১২ বছর বয়সের ছেলে সাব্বির। বাবা-মায়ের একমাত্র সন্তান। চাচার বাসার দাওয়াতে মা-বাবা যাবেন, কিন্তু সে বেঁকে বসল। কিছুতেই দাওয়াতে যাবে না। দাওয়াতে যেতে ভালো লাগে না তার। কোনো দাওয়াতে তাকে নিতে মা-বাবার অনেক কাঠখড় পোড়াতে হয়। সাব্বিরের এই দাওয়াতবিমুখ স্বভাব নিয়ে মা-বাবা বিরক্ত ও চিন্তিত।
সাব্বিরের মতো আরও অনেক কিশোর-কিশোরী রয়েছে, যারা দাওয়াত এড়িয়ে চলে। এদের মধ্যে একটা অংশ আছে, যারা কোনো ধরনের দাওয়াতেই যেতে চায় না। সামাজিক অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানেও যায় না। আরেকটি অংশ আছে, যারা বন্ধুদের দাওয়াতে যেতে ভালোবাসে, কিন্তু পারিবারিক বা সামাজিক দাওয়াতে যেতে আগ্রহী নয়। দাওয়াত এড়িয়ে চলার কারণে বাবা-মায়েরা তাদের ওপর বিরক্ত হন, রাগ করেন। এতে করে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে।
কেন দাওয়াতে যেতে চায় না
এই বয়সে তাদের কারও কারও মধ্যে সামাজিক উৎকণ্ঠা বা সোশ্যাল ফোবিয়া তৈরি হয়, একটু অপরিচিত মানুষজনের সামনে যেতে উৎকণ্ঠিত বোধ করে। তাই তারা কোনো নেমন্তন্নে যেতে চায় না।
প্রযুক্তিতে আসক্তির কারণে কেউ কেউ বাসায় সব সময় ইন্টারনেট বা মুঠোফোনে ব্যস্ত থাকে। এই প্রযুক্তির ব্যবহার বাদ দিয়ে সে দাওয়াতে যেতে চায় না। কখনো কোনো কিশোর-কিশোরী মাদকে আসক্ত হয়ে পড়ে এবং মাদকাসক্তির কারণে তার আচরণের পরিবর্তন ঘটে। তাই সে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।
*কারও কারও মধ্যে নিজের চেহারা বা শারীরিক গঠন নিয়ে একধরনের হীনম্মন্যতা থাকে। এটাকে বলা হয় ‘বডি ডিসমরফিক ডিসঅর্ডার’। নিজের শরীর আর চেহারা সে সব সময় লুকিয়ে রাখতে চায়, তাই মানুষজনের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এড়িয়ে চলে।
*কখনো দেখা যায় পরীক্ষায় আশানুরূপ ফল না করা, ভালো প্রতিষ্ঠানে পড়তে না পারা, সামাজিক অবস্থান ইত্যাদি কারণে কেউ কেউ নিজেকে ছোট ভাবতে থাকে। ফলে নিজেকে গুটিয়ে রাখে, সামাজিকতা এড়িয়ে চলে।
কোনো কিশোর-কিশোরীর মধ্যে আচরণজনিত সমস্যা থাকে, যাকে বলা হয় ‘কন্ডাক্ট ডিসঅর্ডার’। এই অবাধ্যতাধর্মী আচরণের সমস্যার জন্য সে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলো এড়িয়ে চলে। কখনো ‘অপজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার’ সমস্যার কারণে শিশু সব সময় বাবা-মায়ের সিদ্ধান্তের বিরোধিতা করে। হয়তো তার দাওয়াতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কেবল মা-বাবার বিরোধিতা করতে হবে বলে দাওয়াতে যেতে চায় না।
কোনো কারণে বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব তৈরি হয়। অনেক সময় গুণগত পারিবারিক সম্পর্কের অভাব থাকে। তাই বাবা-মায়ের সঙ্গে দাওয়াতে যেতে তারা অনাগ্রহী হয়।
উত্ত্যক্ত বা বিদ্রূপের শিকার হওয়া, বিষণ্নতাসহ নানাবিধ কারণেও শিশুরা দাওয়াত এড়িয়ে চলতে থাকে।
এই আমন্ত্রণ এড়িয়ে চলার কারণে শিশুর মধ্যে সামাজিক দক্ষতা হ্রাস পায়, যা তার ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের ওপর প্রভাব ফেলে। তার ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হয়। এ জন্য বাবা-মায়েরা সন্তানের সঙ্গে গুণগত সময় দেবেন, বিরূপ মন্তব্য না করার বদলে সন্তানকে বুঝিয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সচেষ্ট হবেন। দাওয়াতে যাওয়ার বিষয়ে সন্তানকে নির্দেশ দেওয়ার বদলে দাওয়াতের প্রতি সন্তানের আগ্রহ বাড়িয়ে তুলবেন। প্রয়োজনে নিজের বাড়িতে দাওয়াতের আয়োজন করে সন্তানকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে বারবার পরিচয় করিয়ে দেবেন। এতে করে সন্তানের মধ্যে সামাজিক উৎকণ্ঠা থাকলে তা দূর হবে। কেন তাদের দাওয়াতে যেতে ভালো লাগছে না, সে বিষয়টি বের করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আর শিশুর মধ্যে আচরণজনিত কোনো সমস্যা থাকলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মাধ্যমে তা নিরূপণ ও নিরাময়ের ব্যবস্থা করবেন।
শিশু-কিশোরদের জন্য করণীয়
কারও যদি এসব অনুষ্ঠানে যেতে ভালো না লাগে, তখন তারা যেটা করতে পারে—
*প্রযুক্তি, বিশেষত ইন্টারনেট আর মোবাইলের অতি ব্যবহার কমাতে হবে।
*বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে হবে। পারিবারিক সম্পর্কগুলো যে অনেক গুরুত্বপূর্ণ, তা বোঝাতে হবে।
*রাতে ঘুমাতে হবে আর দিনে পড়ালেখাসহ অন্যান্য কাজ করতে হবে। রাতে জেগে থাকা আর দুপুর পর্যন্ত ঘুমানোর অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে।
*আমন্ত্রণ ছাড়া স্বজন আর বন্ধুদের বাসায় যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে।
*নিজের মধ্যে কোনো বিষয় (যেমন চেহারা, পরীক্ষার ফল, সামাজিক অবস্থান ইত্যাদি) নিয়ে হীনম্মন্যতা থাকলে সবার আগে আত্মবিশ্বাস বাড়াতে হবে। নিজের দুর্বলতাগুলো অতিক্রম করার পাশাপাশি সক্ষমতার দিকগুলোর চর্চা বেশি বেশি করতে হবে। তাহলে আত্মবিশ্বাস বাড়তে থাকবে।
*দাওয়াত কিন্তু কেবল খাবারের আয়োজন নয়; আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পরিচয় আর আলাপচারিতায় অংশ নিলে একসময় আড়ষ্টতা কমে যাবে। অনেক সাবলীল আর স্বাচ্ছন্দ্য বোধ হতে থাকবে।
*বাবা-মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে দূরত্ব বা ভুল-বোঝাবুঝি তৈরি হলে তাদের সঙ্গে খোলামেলা আলাপ করতে হবে। মনে রাখতে হবে যে দিন শেষে মা-বাবাই সবচেয়ে ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।
*দাওয়াতে না যাওয়ার মধ্যে কোনো স্বকীয়তা নেই, তাই ‘আমি দাওয়াতে যেতে পছন্দ করি না’, ‘সবাই বোরিং’ ইত্যাদি আত্মম্ভরি বাদ দিয়ে সমাজের সঙ্গে মিশতে হবে। মনে রাখতে হবে যে সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পারা, সামাজিকভাবে দক্ষ হয়ে উঠাটাই স্মার্টনেস। কেবল পোশাকে আর কথাবার্তায় দক্ষ হয়ে উঠলেই হবে না, সামাজিকভাবেও দক্ষ হতে হবে। খুব উপযুক্ত কারণ ছাড়া দাওয়াত পরিহার নয় কখনোই।
সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।