অতিথি নারায়ণ, কিন্তু সব অতিথি না। কেন? উদাহরণ দেওয়া যাক। মনে করুন যন্ত্রসংগীতের কোনো অনুষ্ঠান। আয়োজনের পরিসর ছোট। অতিথি কম। সবাই মিলে রাগ কিংবা তবলার সুরের মূর্ছনায় হারিয়ে যেতে চান। এ ধরনের অনুষ্ঠান সাধারণত কিছুটা গুরুগম্ভীর হয়। অনুষ্ঠান শুরু হয়েছে, সবাই খুব মনোযোগী শ্রোতা। এমন সময় হয়তো এক শিশু চিৎকার করে কেঁদে উঠল। তাতে অবস্থা এমন দাঁড়াল যে আয়োজন ভুলে সবাই ব্যস্ত হয়ে পড়ল শিশুটিকে সামলাতে।
আরেকটা উদাহরণ। এবার ঘরোয়া আয়োজন। তবে ঘরে না। বিশাল এক পরিবারের বিশাল বিয়ের আয়োজন। পরিবারের সদস্যসংখ্যার সঙ্গে সে পরিবারের পিচ্চিদের সংখ্যার একটা সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ বড় পরিবারে সাধারণত অনেক শিশু থাকে। এই শিশুদের পদচারণে আর কলকাকলিতে বিয়ের অনুষ্ঠান যদি শিশুপার্ক হয়, তবে তা বিয়ের বৈশিষ্ট্য হারাতে পারে।
বিষয়টা শুধু পারিবারিক আয়োজনের না। প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রে আদবকেতা সম্পূর্ণ ভিন্ন হতে পারে। অনুষ্ঠানের ধরন বুঝে আয়োজনের পরিবেশ বজায় রাখতে আমন্ত্রণকারী ও আমন্ত্রিত—দুই পক্ষেরই করণীয় আছে। আমন্ত্রণের শুরুটা যেহেতু দাওয়াতপত্র দিয়ে হয়, তাই দাওয়াতপত্রেই আমন্ত্রণকারীর উল্লেখ করে দেওয়া উচিত কী করণীয় আর কী বর্জনীয়। অন্যদিকে অতিথির উচিত সে দাওয়াতপত্র পড়ে ও বুঝেশুনে নিয়ম মেনে তবেই আমন্ত্রণ রক্ষা করা।
দাওয়াতপত্রের ভাষা ঠিক থাকতে হবে
দাওয়াতপত্রের ভাষাটা যদি ঠিক থাকে, তবে অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যায় বলে মনে করেন গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি ডিরেক্টর গাউসুল আলম। তিনি বলেন, ‘জাতিগতভাবেই আমরা কিছুটা ক্যাজুয়াল। খুব ফরমাল কিছুর মধ্যে যেতে চাই না। আরেকটা সমস্যা হলো, সব অনুষ্ঠানের জন্য দাওয়াতপত্রের লেখার ভাষা একই হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানের দাওয়াতপত্রের ভাষা আর প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের দাওয়াতপত্রের ভাষা এক করে ফেলি। এ থেকে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় বার্তাটা ঠিকমতো দিতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়।’
অন্যদিকে বর্তমানে দাওয়াতপত্রে সৃজনশীল ভাষা প্রয়োগের উল্লেখ করেন তিনি। এতে আমন্ত্রিত খুব আগ্রহ নিয়ে দাওয়াতপত্র পড়েন। এতেও এ ধরনের সমস্যার সৃষ্টি হয় না বলে মনে করেন গাউসুল আলম।
পড়ে, বুঝেশুনে তবেই অনুষ্ঠানে অংশ নিন
শিশুদের জন্য আলাদা ব্যবস্থা না থাকে এবং দাওয়াতপত্রে যদি তা স্পষ্ট করা থাকে, তবে অতিথির কখনোই উচিত না সঙ্গে শিশু নিয়ে যাওয়া। প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আজকাল সাধারণত শিশুদের আনতে মানা করা হয়। কারণটা একই, অনুষ্ঠানটি শিশুদের জন্য উপযুক্ত না।
দাওয়াতপত্রে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সাধারণত কিছু বিষয়ের উল্লেখ থাকে। দাওয়াতপত্রটি যাকে দেওয়া হয়েছে শুধু তিনি, নাকি তাঁর পুরো পরিবার অংশ নিতে পারবে, তা উল্লেখ করা হয়। পুরো পরিবারের উল্লেখ না থাকলে পরিবারসহ উপস্থিত হওয়া উচিত হবে না।
আপনি যদি উপস্থিত হতে না চান, কিংবা উপস্থিত থাকা সম্ভব না বলে মনে করেন, সেটি ভিন্ন কথা। তবে সে ক্ষেত্রে আমন্ত্রণকারীকে আগে থেকে জানিয়ে দিলে ভালো।
মুঠোফোন সঙ্গে রাখা যাবে কি না, সে ব্যাপারে কার্ডে যা লেখা থাকবে, সেটাই মানতে হবে। মুঠোফোন নিয়ে ঢোকা গেলেও তা নীরব (সাইলেন্ট) রাখার কথা কার্ডে লেখা থাকে, ছবি তোলার নিষেধাজ্ঞাও থাকে অনেক অনুষ্ঠানে। তাই দাওয়াতপত্রটা ভালো করে পড়ে বুঝে নেওয়া উচিত। আবার দাওয়াতপত্র হস্তান্তরযোগ্য কি না, তা-ও দেখে নিতে ভুলবেন না। অনুষ্ঠানের ধরন বুঝে পোশাকের ধরন হওয়া উচিত। প্রাতিষ্ঠানিক আমন্ত্রণে সাধারণত দাওয়াতপত্রেই উল্লেখ থাকে কী ধরনের পোশাক পরে অংশ নিতে হবে। যদি উল্লেখ থাকে, তবে তা মেনে চলার চেষ্টা করতে হবে।