দাতব্য চিকিৎসালয়ে পুলিশ ফাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট কক্ষকে বানানো হয়েছে অস্ত্রাগার, হাজতখানা ও কার্যালয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙাচোরা। গাদাগাদি করে মুখোমুখি হয়ে বসেন পুলিশ সদস্যরা। জরাজীর্ণ পরিত্যক্ত একতলা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চাকরি করেন তাঁরা। এ চিত্র ফটিকছড়ি উপজেলার প্রবেশদ্বার নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির। উপজেলার দৌলতপুর ইউনিয়নের পুরোনো দাতব্য চিকিৎসালয়ের জীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে এই ফাঁড়ির কার্যক্রম। সেখানে অপরাধ দমনে নেই কোনো আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি। পুলিশ সদস্যদের রাতযাপনে থাকতে হয় গাদাগাদি করে এক বিছানায় তিনজন। বর্তমানে হাবিলদার ও নায়েকের তিনটি পদ খালি রয়েছে। অত্যাধুনিক বেতারযন্ত্র থাকলেও এটির কোনো পরিচালকও নেই।এ কারণে মহাসড়কে চলাচলরত যানবাহনের নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনাকবলিত যানবাহনের তাৎক্ষণিক অপসারণ, আহত ব্যক্তিদের হাসপাতালে প্রেরণ, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট দূর করা, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিহত করাসহ নানা ঝামেলা সামাল দিতে তাঁরা হিমশিম খান।অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি ছিল স্থানীয় ব্যক্তিদের। সে লক্ষ্যে ১৯৯৭ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার মো. আবদুর রউফ নাজিরহাট পুলিশ ফাঁড়িটি উদ্বোধন করেন। ২০০৭ সালে ফাঁড়িকে কুমিল্লা (পূর্বাঞ্চল) জোনে স্থানান্তর করে মহাসড়কে অপরাধ দমনের দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠার ১৩ বছর পরও ফাঁড়ির নিজস্ব কোনো ভবন হয়নি। ফাঁড়ির সেপাই অনেশ কান্তি বলেন, পরিত্যক্ত একটি টিনশেডের ভাঙাচোরা ঘরে গাদাগাদি করে এক বিছানায় দুই-তিনজন করে থাকতে হয়। রান্নাঘরেই ঘুমের বিছানা। নায়েক প্রিয় লাল চাকমা বলেন, ফাঁড়িতে গাড়ি রাখার নির্দিষ্ট কোনো স্থান নেই। অপরাধমূলক কর্মকাণ্ডে নিয়োজিত কোনো যানবাহন আটক করা হলে নাজিরহাট হাসপাতাল সড়কের পাশে অথবা দৌলতপুর ইউনিয়ন পরিষদের মাঠে রাখতে হয়।ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বশির উল্লাহ বলেন, অবকাঠামোগত সুবিধা না থাকায় টেনেটুনে কাজ চলছে। এখন ভবন তৈরির ৭৯ শতক ভূমি অধিগ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক থেকে প্রায় সোয়া এক কিলোমিটার দূরে মহাসড়ক পুলিশ ফাঁড়ির অবস্থান। এতে সড়কে চলাচল করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা কত যে কষ্টকর, তা ভুক্তভোগীরাই বুঝবেন। কক্ষের জরাজীর্ণ অবস্থার কারণে অস্ত্র ও গোলাবারুদ অরক্ষিত থাকে। বর্তমানে ফাঁড়িতে আছেন একজন উপপরিদর্শক (এসআই), একজন উপসহকারী পরিদর্শক (এএসআই) ও ১১ জন সেপাই। দুটি মোটর সাইকেলের একটি দীর্ঘদিন ধরে নষ্ট। একটি মাইক্রোবাস থাকলেও বিশাল এ উপজেলায় পুলিশি টহলের জন্য তা নিতান্তই অপ্রতুল। আরও দুটি মোটর সাইকেল ও একটি মাইক্রোবাস প্রয়োজন।হাইওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার কামাল (পূর্বাঞ্চল, কুমিল্লা) প্রথম আলোকে বলেন, শিগগির এ ফাঁড়ির নতুন ভবন তৈরি ও লোকবল বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।