দাদির খায়েশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কোরবানির ঈদে বাবা একটি ফ্রিজ কিনেছেন। আমার দাদা বেঁচে নেই। দাদি আছেন। বলতে গেলে দাদির তিন কালের দুই কাল গত হয়ে গেছে। আমরা ভাইবোনেরা দাদির সঙ্গে খুবই মজা করি। যেদিন বাবা ফ্রিজ কিনে আনলেন, তখন দাদি বাবাকে জিজ্ঞেস করলেন, ‘এত বড় জিনিসটা কী?’বাবা বললেন, ‘এটা ফ্রিজ, মা।’দাদি বললেন, ‘এটা দিয়ে কী হয়?’বাবা বললেন, ‘এটাতে কোনো কিছু রাখলে তরতাজা এবং ভালো থাকে। অনেক টাকা দিয়ে এটা কিনেছি, মা।’ বলে বাবা ঘর থেকে বের হয়ে গেলেন। আমি লক্ষ করলাম, দাদি ফ্রিজটায় হাত দিয়ে চারপাশটা ছুঁয়ে ছুঁয়ে দেখছেন আর কী জানি ভাবছেন। দাদি বাবার কথা তেমন বুঝলেন না মনে হলো।দাদি আমাকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা দাদু ভাই, এত টাকা নষ্ট করে কী দরকার ছিল এটা কেনার?’ তখন শুরু হলো দাদির সঙ্গে আমার খেলা। দুষ্টুমি করে বললাম, ‘দাদি, এটা দিয়ে অনেক কিছু করা যায়।’ দাদি বললেন, ‘আর কী করা যায়?’ বললাম, ‘এটার ভেতর তুমি যা রাখবে তাই থাকবে। সহজে কোনো কিছু নষ্ট হয় না।’ দাদি বললেন, ‘তাহলে তুই এক কাজ কর, এখন তো শীতকাল, ঠান্ডা পানিতে আমার কষ্ট হয়। তোর মাকে বলবি বেশি করে গরম পানি করে এটার ভেতর রেখে দিতে। যাতে ঠান্ডা না হয়।’ আমার মুখে হাসি, ‘ঠিক আছে, দাদি, মাকে বলব। এটা দিয়ে আর একটা কাজও কিন্তু হয়। তুমি শুনলে অবাক হয়ে যাবে!’ দাদি খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন, ‘কী হয়?’‘এটাতে যদি দুই মিনিট বসে থাকো, তাহলে তুমি বুড়ি থেকে যুবতী হয়ে যাবে। অর্থাৎ বিয়ের আগে তুমি যেমন ছিলে, তেমনি হয়ে যাবে!’ দাদি তো অবাক! বললেন, ‘দাদু ভাই, সত্যি নাকি রে!’‘দাদি, একেবারে সত্যি।’ এদিকে কীভাবে জানি কথাগুলো মায়ের কানে চলে গেল। মা আমাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিলেন। দাদিকে বললেন, ‘মা, আপনি ফাজিলটার কথা বিশ্বাস করবেন না।’ বলে মা-ও চলে গেলেন। এবার দাদি যেন আমায় ছাড়ছেনই না, ‘বল না দাদু ভাই, আমি কি আবার তোর দাদার বিয়ের আগে যেমন ছিলাম, তেমন হব?’ আমি বললাম, ‘বিরক্ত কোরো না তো! বিশ্বাস না হয় ঢুকেই দেখো না!’ দাদির মুখ উজ্জ্বল, ‘ঠিক আছে ভাই, তুই আমাকে এটারভেতর ঢুকিয়ে দে। তোর মা-বাবা যেন না জানে!’ ‘তবে একটা শর্ত আছে।’ দাদি বললেন, ‘তুই যে শর্তই দিবি আমি মেনে নিলাম, যা।’‘যদি তুমি যুবতী হয়ে যাও, তাহলে আমাকে বিয়ে করতে হবে।’ আমার কথা শুনে দাদি ‘যাহ্’ বলে লজ্জায় মুখটা যেন লুকিয়ে ফেললেন। মানে রাজি। কিছুক্ষণ পর বাবা এলে মা তাকে সব বললেন! আমাকে আর পায় কোথায়! এক দৌড়ে পুকুরে। বাবা যে সাঁতার কাটতে জানেন না!  জহির উদ্দীন লস্করলোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।