দাদনের ফাঁদে জুমচাষিরা
বাজারে এক মণ শুকনো হলুদের দাম আট থেকে ১০ হাজার টাকা। কিন্তু আদিবাসী জুমচাষিরা সেই হলুদের দাম পান মাত্র দুই হাজার টাকা। কারণ, দাদনের ফাঁদে পড়ে মহাজনের কাছে অসহায় আত্মসমর্পণ করে আগাম বিক্রি করে দিতে হয় ফসল। খাগড়াছড়ির দীঘিনালার আদিবাসী জুমিয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুম চাষ করতে গিয়ে আদিবাসীরা আর্থিক সংকটে পড়েন। আর এ সংকট কাটাতে দাদন নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আবার কোনো বছর জুমে ফসল ভালো না হলে দাদনের টাকা সময়মতো শোধ করতে না পারলে পরের বছর দ্বিগুণ অঙ্কে শোধ করতে হয়। মিলন কার্বারিপাড়ার জুমিয়া সুরেন্দ্রলাল ত্রিপুরা জানান, তিনি দুই একর পাহাড়ে জুম চাষ করেছেন। চাষের অর্থের জোগান দিতে গিয়ে তিনি এক দাদন ব্যবসায়ীর থেকে দুই হাজার টাকা দামে দুই মণ হলুদের আগাম টাকা নিয়েছেন। তাঁর মতে, ‘উপায় নেই, জুম করতে হলে দাদন নিতে হবেই। সুশাঙ্কর ত্রিপুরা নামের আরেক জুমিয়া জানান, হলুদের ওপর দাদন নেওয়ার সময় কে কী দামে নিচ্ছেন, তার ঠিক নেই। আমি দুই মণ হলুদের আগাম টাকা নিয়েছি দুই হাজার ৪০০ টাকা মণ দরে। দাদন ব্যবসায়ীকে যখন হলুদগুলো দিব তখন বাজারে হলুদের দাম থাকবে আট থেকে ১০ হাজার টাকা।’ মনোলাল ত্রিপুরা বলেন, ‘দুই হাজার টাকা দামে আমিও দুই মণের দাদন নিয়েছি। তা-ও শোধ করতে পারব কি না জানি না। কারণ ১০ মণ কাঁচা হলুদ শুকালে এক মণ শুকনো হলুদ হয়। এ বছর আমার জুমের ফলন তেমন ভালো হয়নি।’ জুমিয়ারা জানান, ফাল্গুন মাসের শেষ দিকে জুমের পাহাড় পরিষ্কার করে সেখানে আগুন লাগিয়ে জুম চাষের জন্য প্রস্তুত করা হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে ফসল রোপণ করা হয়। ফসল উঠে ভাদ্র-আশ্বিন মাসে। ফসল রোপণের সময় বীজ কেনাসহ নানা কাজে জুমিয়াদের অনেক টাকার প্রয়োজন হয়, তখন বাধ্য হয়ে তাঁরা দাদন ব্যবসায়ীদের পেছনে ছোটেন।নাম প্রকাশ না করার শর্তে এক দাদন ব্যবসায়ী বলেন, ‘আমি জুম চাষ করার সময় যে আগাম টাকাগুলো দিচ্ছি তা-ও আমার নিজের টাকা নয়। আরেকজন ব্যবসায়ীর কাছ থেকে আগাম টাকা এনে জুমিয়াদের দিয়ে থাকি। সে হিসাবে আমিও ন্যায্যমূল্য পাই না। আর আগাম টাকা যে উঠে আসবে তার ভরসাও নেই। এটা নির্ভর করে জুমের ফলনের ওপরে। ফলন ভালো না হলে আগাম টাকার ফসল এক বছর দুই বছরেও পাওয়া যায় না।’ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হতেন্দ্রলাল ত্রিপুরা বলেন, ‘এখানকার শতকরা ৮০ ভাগ আদিবাসী জুম চাষ করেন। জুম পাহাড়ের কোনো দলিল থাকে না। ব্যাংক থেকে ঋণ নিতে হলে অবশ্যই জমির দলিল লাগবে। এ জন্য তাঁরা ব্যাংক থেকে ঋণ পান না। ফলে বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীর কাছ থেকে তিন ভাগের এক ভাগ দামে ফসল বিক্রি করে আগাম টাকা নেন।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম বলেন, ‘জুমচাষিদের প্রয়োজনীয় দলিল না থাকায় তাঁদের ঋণ দেওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনীয় কাগজপত্র দিতে পারলে তাঁরাও ঋণ পাবেন।’