দাদির পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দাদিকে খুব মনে পড়ছে। সেবার ঈদে আব্বা-আম্মা নেই, হজ করতে গেছেন। তাই অন্য কোনো ভাইবোন বাড়ি যাবে না। আমিও ঠিক করলাম বাড়ি যাব না। হঠাৎ দাদির কথা মনে পড়ল, ফোন করলাম। দাদি বলল, আয়, একসঙ্গে ঈদ করি। আমিও রাজি হলাম। রাস্তায় যেতে যেতে মেয়েকে আমার দাদির গল্প বলছিলাম। সন্ধ্যায় পৌঁছালাম। মেয়ে কোল থেকে নেমেই বলল, তোমার দাদি দেখতে এমন কেন, চুলগুলো সাদা, কোমর বাঁকা করে হাঁটছে। আমার দাদি শুধু হেসে বলল, আমার যে বয়স হয়েছে। সে চেঁচাতে লাগল, তোমার দাদি দেখতে পচা, আমার দাদি সুন্দর। আমি ওর পুতুল বের করে দিলাম, ও খেলতে লাগল। একটু পর দেখি দাদির সঙ্গে মিল হয়ে গেছে, দুজনে মিলে খেলছে। দাদির চোখে বিস্ময়, এত সুন্দর পুতুল, বুকে চাপ দিলে কাঁদে আবার হাসে। দাদি একা একাই বাচ্চা মেয়ের মতো শুয়ে শুয়ে পুতুল নিয়ে খেলতে লাগল। মনে মনে ঠিক করলাম, এর পরের ঈদে দাদির জন্য এর চেয়ে সুন্দর পুতুল আনব, যেটা ছড়া বলে আর হাঁটে।
এর পরের ঈদে দেখি, দাদি নিজেই পুতুলের মতো শুয়ে আছে, কথা বলতে পারছে না, হাত নাড়ায়, মাঝে মাঝে কথা বলে। আমি সত্যিই পুতুলটা এনেছিলাম। কিন্তু ওটা দেখানোর মতো অবস্থা নেই। ঈদ শেষ করে ঢাকায় ফিরলাম। মাঝে মাঝে ফোনে দাদির খোঁজ নিতাম।
১৮ মার্চ রাত ১২টায় বাড়ি থেকে ফোন এল। বুকটা কেঁপে উঠল। পরদিন বাড়ি পৌঁছে দেখি, দাদি একেবারেই চিরতরে পুতুলের মতো নিশ্চল হয়ে গেছে। এবার প্রথম ঈদ গেল দাদিকে ছাড়া। ঈদে সবাই নতুন জামা পরেছি। শুধু পুতুল হাতে দাদির হাসিটা দেখা হলো না।
উম্মে বুশরা
সিনিয়র প্রভাষক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি