছন্দ করেন। বোরহানি খাওয়াটাও হবে পরিমিত। অর্ধেক গ্লাসের বেশি নয়। মিষ্টি-জাতীয় খাবারটা গ্রহণ না করাই ভালো। উৎসবের অংশ হিসেবে বাদ দেওয়া না গেলে জর্দা, দই, মিষ্টি ও পায়েসের মধ্যে পায়েসটা নির্বাচন করা। জর্দা খেলেও এক থেকে দুই চামচের বেশি নয়। দাওয়াতে বুফে খাওয়ার ব্যবস্থা হলে খাবার নির্বাচনের সুবিধাটা আরও বেশি থাকে। এ ক্ষেত্রে পোলাও কিংবা ভাতের পরিবর্তে তন্দুরি ও নান রুটি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এর সঙ্গে খাওয়া যেতে পারে সবজি ও ডাল। যাঁদের মুরগি পছন্দ, তাঁরা তন্দুরি চিকেনটা বেছে নিন ভাজা মুরগির পরিবর্তে। গরু কিংবা খাসির মাংসের কথা ভুলে যাওয়াই ভালো। সালাদ খেতে বারণ নেই। সালাদ দিয়েও পেটটা ভরে নিতে পারেন। বুফেতে ডেজার্ট বা মিষ্টি-জাতীয় খাবারের অনেক পদ থাকে, সে ক্ষেত্রে যেকোনো একটি খাবার বেছে নিন। কোনোভাবেই একের অধিক নয়। কারণ, মিষ্টি-জাতীয় খাবারে ক্যালরির পরিমাণটা বেশি থাকে।কোনো কোনো উপলক্ষে রেস্তোরাঁয় গিয়ে খাবারের তালিকা থেকে খাবার ফরমাশেরও সুযোগ থাকে। সে ক্ষেত্রে কোন খাবারটা নির্বাচন করা ঠিক হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকার প্রধান শেফ ডমিনিক গোমেজ। যেকোনো সবজি নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে রেড মিট, অর্থাৎ গরু ও খাসির মাংসের তৈরি খাবার বাদ দিয়ে মুরগি নির্বাচন করাই ঠিক। মুরগির বুকের অংশে কোলেস্টেরল কম থাকে, তাই এটা বেছে নিতে পারেন। সালাদের কোনো একটি রাখুন খাবারের তালিকায়। কোনো খাবার ফরমাশ দেওয়ার আগে এর মধ্যে কোন কোন উপাদান ব্যবহার করা হয়েছে, তা ভালোভাবে লক্ষ করুন। ভাজা যেকোনো খাবারের চেয়ে ভাপে তৈরি খাবার অবশ্যই ভালো। সুপের মধ্যে সবজির সুপ বেছে নিতে পারেন। ফলের তৈরি ডেজার্ট বেছে নিন। কোমলপানীয়র পরিবর্তে নিতে পারেন তাজা ফলের রস। বৈচিত্র্য চাইলে কয়েক রকমের ফলের মিশ্রণে ককটেলও ফরমাশ দিতে পারেন। চিনির পরিমাণটা কম দেওয়ার কথাও এ সময় মনে করিয়ে দিতে পারেন।বন্ধুদের নিয়ে যেকোনো উপলক্ষেই প্রধান্য থাকে ফাস্টফুডের। এ ক্ষেত্রে আখতারুন নাহারের পরামর্শ হলো কম ক্যালরি ও কম চর্বিযুক্ত খাবার বেছে নেওয়ার। যেমন বেছে নেওয়া যেতে পারে পাস্তা। পাস্তাটা ভাপে তৈরি হলে আরও ভালো। বিফ ও চিকেন বার্গারের মধ্যে চিকেন বার্গারই বেছে নিন। ঘন সুপের চেয়ে ক্লিয়ার বা স্বচ্ছ সুপ খাওয়াই ভালো। ভাজা চিকেনের পরিবর্তে তন্দুরি নিন। তবে খাবারের সময় মেয়োনেজের পরিমাণটা কমিয়ে টমেটো বা চিলি সস নিতে পারেন মেয়োনেজটা বাদ দিতে পারলে আরও ভালো।সব সময় মনে রাখুন, এ বেলায় আপনার কতটুকু খাওয়ার কথা ছিল এবং আপনি দাওয়াতের পরের বেলার খাওয়াটা পারতপক্ষে বাদ দেওয়ার চেষ্টা করুন বা হালকা কিছু খান। খাবারটা যদি সে বেলার তুলনায় ভারীই হয়, অবশ্যই বাসায় ফিরে কিছু সময় ব্যায়াম করুন বা হাঁটুন। তবে খাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে যেন সেটি করা না হয়। যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, পরের দিন নির্দিষ্ট সময়ের একটু বেশি সময় ব্যায়াম করুন, বলেন গোল্ড জিমের প্রশিক্ষক দয়িতা আক্তার।সুস্বাস্থ্যের জন্য ব্যায়ামের বিকল্প নেই। উপলক্ষ থাকুক বা না-ই থাকুক, নিয়মিত ব্যায়াম করুন এবং সুন্দর থাকুন।