দাগনভূঞার রাজাপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এলাকা ঘোষণা
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর ইউনিয়নের জাফর ইমাম উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন এ ঘোষণা দেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন করতালি দিয়ে এ ঘোষণাকে সমর্থন করেন। পরে এলাকাবাসী মুষ্টিবদ্ধ হাত তুলে নিজেদের এলাকা বাল্যবিবাহমুক্ত রাখার শপথবাক্য পাঠ করেন।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঞার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা বিবি তহুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানভীর আহম্মেদ, রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মমিনুল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি বরকত উল্যাহ, রাজাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সম্পাদক রহিম উল্যাহ।
ইউএনও ফরিদা খানম বলেন, রাজাপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণার পর থেকে আর কোনো বাল্যবিবাহ অনুষ্ঠানের খবর পাওয়া গেলে কারাদণ্ড, অর্থদণ্ডসহ কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।