দাগনভূঞায় প্রার্থীর ছড়াছড়ি
ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি। বাছাই শেষে তিন পদে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে চেয়ারম্যান পদে নয়জন, ভাইস চেয়ারম্যান ২০ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ছয়জন। এবারের নির্বাচনে দেশের মধ্যে এই উপজেলায় সর্বোচ্চসংখ্যক প্রার্থী রয়েছেন বলে মনে করছেন নির্বাচনী কর্মকর্তারা।
এর আগে গত শনিবার শেষ দিনে মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়জন। তাঁদের মধ্যে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, এত অধিকসংখ্যক প্রার্থী বাংলাদেশের অন্য কোনো উপজেলা নির্বাচনে আছেন কি না তাঁর জানা নেই। তিনি বলেন, মনে হচ্ছে এটিই সর্বোচ্চ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৫ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ১৫ মার্চ।
জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল কবির, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম আবদুল হাই, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক এম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান ও বিজন ভৌমিক। ভাইস চেয়ারম্যান পদে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, পৌর যুবলীগের আহ্বায়ক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও যুবলীগ নেতা এম নজরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন সাহিদা আক্তার ও আঞ্জুমান আরা বেগম।
এদিকে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল হাশেম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাফর উল্লাহ। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, সহসভাপতি এ কে এম ওবায়দুল হক, সদস্য এম এ করিম, শওকত আলী বাবুল, অর্জুন কুমার দাস, এনায়েত উল্লাহ, মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুবদল নেতা নাসির আহম্মদ ও জামাল উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন জাহানারা আক্তার, ফারহানা নিগার, রোখসানা আক্তার ও শাহনাজ আক্তার। এ ছাড়া চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (এরশাদ) নেতা আবদুল ওয়াদুদ এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমির এ এস এম নুরনবী প্রার্থী হয়েছেন।