দাতা বানরের জীবনদান!
পানির নিচে থাকতে থাকতে জীবনটা পানসে হয়ে উঠেছিল পুঁটি মাছটার। ডাঙা দেখার শখটাও তার অনেক দিনের। সেদিন সকালে পানির নিচের দুনিয়াটা আরও দুর্বিষহ হয়ে উঠল তার কাছে! স্কুলে গিয়েছিল প্রতিদিনকার মতোই। বিজ্ঞান স্যার গোঁফওয়ালা মাগুরের মেজাজ এমনিতেই তিরিক্ষি থাকে সব সময়। কিন্তু সেদিন ক্লাসে এসেই কেন জানি খাবি খেতে লাগলেন হাঁপানি-রোগীর মতো! মুখ হাঁ করে খাবি খেতে খেতে বললেন, ‘জলে আজ অক্সিজেনের বড্ড অভাব রে, তোরা বরং ঘরে ফিরে যা! পারলে লাফ-ঝাঁপ দিয়ে পানির ওপরে মাথা তুলে বুক ভরে শ্বাস নে।’ আর সবার মতো পুঁটির চোখ পটকা মাছের মতো হয়ে গেল। ‘ইয়াহু’ বলে যে-ই না চিৎকার করতে যাবে, অমনি সবাই টের পেল সত্যিই পানিতে অক্সিজেনের বড় অভাব। খাবি খেতে লাগল সবাই। জিনিসটা গুটি বসন্তের মতোই সংক্রামক, এক এক করে সবাই ছুটল স্কুলের বাইরে। অন্য দিন হলে পানির ওপরে লাফ-ঝাঁপের অপরাধে কানকো বরাবর এক-আধটা চড় লাগাতেন মা। কিন্তু আজকের বিষয় অন্য রকম। খাবি খেলেও পানির ওপরে পুঁটি লাফাতে লাগল মনের আনন্দে। আহা, কী আনন্দ আকাশে বাতাসে! কী সুন্দর আকাশ! আকাশের বুকে আবার পেট ফোলা ব্যাঙের মতো কালো কালো মেঘ। ঝিরিঝিরি বাতাসটা কী কোমল! পুঁটির আর আনন্দ ধরে না। নদীর পাড় ঘেঁষে সে লাফাতে লাগল শিস দিতে দিতে।২.শিস দিতে দিতে নদীর পাড় ধরে হাঁটছিল বেঁটে বানরটা। বানর-সমাজে তার সাংঘাতিক সুনাম। দুষ্টামিতে সে পিএইচডি করেছে ‘ইউনিভার্সিটি অব বানানা ট্রি’ থেকে। গবেষণার বিষয় ছিল ‘বৈশ্বিক কলা-সংকট ও বিকল্প খাদ্যসংস্থান’। হাঁটতে হাঁটতে নতুন এক গবেষণার বিষয় কেবল মাথায় উঁকি দিচ্ছিল তার। হঠাৎ চোখ আটকে গেল নদীর তীরে। ছোট্ট একটা পুঁটি মাছ মুখ হাঁ করে খাবি খাচ্ছে আর লাফিয়ে উঠছে পানির ওপর! পুঁটির পেছন পেছন কিছুদূর এগিয়ে গেল বেঁটে বানর। বিষয়টা তার কাছে গুরুতর মনে হলো! ‘হায় হায়! এই মাছ দেখি বাঁচবে না বেশিক্ষণ! বেচারা যেভাবে খাবি খাচ্ছে, মারা পড়বে কিছুক্ষণের মধ্যে!’ মনে মনে ভাবল সে। ভাবা শেষ, প্যান্ট গুটিয়ে পানিতে নেমে পড়ল সে। এক পা দুই পা করে সামনে গিয়ে একসময় খপ করে ধরে ফেলল পুঁটিকে। মাছটাকে মুঠোর ভেতর বন্দী করেই বেঁটে বানরের আকর্ণবিস্তৃত হাসি, ‘যাক, ব্যাটার জানটা এ যাত্রা বাঁচিয়ে দিলাম! ডাঙায় তুলে সেবা-শুশ্রূষা করলে নিশ্চয়ই আর খাবি খাবে না!’ ভাবতে ভাবতে পুঁটিকে নিয়ে বনের ভেতরে চলে গেল বেঁটে বানর। বনে ঢোকার মুখেই দেখা পেল চার-পাঁচটা বুড়ো বানরের। বুড়ো হলেও বাঁদরামিতে জুড়ি নেই এদের। বেঁটে বানরের হাতে একটা পুঁটি মাছকে তড়পাতে দেখে এগিয়ে এল তারা। বুড়ো বানরদের একজন আবার অতি-উৎসাহী, ‘আরে বেঁটে মিয়া, এই মাছ পেলে কোথায়? কী করবে এটা দিয়ে? আহা, কী সুন্দর তড়পাচ্ছে ব্যাটা!’ বাকি সবার চোখ চকচক করছে পুঁটির তড়পানো দেখে। বেঁটের মুখে ভারিক্কি হাসি, ‘হে হে, তোমরা তো এসব বুঝবে না বাছা! এই মাছ পানিতে খাবি খাচ্ছিল। তাই ওকে তুলে এনে জানে বাঁচিয়ে দিলাম। ব্যাটার কপাল ভালো, মোক্ষম সময়ে সেখানে হাজির হয়েছিলাম আমি।’ বুড়ো বানরেরা মাথা নাড়াতে নাড়াতে সম্মতি জানাল, ‘তা তো বটেই, তা তো বটেই! তুমি না থাকলে যে কী হতো মাছটার!’৩.কিছুই বুঝতে পারল না পুঁটি। আস্তে আস্তে সবকিছু ঘোলাটে হয়ে আসছে তার সামনে! খানিক আগেও যে আকাশ দেখে মুগ্ধ হয়েছিল সে, সেই আকাশের দিকে তাকিয়ে থাকতে পারছে না আর! বাতাসটা বড় দুর্বিষহ লাগছে। তার খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ‘ও বানর ভাই, আমি তো জলের প্রাণী, ডাঙায় তুলে এনে তো আমাকে বাঁচাতে পারবে না তুমি! দয়া করে আমাকে জলে ছেড়ে দাও, ভাই! দোহাই লাগে তোমার। জলে অক্সিজেনের অভাব তো বেশিক্ষণ থাকবে না! আমাকে জলেই ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই...!’ কিছুই বলতে পারল না পুঁটি। নদীতে থাকতে কোনো দিন টের পায়নি, তার চোখ দিয়েও জল গড়ায়! জলভরা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল সে। কানকোটা কাঁপছিল তিরতির করে। একসময় থেমে গেল কাঁপুনি। সবকিছু অন্ধকার!পুনশ্চ: পাঠক, গল্পের বানর আর পুঁটির সঙ্গে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছেন? বিশ্বের বাঘা বাঘা দাতাগোষ্ঠী যদি বানর হয়, তাহলে পুঁটি কারা? ধাঁধার উত্তর পাওয়া কঠিন হবে না নিশ্চয়ই! ভিনদেশি গল্পের ছায়া অবলম্বনে