দাদির বুদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। গ্রীষ্মের ছুটি, অনেক দিন বাড়িতে কাটাতে পারব ভেবে খুব আনন্দ লাগছে। দাদির জন্য কুমিল্লার বিখ্যাত রসমালাই কিনলাম। তিনি রসমালাই খুব পছন্দ করেন। আমার দাদির বয়স প্রায় ৯০। খুব একটা চলাফেরা করতে পারেন না। আমাকে খুব ভালোবাসেন। আমার জন্য তাঁর অধীর অপেক্ষা। ফোন করলেই বলেন, ‘ভাই, তুই কবে আইবি?’ বাড়িতে গিয়ে সারা দিন ঘোরাঘুরি করলাম। সারা বিকেল খেলাধুলা করলাম। সন্ধ্যায় ক্লান্ত অবস্থায় দাদির পাশে বসে রেস্ট নিচ্ছিলাম। আর মুঠোফোনে গেমস খেলতে থাকলাম। হঠাৎ খুব চিরচেনা একটা ঘটনা ঘটল যা নিত্য দিনই ঘটে থাকে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেল। আমি মুঠোফোনে গেমস নিয়ে মগ্ন হয়ে পড়লাম। হঠাৎ তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। মনে করলাম বুঝি বিদ্যুৎ চলে এসেছে। কিন্তু না, তখন বিদ্যুৎ আসেনি। আমার দাদি চার্জলাইট জ্বালিয়ে মুঠেফোনের পর্দার সামনে ধরেছেন। আমি দাদিকে জিজ্ঞাসা করলাম, ‘এভাবে লাইট ধরলে কেন, দাদি?’ তিনি বললেন, ‘তুই তো মোবাইল চালাচ্ছিস, অন্ধকারে না দেখে কীভাবে চালাবি! তাই লাইটটা একটু ধরলাম।’ এনামুল হাসানকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা।