দাগনভূঞার আট উপসহকারী কৃষি কার্যালয় পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজাপুরের পরিত্যক্ত উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়  প্রথম আলো
রাজাপুরের পরিত্যক্ত উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় প্রথম আলো

ফেনীর দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ের সব কটিই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এগুলো পরিত্যক্ত ঘোষণা করা হলেও চারটি কার্যালয় ঝুঁকি নিয়েই ব্যবহার করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া এসব কার্যালয়সংলগ্ন জায়গা আশপাশের লোকজন দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ভবনগুলো ১৯৬০ সালের দিকে তৈরি করা হয় বীজ সংরক্ষণাগার হিসেবে ব্যবহারের জন্য। পরবর্তী সময়ে এগুলো উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ও আবাসন হিসেবে ঘোষণা করা হয়। গত ৫৩ বছরে সংস্কার না করায় এসব ভবন ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এ কারণে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে এসব ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সূত্র জানায়, বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় হিসেবে বরাদ্দ দেওয়া হলেও আবাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। থাকার মতো বিকল্প ঘর না পাওয়ায় মাতুভূঞা, রামনগর, এয়াকুবপুর ও জায়লস্কর ইউনিয়ন কৃষি কর্মকর্তারা ঝুঁকি নিয়েই পরিত্যক্ত ভবনগুলোতে এখনো দাপ্তরিক কাজ ও বসবাস করছেন। মাতুভূঞা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের ছাদ, কক্ষ ও কর্মকর্তার থাকার ঘরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। জ্যেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব জানান, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা সত্ত্বেও বিকল্প ব্যবস্থা না থাকায় তিনি এখানে দাপ্তরিক কাজ করছেন এবং পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন। একই অবস্থা ইয়াকুবপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কার্যালয়ের।
পূর্বচন্দ্রপুর উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ জানান, ভবনগুলো সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা না হলে কর্মকর্তারা এলাকায় থাকতে চাইবেন না। এতে কৃষকেরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন।
এদিকে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর ও দাগনভূঞা সদর ইউনিয়ন কৃষি কার্যালয়গুলো রয়েছে অরক্ষিত অবস্থায়। সরেজমিন দেখা যায়, পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটে অবস্থিত পরিত্যক্ত কৃষি কার্যালয়কে বাজারের ব্যবসায়ীরা ময়লা-আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার রায় জানান, উপসহকারী কৃষি কার্যালয়গুলোর দুরবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনীল চন্দ্র ধর কৃষি কার্যালয়গুলো ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করার কথা স্বীকার করেন। তিনি বলেন, সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সীমানা নির্ধারণ করে সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখার ব্যবস্থা করা হবে।