দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি উখিয়ার জুমচাষিরা!
কক্সবাজারের উখিয়া উপজেলার আদিবাসী জুমচাষিদের প্রতিবছরই হাত পাততে হয় দাদন ব্যবসায়ীদের কাছে। কৃষি উপকরণ কেনার জন্য চড়া সুদে ঋণ নেওয়ার কারণে জুমের ফসলের চার ভাগের তিন ভাগই দিয়ে দিতে হয় এসব ব্যবসায়ীকে।আদিবাসী অধ্যুষিত কয়েকটি গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার পালংখালী ইউনিয়নের চাকমাপাড়া, তেলখোলা ও মুছারখোলা গ্রামের প্রায় ২২০ জন জুমচাষি দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে জুমচাষ করেন বলে জানালেন।মুছারখোলা গ্রামের বাসিন্দা পাদিকুমার চাকমা (৫৮) ও চৈইচং চাকমা (৫২) জানান, তাঁরা অনেক পরিশ্রম করে পাহাড়ে জুম চাষ করেন। সেই কষ্টের ফসল বিক্রি করে যা পান, তার বেশির ভাগই স্থানীয় দাদন ব্যবসায়ীরা নিয়ে যান। এঁদের মতো ভুক্তভোগী আরও কয়েকজন জুমচাষি জানান, তাঁরা মহাজনের কাছ থেকে চাষের মৌসুম শুরুর আগে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে চড়া সুদে টাকা ধার নেন। টাকা দেওয়ার সময় মহাজনেরা তাঁদের কাছ থেকে দেড় শ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর বা টিপসই নেন। চড়া সুদে টাকা নিয়ে জুমচাষিরা পাহাড়ে ধান, মরিচ, বেগুন, ভুট্টাসহ বিভিন্ন জাতের ফসলের আবাদ করেন। চার মাস পর ভাদ্র মাসে মহাজনকে আসলসহ দ্বিগুণ থেকে চারগুণ সুদ পরিশোধ করতে হয়। তাঁরা চার মাসের জন্য ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ধার নেন। স্থানীয় হেডম্যান লাইক্য চাকমা ও কারবারি সবিন্ন চাকমা জানান, তেলখোলার বেশ কয়েকজন দাদন ব্যবসায়ী চড়া সুদে ঋণ দেন জুমচাষিদের। সুদের টাকা দিতে না পারলে তাঁরা আদিবাসীদের আবাদি জমি কেড়ে নেন।জুমচাষি লিটন চাকমা ও মংকিউ চাকমা বলেন, ‘সরকারি ঋণদানকারী প্রতিষ্ঠান জুম চাষের সময় সহজ শর্তে চাষিদের ঋণ দিলে মহাজনের খপ্পরে পড়তে হতো না।’ এ ব্যাপারে কয়েকজন দাদন ব্যবসায়ীকে প্রশ্ন করলে তাঁরা জানান, জুমচাষিরা তাঁদের প্রয়োজনে চুক্তি করে সুদে টাকা নেন। তিন থেকে চার গুণ সুদ নেওয়ার কথা জানতে চাইলে তাঁরা বলেন, ‘এ নিয়ম ২০ থেকে ২৫ বছর ধরে চলে আসছে।’স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মানিক চাকমা জানান, মহাজনেরা জুমচাষিদের কাছ থেকে যথাসময়ে সুদের টাকা না পেলে তাঁদের ওপর শারীরিকভাবে নির্যাতন চালান। প্রতিবছর বিশেষ করে ভাদ্র-আশ্বিন মাসে এমন ঘটনা ঘটে।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘তেলখোলা ও মুছার খোলার দুই শতাধিক চাকমা পরিবার দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি। এ ব্যাপারে সরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।’উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিবছর জুমচাষিদের কাছ থেকে টাকা আদায় নিয়ে আদিবাসী পল্লিতে মারামারি এবং ঝগড়াঝাঁটি হয়। এ ব্যাপারে অনেক অভিযোগ থানায় আসে। হামলার ঘটনায় গত বছর তিনটি মামলাও হয়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘এলাকার কিছু দাদন ব্যবসায়ী সুযোগ বুঝে জুমচাষিদের ওপর জুলুম করে। বিষয়টি আমার জানা আছে। সরকারিভাবে জুমচাষিদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। এ ছাড়া দাদন ব্যবসায়ী মহাজনদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপও নেওয়া হবে।’