দাগনভূঞায় বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচন নিয়ে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি (রহ.) উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ নিয়ে গত কিছুদিন ধরে প্রধান শিক্ষক ও বর্তমান পরিচালনা পর্ষদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে পরিচালনা পর্ষদের সভাপতি আকরাম হোসেন গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক মো. ফারুককে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়ে চিঠি দেন। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের পাশের সড়ক অবরোধ করে।পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন এবং তফসিল ঘোষণাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক এবং বর্তমান পর্ষদের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক পরিচালনা পর্ষদের চিঠি পান। পরিচালনা পর্ষদের বর্তমান সদস্য আবু সুফিয়ান সভাপতির পক্ষে এ চিঠিটি প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। এ সময় চিঠি বহনকারী আবু সুফিয়ানের সহযোগী হিসেবে পরিচিত স্থানীয় কয়েকজন যুবক শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বেরিয়ে ফেনী-নোয়াখালী সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে।খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছালে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।প্রধান শিক্ষক মো. ফারুক অভিযোগ করে বলেন, ‘বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর অভিভাবক না হয়েও পরিচালনা পর্ষদের বর্তমান সদস্য আবু সুফিয়ান ভোটার হতে চেয়েছিলেন। এ জন্য তিনি এক ছাত্রের অভিভাবক হিসেবে নিজেকে উপস্থাপনও করেছেন। কিন্তু বিধিসম্মত না হওয়ায় তাঁকে ভোটার করা যায়নি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গত ২৫ মার্চ বিদ্যালয়ের কার্যবিবরণী খাতা নিয়ে যান এবং আর ফেরতও দেননি। এ ঘটনায় দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। বিক্ষুব্ধ আবু সুফিয়ান সভাপতিকে ভুল বুঝিয়েছেন। তাই যথাযথভাবে সভা আহ্বান না করে সম্পূর্ণ অবৈধভাবে আমাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।’জানতে চাইলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’ স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বাহাদুর জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকের সঙ্গে আবু সুফিয়ানের মতবিরোধ চলছিল।এ ব্যাপারে আবু সুফিয়ানের বক্তব্য জানার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাশ (ওসি) বলেন, ‘খাজা মাঈন উদ্দিন চিশতি (রহ.) বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’এদিকে, গতকাল শনিবার বিদ্যালয়ে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে ও ক্লাস হয়েছে। তবে প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাননি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমি ছুটিতে আছি।’