দাগনভূঞায় ১৪ গ্রামে বিদ্যুৎ-সংযোগ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১ সাল থেকে এক ধাপ এগিয়ে এসে ২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাতে কাজ শুরু হয়েছে। প্রতিবছর তিন লাখ গ্রাহক বিদ্যুৎ–সুবিধা পাচ্ছেন।
১৬ জুন ফেনীর দাগনভূঞার রাজাপুর ও আশপাশের ১৪ গ্রামের ৫১১ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ–সংযোগ প্রদান উপলক্ষে গ্রাহকসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান পরিষদের দিদারুল কবির ও ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।
সমিতির দাগনভূঞা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সরোয়ার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির পরিচালক ইসমাইল হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া।
নতুন সংযোগ পাওয়া গ্রামগুলো হচ্ছে: এনায়েতনগর, এনায়েতপুর, দেবরামপুর, রামনগর, মোহাম্মদপুর, সেকান্দরপুর, জগৎপুর, দরাপপুর, ভবানীপুর, কোরবানপুর, চুন্দারপুর, কৈখালী, সিন্দুরপুর ও চন্দদ্বীপ।